চংপাউয়ের কাহিনি: প্রেম, মৃত্যু ও ম্রো লোকবিশ্বাসের এক রহস্যময় আখ্যান


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন / ০
চংপাউয়ের কাহিনি: প্রেম, মৃত্যু ও ম্রো লোকবিশ্বাসের এক রহস্যময় আখ্যান

✍️মমতাজ উদ্দিন আহমদ

লোককথায় ধরা পড়ে মানুষের বিশ্বাস, ভয়, ভালোবাসা, সামাজিক সম্পর্ক এবং জীবন-মৃত্যু সম্পর্কে তার নিজস্ব উপলব্ধি। পাহাড়ের আদিম অরণ্য, ঝরনা, নদী ও জনপদের সঙ্গে বেড়ে ওঠা ম্রো জনগোষ্ঠীর লোকসাহিত্যেও এমন অনেক আখ্যান ছড়িয়ে আছে। লরেঞ্জ জি. লফলার তাঁর Ethnographic Notes on the Mru and Khumi of the Chittagong and Arakan Hill Tracts গ্রন্থে এমনই একটি কাহিনি সংরক্ষণ করেছেন। ‘Chongpau malaa cia’, অর্থাৎ ‘চংপাউয়ের কাহিনি’। কথক ছিলেন ক্লাংওয়াই আতওয়াং।

চংপাউ ও ওয়েকেক দুই বান্ধবী। তাদের জীবন আবর্তিত হয় পাহাড়ি জনপদের স্বাভাবিক সামাজিক পরিবেশে। একদিন চংপাউয়ের ভাই একটি গবাদিপশুর ভোজের আয়োজন করেন। উৎসবের জন্য তৈরি হয় ঘেরাও করা প্রাঙ্গণ। চারদিকে সাজানো হয় রঙিন ঝালর। দুই বান্ধবী জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে জলাশয়ের কাছে পৌঁছায়। সেখানে তারা স্নান করার এবং ভাগ্য গণনার একটি লোকাচার পালনের সিদ্ধান্ত নেয়। তাদের জানার আগ্রহ সন্ধ্যার ভোজে মা-বাবা তাদের নতুন পোশাক উপহার দেবেন কি না।

দুই বান্ধবী ঝুড়ি মাটিতে নামিয়ে তার শব্দ শুনে শুভাশুভের লক্ষণ নির্ণয় করে। ওয়েকেকের ঝুড়ি মাটিতে পড়তেই একটি স্পষ্ট শব্দ হয়। সে মনে করে, এটি শুভ লক্ষণ। তার নতুন পোশাক পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু চংপাউয়ের ঝুড়ি মাটিতে পড়ার শব্দ হয় ভাঙা বাঁশের মতো। সে ধরে নেয়, তার ভাগ্যে নতুন পোশাক নেই। ঝুড়ি মাটিতে পড়ার শব্দের তারতম্যে তাদের মনে আনন্দ ও বিষাদের পৃথক অনুভূতি হয়।

সন্ধ্যা নামে। উৎসব শুরু হয়। চারদিকে নাচের আয়োজন। বাদ্যধ্বনি, গং, প্লুং বাঁশি, লাউয়ের খোল দিয়ে তৈরি বাদ্যযন্ত্র এবং সম্মিলিত গানের সুরে মুখর হয়ে ওঠে পাহাড়ি পল্লী। ওয়েকেক আনন্দের সঙ্গে নাচে যোগ দেয়। কিন্তু চংপাউ যেতে পারে না। তাকে রান্নার কাজ শেষ করতে হবে। ‘মাই-ফুম’ নামের একটি খাবার তখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। আগুন জ্বালিয়ে রাখার জন্য ব্যবহৃত কলাগাছের কাণ্ডটিও তখনো পুড়ে শেষ হয়নি। সে ঘরের ভেতর মা-বাবার মাঝখানে বসে থাকে। একদিকে পিতা, অন্যদিকে মাতা।

ওয়েকেক বারবার তাকে নাচের আসরে ডাকে। কিন্তু রান্নার কাজ শেষ হয় না। রাত গভীর হয়। মধ্যরাত পেরিয়ে যায়। চংপাউয়ের প্রিয় যুবক গোপনে ঘরের দেয়ালের একটি ছিদ্র দিয়ে তাকে বাঁশের ছোট নলভর্তি বিয়ার পাঠায়। তবু সে উৎসবে যেতে পারে না। চংপাউয়ের আকাঙ্ক্ষা ও দায়িত্বের মধ্যে টানাপোড়েন লক্ষ করা যায়। বাইরে উৎসবের উচ্ছ্বাস, ভেতরে তার একাকিত্ব। আনন্দের আয়োজন খুব কাছে, অথচ সে তার অংশ হতে পারছে না।

