১৭৯৮ সালে ফ্রান্সিস বুকাননের চোখে মাতামুহুরী নদী: পাহাড়, জনপদ ও জীবন


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন / ০
১৭৯৮ সালে ফ্রান্সিস বুকাননের চোখে মাতামুহুরী নদী: পাহাড়, জনপদ ও জীবন

✍️ মমতাজ উদ্দিন আহমদ

(প্রথম পর্ব)

১৭৯৮ সাল। দক্ষিণ-পূর্ব বাংলার ভূপ্রকৃতি, উদ্ভিদ, কৃষি, বাণিজ্য ও জনজীবন সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এক দীর্ঘ ভ্রমণে বেরিয়েছেন ফ্রান্সিস বুকানন। তাঁর যাত্রাপথ চট্টগ্রামের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়। এই ভ্রমণের এক পর্যায়ে তিনি পৌঁছান মাতামুহুরী নদীর তীরে। নদীটির নাম তিনি লিখেছেন Mamooree অথবা Moree। আজকের মাতামুহুরী নদীকে আঠারো শতকের চোখে দেখার এক বিরল সুযোগ তৈরি হয়েছে তাঁর সেই ভ্রমণবৃত্তান্তে।

বুকাননের বিবরণে মাতামুহুরী নদীটির সঙ্গে জড়িয়ে আছে পাহাড়, উপত্যকা, ছড়া, কৃষিজমি, নৌপথ, বাজার, জনবসতি এবং পাহাড়ি মানুষের জীবনযাত্রা। কোথাও তিনি নিজের চোখে দেখা ভূপ্রকৃতির কথা লিখেছেন। কোথাও স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছেন নদীর উৎস, গতিপথ ও দূরবর্তী জনপদের কথা। আবার কোথাও তাঁর তথ্যদাতাদের বক্তব্যের মধ্যে মতভেদও লক্ষ করেছেন। ফলে এই বিবরণ একই সঙ্গে ভ্রমণদিনলিপি, প্রাকৃতিক ইতিহাসের দলিল এবং একটি নদীকেন্দ্রিক জনপদের আঠারো শতকের স্মারক।

নদীর কাছে পৌঁছানোর দিন

বুকানন যখন মাতামুহুরীর তীরে পৌঁছান, তখন নদীটি তাঁর কাছে ছিল এক নতুন ভূদৃশ্য। তিনি লিখেছেন, নিচু পাহাড়ের সারি অতিক্রম করে নদীটির দেখা মেলে। সেখানে নদী দক্ষিণ দিকে বাঁক নিয়েছে। তার আগে কিছুদূর পশ্চিমমুখী হয়ে পাহাড়ের পাদদেশ ঘেঁষে প্রবাহিত হয়েছে। ওই স্থানে নদীর প্রস্থ তাঁর হিসাবে প্রায় একশ গজ। পানি ছিল কিছুটা ঘোলা।

নদীর এক পাশ দিয়ে এগোতে গিয়ে কখনো নিচু পাহাড়কে তীরের কাছাকাছি নেমে আসতে দেখেছেন, কখনো চোখের সামনে খুলে গেছে বিস্তৃত সমতল মাঠ। মাঠগুলোর মাটি তাঁর কাছে উর্বর মনে হয়েছে। কোথাও ভূমি নদীর দিকে ঢালু হয়ে নেমেছে। এসব জমিতে মসলা জাতীয় ফসল চাষের সম্ভাবনাও তিনি লক্ষ করেন।

এই বিবরণে একটি গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ধরা পড়ে। মাতামুহুরীর নিম্ন অববাহিকায় পাহাড় ও সমতল ভূমি পাশাপাশি অবস্থান করছিল। নদীর তীরবর্তী অঞ্চলে কৃষির উপযোগী জমি ছিল। আবার পাহাড়ের পাদদেশে ছিল বনভূমি ও প্রাকৃতিক জলপ্রবাহ। এই বৈচিত্র্যই নদীটিকে একটি স্বতন্ত্র ভূপ্রাকৃতিক চরিত্র দিয়েছিল।

