মারমা জনগোষ্ঠীর ‘এইন হ্নিংছেহ্’: ক্ষুধা, ভ্রাতৃহত্যা ও অনুশোচনার বিলাপগান


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন / ০
মারমা জনগোষ্ঠীর ‘এইন হ্নিংছেহ্’: ক্ষুধা, ভ্রাতৃহত্যা ও অনুশোচনার বিলাপগান

✍️মমতাজ উদ্দিন আহমদ


পার্বত্য চট্টগ্রামের লোকসংস্কৃতিতে গান ও কাহিনি মানুষের সুখ-দুঃখ, বিশ্বাস ও জীবন-অভিজ্ঞতার স্মৃতি বহন করে। কোনো কোনো গান বিশেষ ঘটনা বা শোকাবহ অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে লোকপরম্পরায় টিকে থাকে। জার্মান নৃবিজ্ঞানী লরেঞ্জ জি. লফলার তাঁর ‘ম্রো তো লং’ (Mru Tu Long) প্রবন্ধে ম্রোদের অন্ত্যেষ্টিক্রিয়াসংগীত ও লোককথার আলোচনার পাশাপাশি প্রতিবেশী মারমা জনগোষ্ঠীর এমনই একটি বিলাপগানের কথা উল্লেখ করেছেন। গানটির নাম এইন হ্নিংছেহ্। লফলারের ব্যবহৃত রোমান হরফের প্রতিবর্ণীকরণ বানান হচ্ছে Ein-jeece। তবে মারমা ভাষায় মূল বানানটি ‘এইন হ্নিংছেহ্’ বলে জানান স্থানীয় উন্নয়নকর্মী উইলিয়াম মার্মা।

‘এইন হ্নিংছেহ্’-এর কাহিনিটি দুই ক্ষুধার্ত ভাইকে নিয়ে। একদিন খাবারের সন্ধানে বেরিয়ে ছোট ভাই একটি মাত্র ধানের দানা খুঁজে পায়। সে দানাটি গিলে ফেলে। কিন্তু বড় ভাই ক্ষুধার তাড়নায় ক্রুদ্ধ হয়ে ছোট ভাইকে হত্যা করে। পরে তার পেট থেকে ধানের দানাটি বের করে খায়। ক্ষুধা মেটানোর এই নির্মম পরিণতি বড় ভাইয়ের কাছে একসময় অসহনীয় অপরাধবোধের কারণ হয়ে ওঠে।

নিজের কৃতকর্ম উপলব্ধি করে বড় ভাই অনুতপ্ত হয়। সে ছোট ভাইকে আবার জীবিত করার চেষ্টা করে। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। মৃত ভাইকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। তখন সে একাকী বসে বিলাপ করতে থাকে। তার সেই শোকগাথাই ‘এইন হ্নিংছেহ্’ নামে পরিচিত।

নৃবিজ্ঞানী লফলারের বিবরণে একটি বিশেষ তথ্য রয়েছে। তাঁর গবেষণার সময়ও এই বিলাপগান প্রচলিত ছিল। অর্থাৎ কাহিনিটি শুধু লোকমুখে বর্ণিত একটি ঘটনা ছিল না। এর সঙ্গে যুক্ত বিলাপগানও মারমা লোকসংস্কৃতিতে স্মৃতির ধারক হিসেবে টিকে ছিল। তবে লফলারের সংক্ষিপ্ত উল্লেখ থেকে গানটির পূর্ণ বাণী, সুর, পরিবেশনরীতি কিংবা বিশেষ কোনো আনুষ্ঠানিক ব্যবহারের বিস্তারিত জানা যায় না। মারমা লোককাহিনির গ্রন্থিত কোনো বইয়ে হয়তো গানটির পূর্ণ বিবরণ থাকতে পারে। তবে এই পর্যন্ত আমার অনুসন্ধানে গানটি পাইনি। তাই এসব বিষয়ে অনুমানভিত্তিক বক্তব্য দীর্ঘায়িত করা সমীচীন নয়।

তবে কাহিনিটির কেন্দ্রীয় বিষয় ক্ষুধা থেকে জন্ম নেওয়া অপরাধ এবং সেই অপরাধের পরিণতিতে জেগে ওঠা অনুশোচনা। বড় ভাই ধানের একটি দানার জন্য আপন ছোট ভাইকে হত্যা করে। পরে সেই সামান্য খাদ্যই তার কাছে ভ্রাতৃহত্যার ভয়াবহ স্মারক হয়ে ওঠে। মৃত ভাইকে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা তার অনুতাপকে আরও গভীর করে। শেষ পর্যন্ত বিলাপগানই হয়ে ওঠে তার শোক প্রকাশের মাধ্যম।

এখানে সংগীতের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। মৃত্যু ফিরিয়ে নেওয়া যায় না, অপরাধের পরিণতিও মুছে ফেলা যায় না। কিন্তু মানুষের শোক, অনুশোচনা ও হারানোর বেদনা গান হয়ে লোকস্মৃতিতে থেকে যেতে পারে। ‘এইন হ্নিংছেহ্’ সেই স্মৃতিরই একটি সাংস্কৃতিক নিদর্শন।

এই কাহিনি মারমা জনগোষ্ঠীর লোকঐতিহ্যের অংশ। একে ম্রোদের নিজস্ব লোকবিশ্বাস বা আচারসংগীতের প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না। ‘ম্রো তো লং’ প্রবন্ধে লফলার তাঁর ম্রোসংগীতবিষয়ক আলোচনায় প্রতিবেশী জনগোষ্ঠীর এই কাহিনিটি উল্লেখ করেছেন মাত্র। এটি ম্রো প্রতিবেশীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একীভূত নয়। বরং পৃথক জনগোষ্ঠীর লোককাহিনি ও সংগীতকে স্বতন্ত্রভাবে পাঠ করাই পার্বত্য চট্টগ্রামের বহুমাত্রিক লোকসংস্কৃতি বোঝার সঠিক পদ্ধতি।

তথ্যসূত্র: Lorenz G. Löffler, “Mru Tu Long,” in Hermann Berger (ed.), Mündliche Überlieferungen in Südasien: Fünf Beiträge, Wiesbaden: Franz Steiner Verlag GmbH, 1975.


লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।

মোবাইল: 01556-560126 / 01645-950296

তারিখ: 13/11/2026 খিষ্টাব্দ।