রাতের অবসানে চংপাউ ঘুম থেকে উঠে নিজের সেরা তামাকপাতা বেছে নেয়। গহনা পরে, জলপাত্র খালি করে এবং আগুন জ্বালিয়ে রাখার কলাগাছের কাণ্ডটি সঙ্গে নেয়। ওয়েকেককে নিয়ে সে পানি আনতে যায়। পথে বারবার আগুনের অঙ্গার ঝেড়ে ফেলে এবং তামাকপাতাগুলো ফেলে দিতে থাকে। ওয়েকেক তার এই অস্বাভাবিক আচরণের কারণ জানতে চায়। চংপাউ তার কথায় রহস্যময় ইঙ্গিত দেয়। সে বলে যাদের কিছু নেই, তারা হয়তো এসব কুড়িয়ে নেবে কিংবা খাবে।

তারা পৌঁছায় এক গভীর জলাশয়ের কাছে। তার পাশে খাড়া পাথুরে ঢাল। নিচে অতল জল। চংপাউ বারবার নিজেকে সেই গভীর জলে নিক্ষেপ করতে উদ্যত হয়। ওয়েকেক প্রতিবার তাকে ধরে ফেলে। কখনো হাতের বালা, কখনো গলার অলংকার, কখনো কোমরের শিকল কিংবা বাহুর গহনা ধরে সে বান্ধবীকে রক্ষা করার চেষ্টা করে। চংপাউ একে একে অলংকারগুলো ওয়েকেককে দিয়ে দেয়। যেন নিজের পার্থিব সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। শেষবার ওয়েকেক তার চুলের খোঁপা ধরে টান দেয়। কিন্তু তেলে মসৃণ চুল হাত থেকে পিছলে যায়। চংপাউ অতল জলে পড়ে যায়।

কেন সে মৃত্যুকে বেছে নিতে চেয়েছিল, কাহিনিতে তার সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক, পারিবারিক পরিবেশ, উৎসবে যোগ দিতে না পারার বেদনা কিংবা অন্য কোনো ব্যক্তিগত সংকট কোনোটিই জানা যায়নি। তার এই আচরণ কাহিনিটিকে রহস্যময় করে তোলে।

গ্রামবাসী তাকে উদ্ধারের জন্য নানা চেষ্টা করে। জলাশয়ের কাছে পেটানো শুকনো মাংস ও আঠালো চাল নিয়ে তারা চংপাউকে ডাকে। ডাক শুনে সে ধীরে ধীরে পানির ওপর ভেসে ওঠে। মা তাকে ডাকেন। কিন্তু চংপাউয়ের উত্তর অশালীন ও অস্বাভাবিক। সে আবার ডুবে যায়। পিতার ডাকেও একই ঘটনা ঘটে। চংপাউ যেন মানুষের পরিচিত জগৎ থেকে দূরে সরে গেছে, অথচ সম্পূর্ণ বিলীনও হয়নি।

শেষ পর্যন্ত তার প্রেমিক বাঁশের সরু ফালি দিয়ে ফাঁদ তৈরি করে। খাবারের প্রলোভন দেখিয়ে সে চংপাউকে পানির ওপর ডেকে আনে। ফাঁদটি তার গলায় আটকে দিয়ে যুবক তাকে তীরে টেনে তোলে। কিন্তু তীরে তোলা গেলেও তাকে মৃত না জীবিত তা নিশ্চিত করে বোঝা যায় না।

চংপাউকে পিঠে বহন করে বাড়ি নেওয়ার উদ্যোগ হয়। প্রথমে পিতা তাকে বহন করতে চান। কিন্তু তিনি অতিক্রম করতে পারেন না। তিনি বলেন, মেয়ের প্রাণ যদি অবশিষ্ট থাকে, তবে তার জামাতা তাকে বহন করুক। যুবক তাকে পিঠে তুলে নেয়। তখন চারদিকে ভেসে আসে পাতার শিস, বাঁশের তারযন্ত্র, বেহালা, বাঁশি, লাউয়ের বাদ্যযন্ত্র এবং গানের সুর। চংপাউয়ের মা-বাবা সেই সুরের মধ্যে মেয়ের পরিচিত হাসি ও কথার ধ্বনি শুনতে পান। কিন্তু একই সময়ে যুবকের পিঠ থেকে ঝরে পড়ে দুর্গন্ধযুক্ত তরল।

মা নিজেও মেয়েকে বহন করতে চান। কিন্তু তিনিও পারেন না। যুবক আবার তাকে পিঠে তুলে নেয়। তখন পুনরায় শোনা যায় বাদ্যযন্ত্রের সুর, হাসি, কথা ও গানের ধ্বনি। যুবক যখন চংপাউকে নিয়ে থাকে, তখন যেন তার মধ্যে জীবনের কিছু চিহ্ন ফিরে আসে। কিন্তু মা-বাবা কাছে এলেই দুর্গন্ধযুক্ত তরল ঝরতে থাকে। এই বিপরীত অভিজ্ঞতা কাহিনির সবচেয়ে রহস্যময় অংশগুলোর একটি। প্রেমিকের উপস্থিতিতে জীবনের সুর এবং পরিবারের উপস্থিতিতে মৃত্যুর পচন।