দুডুস্তি খাঁর হাট: নদী ও বাণিজ্যের সংযোগ

নদীর তীর ধরে প্রায় তিন মাইল এগিয়ে বুকানন পৌঁছান দুডুস্তি খাঁর হাটে। তাঁর বিবরণে এটি ছিল চকরিয়া অঞ্চলের প্রধান স্থান। এখানে নদীর চেহারা তাঁর কাছে আরও মনোরম হয়ে ওঠে। পানি ছিল মিঠা ও স্বচ্ছ। নদীর তলদেশ বালুময়। স্রোত ছিল মৃদু এবং পানির গভীরতা তুলনামূলক কম। নদীর তীরে একটি আমবাগানে তিনি তাঁবু স্থাপন করেন।

এই অংশে নদীর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের একটি দৃশ্যও পাওয়া যায়। বুকানন বিপুলসংখ্যক বাঁশের ভেলা দেখতে পান। সেগুলোতে বোঝাই ছিল ছাউনি তৈরির ঘাস। পাহাড়ি জুমিয়া অঞ্চল থেকে নদীপথে এসব ঘাস ভাটির দিকে আনা হচ্ছিল। অর্থাৎ নদীটি তখন শুধু স্থানীয় মানুষের যাতায়াতের পথ ছিল না; পাহাড়ের বনজ ও কৃষিজ সম্পদ সমতলের বাজারে পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।

নদীর দুই তীরের অর্থনৈতিক সম্পর্ক এই ছোট্ট পর্যবেক্ষণেই স্পষ্ট হয়ে ওঠে। পাহাড় থেকে আসত ঘাস ও অন্যান্য পণ্য। নদীপথে সেগুলো পৌঁছাত সমতলের জনপদে। নদী এখানে পাহাড় ও সমতলের মধ্যে জীবিকার সেতু।

জোয়ারের জল, নৌকা ও উজানের পথ

মাতামুহুরীর নৌচলাচল সম্পর্কে বুকানন স্থানীয় এক বাঙালি ব্যবসায়ীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। ওই ব্যক্তি নিয়মিত নদীপথে জুমিয়া ও মুরুং জনগোষ্ঠীর বসতিতে বাণিজ্যের জন্য যাতায়াত করতেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জোয়ারের পানি মানিকপুরের সামান্য ওপরে পর্যন্ত পৌঁছাত। এর পরেও কয়েক দিনের পথ নৌকা টেনে নেওয়া সম্ভব ছিল। কোথাও কোথাও যাত্রীরা নদীর চ্যানেলের ভেতর দিয়ে হেঁটে চলতেন। পাহাড় থেকে ছোট ছোট ছড়া এসে নদীতে মিশত। এসব জলধারা নদীর অববাহিকাকে আরও বিস্তৃত করেছিল।

বুকাননের বিবরণে নৌযাত্রার সীমাবদ্ধতাও উঠে এসেছে। নুন্দু পোমাংয়ের বসতি পর্যন্ত নৌকা চলাচল করতে পারত। সেখান থেকে মানিকপুর ও দুডুস্তি খাঁর হাটের মধ্যে এক দিনে যাওয়া-আসা সম্ভব ছিল বলে তিনি উল্লেখ করেন। কিন্তু উজানে উঠতে থাকলে নৌপথ ক্রমশ কঠিন হয়ে পড়ত।

আরও উজানে নদীর তলদেশ পাথুরে হয়ে উঠেছিল। নৌচলাচল সেখানে সহজ ছিল না। স্থানীয় সূত্রে বুকানন জানতে পারেন, নদীটি একপর্যায়ে মুইনমোরা বা মুইন পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নেমে এসেছে। এই তথ্যের মধ্য দিয়ে মাতামুহুরীর উজানের দুর্গম পাহাড়ি চরিত্রের একটি ধারণা পাওয়া যায়।

সীতাপাহাড়ের উপত্যকা ও পাহাড়ি জলধারা

বুকাননের বিবরণে মাতামুহুরী অববাহিকার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর একটি হলো সীতাপাহাড়ের জলপ্রবাহ ও উপত্যকার বিস্তার। পাহাড়ের বিভিন্ন দিক থেকে অসংখ্য ছোট ছড়া ও জলধারা নেমে এসেছে। এগুলোর কোনো কোনোটি শুষ্ক মৌসুমেও পানি বহন করত। অন্যগুলো গ্রীষ্মকালে শুকিয়ে যেত।

