
(১ম পর্ব)
১৯৮০-এর দশকে পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে শান্তি বাহিনীর যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে, তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল ও আলীকদম–লামা এলাকার সংঘাত। এই সংঘাতের ইতিহাসে শান্তিবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় ম্রো জনগোষ্ঠীর ভূমিকা বিশেষভাবে আলোচনার দাবি রাখে। এ সময় ম্রোদের একাংশ নিজেদের নিরাপত্তা ও বসতি রক্ষার তাগিদে শান্তিবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে যুক্ত হয়। পরবর্তী সময়ে এই প্রতিরোধ সংগঠিত রূপ পায় ‘ম্রো বাহিনী’ নামে।
ম্রো বাহিনীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মাতামুহুরী অঞ্চলের রাজনৈতিক সংঘাত, স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা, সেনাবাহিনীর সঙ্গে ম্রোদের সম্পর্ক, জনবসতির স্থানান্তর এবং সংঘাত-পরবর্তী সামাজিক পরিবর্তনের ইতিহাস।
মমতাজ উদ্দিন আহমদের পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি (২০১১) গ্রন্থ এবং নৃবিজ্ঞানী খাইরুল চৌধুরীর ২০১৪ সালের গবেষণা The Making of Political Forests in the Chittagong Hill Tracts, Bangladesh: The State, Development and Indigeneity-তে ম্রো বাহিনী নিয়ে তথ্য উঠে এসছে। এতে স্থানীয় অভিজ্ঞতা ও লেখকের সংগৃহীত বিবরণ, মাঠগবেষণা, সাক্ষাৎকার, সরকারি নথি ও ঐতিহাসিক বিশ্লেষণের সমন্বয় রয়েছে।
সংঘাতের পটভূমি: আলীকদম–লামা অঞ্চলে শান্তিবাহিনীর প্রভাব
১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির রাজনৈতিক দাবিদাওয়ার সঙ্গে রাষ্ট্রের বিরোধ ক্রমে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। পরবর্তী সময়ে পিসিজেএসএসের সশস্ত্র শাখা শান্তিবাহিনী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে।
আলীকদম ও লামা অঞ্চলেও শান্তিবাহিনীর উপস্থিতি বিস্তৃত হয়। স্থানীয় পর্যায়ে তাদের প্রভাব, চলাচল এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও স্মৃতি রয়েছে। আশির দশকে লামা–আলীকদম এলাকা শান্তিবাহিনীর শক্তিশালী অবস্থান হিসেবে পরিচিত ছিল। স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর ওপর ভয়ভীতি, নির্যাতন, হত্যা, লুণ্ঠন ও চাঁদাবাজির কারণে স্থানীদের ত্রাহি অবস্থা ছিল।
১৯৮২ সালে জনসংহতি সমিতির অভ্যন্তরীণ বিরোধ সশস্ত্র সংঘাতে রূপ নেয়। ১৯৮৩ সালের নভেম্বরে মানবেন্দ্র নারায়ণ লারমা নিহত হন। ১৯৮৪ সালের শুরুতে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার নেতৃত্বাধীন পক্ষ সশস্ত্র আন্দোলনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই অভ্যন্তরীণ বিভক্তির প্রভাব দক্ষিণ বান্দরবানেও পড়ে। দক্ষিণাঞ্চলে শান্তিবাহিনীর একটি অংশ বিদ্রোহী পক্ষের সমর্থক ছিল এবং পরে সেই পক্ষের সদস্যদের একটি অংশ সরকারের কাছে আত্মসমর্পণ করে। এই বিভক্তি মাতামুহুরী অঞ্চলের সংঘাতকে আরও জটিল করে তোলে।