মা-বাবা শেষ পর্যন্ত ক্রুদ্ধ হয়ে ঘরের সিঁড়িতে ছয়বার লাথি মারেন। ম্রো লোকাচারে সিঁড়িতে ছয়বার লাথি মারা একটি অভিশাপের চিহ্ন। এরপর যুবক লাউয়ের বাদ্যযন্ত্র প্লুং বাঁশি বাজিয়ে চংপাউকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু সে আর সাড়া দেয় না। অভিশাপের পর তার জেগে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

এরপর চংপাউয়ের দেহ দাহ করার আয়োজন করা হয়। কিন্তু আগুন তাকে পোড়াতে পারে না। বারবার আগুনে নিক্ষেপ করেও তার দেহ অক্ষত থাকে। তখন তার প্রেমিকের তৈরি নকশাদার সামগ্রী একে একে আগুনে দেওয়া হয়। বস্ত্রের অলংকৃত তলোয়ার আগুনে পড়তেই চংপাউয়ের আঙুল মোচড়ায়। নকশা করা কাঠের দণ্ডে তার পা কেঁপে ওঠে। ছোট গহনার ঝুড়ি আগুনে দিলে ত্বকে ফোসকা পড়ে। বড় অলংকৃত ঝুড়ি নিক্ষেপ করলে তার চুলের খোঁপা সামান্য পুড়ে যায়। প্রেমিকের হাতের তৈরি বস্তুগুলোর সঙ্গে চংপাউয়ের দেহ যেন এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ।

প্রেমিক আর এই দৃশ্য সহ্য করতে পারে না। সে একটি কচি বাঁশের মাথা টেনে নামায় এবং নিজেও আগুনে ঝাঁপ দেয়। মুহূর্তেই দুজনের দেহ আগুনে দগ্ধ হয়। তাদের মৃত্যু ঘটে একই অগ্নিশিখায়।

কিন্তু মৃত্যুর পরও কাহিনির বিস্ময় শেষ হয় না। আগুনের কয়লার স্তূপ থেকে জন্ম নেয় একটি সুগন্ধি উদ্ভিদ। এই গাছটির নাম চং-ক্লাং। নামটি তৈরি হয়েছে চংপাউ ও তাকলাং এর নামের অংশ মিলিয়ে। প্রেমিক-প্রেমিকার স্মৃতি যেন প্রকৃতির শরীরে নতুন রূপ ধারণ করেছে।

ওয়েকেক গাছটির কচি পাতা সংগ্রহ করে চুলে গুঁজে রাখে। চংপাউয়ের মা-ও পাতাগুলোর সুগন্ধে আকৃষ্ট হন। তিনি দুটি ডাল চেয়ে নেন। কিন্তু চুলের খোঁপায় গুঁজলে সেগুলো খোঁপার সঙ্গে খুলে পড়ে। কানে পরলেও কানের সঙ্গে পড়ে যায়। কোমরের বন্ধনীতে বাঁধলেও তা টেকে না। শেষ পর্যন্ত তিনি গাছটির উৎপত্তিস্থল খুঁজে বের করেন। বুঝতে পারেন, এটি চংপাউ ও তাকলাংয়ের দগ্ধ হওয়ার কয়লার স্তূপে জন্মেছে। তখন তিনি পানি গরম করে ফুটন্ত পানি গাছটির ওপর ঢেলে দেন। গাছটি ধীরে ধীরে মরে যায়। এভাবেই শেষ হয় চংপাউয়ের কাহিনি।

লোককথার সৌন্দর্য অনেক সময় তার উত্তরহীন প্রশ্নে। চংপাউ কেন মৃত্যুর দিকে ছুটেছিল, তার প্রেমিকের তৈরি বস্তুতে তার দেহ কেন সাড়া দিত, প্রেমিকের উপস্থিতিতে কেন সংগীত ও জীবনের আভাস ফিরে আসত, আর তাদের মৃত্যুর পর জন্ম নেওয়া সুগন্ধি গাছটিই বা কেন ধ্বংস করা হলো এসব প্রশ্নের সব উত্তর কাহিনির মধ্যে পাওয়া যায়নি।

চংপাউ ও তাকলাংয়ের প্রেম শেষ পর্যন্ত জীবনের পরিসরে আশ্রয় পায়নি। মৃত্যু তাদের দেহকে গ্রাস করেছে। ম্রোদের এই লোককথাটি প্রেম, মৃত্যু ও মানুষের অজানা বিশ্বাসের এক রহস্যময় আখ্যান।

লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।

মোবাইল: 01556-560126 / 01645-950296

তারিখ: 09/11/2026 খিষ্টাব্দ।