তিনি লক্ষ করেন, পাহাড়ি উপত্যকাগুলোর কোনো কোনোটি সরু, আবার কোথাও পাহাড়ের মাঝখানে অপেক্ষাকৃত প্রশস্ত সমতল ভূমি রয়েছে। এসব উপত্যকায় জুমিয়া ও মুরুং জনগোষ্ঠীর বসতি ছিল। কোনো গ্রামে দশটি, কোনো গ্রামে চল্লিশটি পর্যন্ত বাড়ি দেখা যেত। প্রতিটি বসতির নিজস্ব প্রধান ছিল।

নদীর সঙ্গে পাহাড়ি জনবসতির সম্পর্ক এখানে বিশেষভাবে লক্ষণীয়। ছড়া ও নদীর পানি মানুষের দৈনন্দিন জীবন, কৃষিকাজ ও বসতির অবস্থান নির্ধারণে ভূমিকা রাখত। পাহাড়ের ঢাল, উপত্যকার উর্বর মাটি এবং জলপ্রবাহের নৈকট্য সব মিলিয়ে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র জনবসতি-ব্যবস্থা।

নদীর উৎস ও উপনদী:

মাতামুহুরীর উৎস সম্পর্কে বুকানন দুটি পৃথক বিবরণ লিপিবদ্ধ করেছেন। এ তথ্যগুলো তাঁর ভ্রমণবৃত্তান্তের গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এতে নদীটির উৎস ও উজানের ভূপ্রকৃতি সম্পর্কে স্থানীয় মানুষের ধারণা যেমন পাওয়া যায়, তেমনি একই বিষয়ে ভিন্নমতের অস্তিত্বও বোঝা যায়।

অং-ঘিও-সে তাম-মাং নামের এক পাহাড়ি প্রধানের কাছ থেকে বুকানন একটি লিখিত বিবরণ পান। সেখানে বলা হয়, মাতামুহুরীর উৎপত্তি ক্রেইনডান(Kreindan) নামের একটি পাহাড়ে। সেই পাহাড়ের ওপারে জেইং-ডান(Zeing-dan) নামে আরেকটি নদী রয়েছে। তার তীরবর্তী অঞ্চলে রাখাইনদের বসতি আছে বলে তথ্যদাতা জানান।

অন্যদিকে, বুকাননের সঙ্গে থাকা কয়েকজন মুসলমান গাইডের বক্তব্য ছিল, মাতামুহুরী, বাকখালী ও নাফ এই তিনটি নদীর উৎস মুইনমোরা পাহাড়ের পশ্চিম ঢালে। তাঁদের দেওয়া তথ্যের সঙ্গে অং-ঘিও-সের বিবরণের মিল ছিল না।

বুকানন এই মতভেদ উপেক্ষা করেননি। তিনি তথ্যদাতাদের বক্তব্য তুলনা করেছেন এবং কয়েকটি ক্ষেত্রে মুসলমান গাইডদের তথ্যকে বেশি গ্রহণযোগ্য মনে করেছেন। তবে তাঁর বিবরণ থেকে নদীর উৎস সম্পর্কে আজকের মানচিত্রভিত্তিক কিছুটা পার্থক্য দেখা যায়। তবে বুকাননের বর্ণনায় আঠারো শতকের শেষভাগে মাতামুহুরীর উজান সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে কী ধরনের ভৌগোলিক ধারণা প্রচলিত ছিল তা জানা যায়।

বুকানন অং-ঘিও-সের কাছ থেকে মাতামুহুরী অববাহিকার কয়েকটি ছড়া ও জলধারার নামও সংগ্রহ করেন। তাঁর নথিতে Yaung-sa  (ইয়াউংসা), Be-su-re  (বেসুরে), Baung-ngu (বাউংঙ্গু), Ra-me  (রামে) ও La-mah-ya-Kiaung (লামাহইয়াউং) নামগুলো পাওয়া যায়। এগুলোর কোনোটি পাহাড়ের উত্তর ঢাল থেকে, কোনোটি দক্ষিণ ঢাল থেকে নেমে এসেছে বলে তিনি উল্লেখ করেন। কয়েকটি জলধারা আবার অন্য নদীতে গিয়ে মিশেছে।

বর্তমানে ইয়াংছা খালের সাথে একটি নামে মিল আছে। অন্য নামগুলো উচ্চারণের পরিবর্তন, স্থানীয় ভাষার রূপান্তর এবং ঔপনিবেশিক লেখকের শ্রুতিলিখনের কারণে ভিন্নভাবে বুকানন ভ্রমণ কাহিনিতে নথিভুক্ত করেন।

✍️ লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।