৩. মাতামুহুরী যুদ্ধ ও ম্রোদের সশস্ত্র প্রতিরোধ
ম্রোদের প্রতিরোধের পেছনে নিরাপত্তাহীনতা ও স্থানীয় অভিজ্ঞতার ভূমিকা ছিল। শান্তিবাহিনীর দাবি পূরণ করতে না পারলে ম্রোদের তারা নির্যাতন করতে থাকে। এই পরিস্থিতিতে ম্রোদের একাংশ নিজেদের পরিবার, বসতি ও সামাজিক নিরাপত্তা রক্ষার জন্য প্রতিরোধের পথ বেছে নেয়।
কোনো জনগোষ্ঠীর রাজনৈতিক বা সামরিক অবস্থানকে তার প্রতিটি সদস্যের অভিন্ন অবস্থান হিসেবে দেখা ইতিহাসের পদ্ধতিগত ভুল। তাই সব ম্রোরা প্রতিরোধে অংশগ্রহণ কিংবা সমর্থন দিয়েছিল তা বলা যায় না। তবে ম্রোদের একটি উল্লেখযোগ্য অংশ এ সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিল।
৪. ১৯৮৫ সালের প্রথম আক্রমণ: লংরা পাড়ার ঘটনা
‘পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি’ গ্রন্থের তথ্যমতে, ১৯৮৫ সালে ম্রোদের প্রথম সংগঠিত আক্রমণের একটি নির্দিষ্ট ঘটনার বিবরণ পাওয়া যায় । আলীকদমের মাতামুহুরী রিজার্ভের কচ্ছইপ্যা মুখের কাছে লংরা পাড়ার ঝিরিতে শান্তিবাহিনীর একটি অস্থায়ী অবস্থান ছিল বলে গ্রন্থে উল্লেখ করা হয়েছে।
একদিন গভীর রাতে মেনলে ম্রোর নেতৃত্বে একদল ম্রো সদস্য দা, কুড়াল, লাঠিসোঁটা ও গাদা বন্দুক নিয়ে আকস্মিক আক্রমণ চালায়। গ্রন্থের বিবরণ অনুযায়ী, আক্রমণের আকস্মিকতায় শান্তিবাহিনীর সদস্যরা বিচলিত হয়ে পড়ে। মেনলের নেতৃত্বাধীন দলটি তাদের অবস্থান দখল করতে সক্ষম হয়।
এই অভিযানে ম্রোরা একটি রাইফেল, দুটি এসএলআর, একটি এলএমজি এবং ৭৫০টি গুলি উদ্ধার করে। এ ছাড়া প্রায় পাঁচ থেকে ছয় মণ চাল পাওয়া যায় বলে গ্রন্থে উল্লেখ রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনাটি ম্রোদের পরবর্তী প্রতিরোধকে শক্তিশালী করে এবং সংগঠিত হওয়ার ক্ষেত্রে উৎসাহ জোগায়।
তবে বইটির বিবরণে ঘটনাটির সাল উল্লেখ থাকলেও সুনির্দিষ্ট দিন-তারিখ পাওয়া যায়নি। গ্রন্থটি রচনার সময়ে আমি অভিযানে নেতৃত্ব দানকারী মেনলে মুরুংয়ের সাথে কথা বলেও তাঁর কাছে সুনির্দ্ধিষ্ট তারিখটি পাইনি।
৫. ম্রো বাহিনীর আনুষ্ঠানিক গঠন ও প্রাথমিক নেতৃত্ব
লংরা পাড়ার অভিযানের পর ম্রোদের মধ্যে সংগঠিত প্রতিরোধের প্রয়োজনীয়তা বাড়তে থাকে। নিজেদের নিরাপত্তা এবং মা-বোনদের সম্মান রক্ষার উদ্দেশ্যে ম্রোরা ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নেয়। তাদের এই উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তা ছিল।
১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে আলীকদম সদরে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী দল হিসেবে ‘ম্রো বাহিনী’ গঠিত হয়। তাদের প্রথম পোশাক ছিল লাল রঙের। এ কারণে স্থানীয়ভাবে তারা ‘লাল বাহিনী’ বা ‘গরম বাহিনী’ নামেও পরিচিতি পায়।
ম্রো বাহিনী গঠনের প্রাথমিক পর্যায়ে যাঁরা নেতৃত্ব ও সংগঠনের কাজে যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে যাঁদের নাম পাওয়া যায় তাঁরা হলেন: মেনলে ম্রো, দুক্কা ম্রো, মেননাও ম্রো, আনাচরণ ত্রিপুরা, পাখি মগ, রেনক্রি ম্রো, প্রেনএ ম্রো, হমকাম ম্রো, মেনরাই ম্রো, পারাও ম্রো (বলি), রেংচু ম্রো, বোলাই ম্রো, লাংগি কমান্ডার, রাংক্লাং ম্রো, তলক ম্রো, চমবট ম্রো, সেকসে ম্রো ও মারুম ম্রো প্রমুখ। পরবর্তী সময়ে ম্রো বাহিনীর সদস্যরা সরকার-স্বীকৃত আনসার-ভিডিপিতে স্বেচ্ছায় যোগ দেন।
খাইরুল চৌধুরী তাঁর গবেষণায় ম্রো বাহিনীকে সেনাবাহিনীর সহযোগী একটি আধাসামরিক শক্তি হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, ম্রোদের একটি অংশ সেনাবাহিনীর পক্ষে অবস্থান নেয় এবং ম্রো বাহিনী গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) অংশ হিসেবে কাজ করে।
ম্রো বাহিনীর উদ্দেশ্য ও সাংগঠনিক লক্ষ্য
‘পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি’ গ্রন্থে ম্রো বাহিনীর গঠন-উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে একটি বিস্তৃত তালিকা রয়েছে। সেগুলোর মধ্যে কয়েকটি প্রধান বিষয় হলো:
এই লক্ষ্যগুলো থেকে বোঝা যায়, ম্রো বাহিনীর ঘোষিত ভূমিকা সশস্ত্র প্রতিরোধের মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নও তাদের কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল।
৭. সেনাবাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা
লামা-আলীকদমে শান্তি স্থাপনের জন্য ম্রো বাহিনী গঠনের ক্ষেত্রে সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা ছিল। তৎকালীন ৩য় বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ জাহান মিয়া, উপ-অধিনায়ক এ টি এম জহিরুল আলম এবং লামা সাব-জোনের তৎকালীন কমান্ডার এস এম গোলাম রব্বানীর এ বাহিনীকে সংগঠিত করতে সহায়তা করেন।
এছাড়াও স্থানীয় পর্যায়ে লামা ও আলীকদমের কয়েকজন জনপ্রতিনিধি, সাংবাদিক এবং মৌজা হেডম্যানের ভূমিকা ছিল। তাঁদের মধ্যে ছিলেন আলীকদমের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু জাফর, আলীকদম সদর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আলীমুদ্দিন, সাংবাদিক রুহুল আমিন, লামার সাবেক জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজকর্মীরা। পাশাপাশি ২৮৮ নম্বর আলীকদম, ২৯২ নম্বর চাইপ্রা, ২৮৭ নম্বর তৈন এবং ২৮৯ নম্বর চৈক্ষ্যং মৌজার কয়েকজন মারমা হেডম্যানের অবদানের কথাও উল্লেখযোগ্য।
৮. ১৯৮৪–৮৬: ‘শান্তির জনপদ’ ঘোষণা ও সংঘাতের অবসানের দাবি
সামরিক ও বেসামরিক প্রশাসনের সহযোগিতায় লামা–আলীকদমকে শান্তিবাহিনী ও সন্ত্রাসমুক্ত ‘শান্তির জনপদ’ হিসেবে ঘোষণা করেন তৎকালীন ৩য় বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ জাহান মিয়া। তবে এ বিষয়ে কোনো সামরিক আদেশ, সংবাদ প্রতিবেদন বা সরকারি নথি পাওয়া না গেলেও সাংবাদিক রুহুল আমিন বিষয়টি তাঁর অনুস্মৃতি থেকে নিশ্চিত করেন।
(আগামীকাল শেষ পর্ব)
✍️ লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।
মোবাইল: 01556-560126 / 01645-950296
তারিখ: ২০/১১/202৬ খিষ্টাব্দ।
আপনার মতামত লিখুন :