
লোককথার জগতে আকাশ ও পৃথিবীর দূরত্ব খুব বেশি নয়। স্বর্গের অধিবাসীরা নেমে আসে মানুষের ক্ষেতে। মানুষ তাদের প্রেমে পড়ে। গড়ে তোলে সংসার! কোনো অদৃশ্য টানে সেই সংসার ভেঙে যায়। বিচ্ছিন্ন মানুষ তখন প্রিয়জনের সন্ধানে পাড়ি দেয় দুর্গম পথ। পথে তার সহায় হয় বন, পাহাড়, জলরাশি ও বিচিত্র প্রাণিজগৎ। ম্রো লোককথা Karek malaa chang-cia বা ‘তারাকন্যার কাহিনি’ এমনই এক বিস্ময়কর আখ্যান। এতে প্রেম ও দাম্পত্যের পাশাপাশি রয়েছে বিচ্ছেদ, কৃতজ্ঞতা, আনুগত্য, সাহস, বুদ্ধি এবং পুনর্জীবনের কল্পনা।
জার্মান বংশোদ্ভূত সুইস নৃবিজ্ঞানী অধ্যাপক লরেঞ্জ জি. লফলার (Lorenz G. Löffler) তাঁর Ethnographic Notes on the Mru and Khumi of the Chittagong and Arakan Hill Tracts গ্রন্থে কাহিনিটি লিপিবদ্ধ করেছেন। কথক ছিলেন ম্রো সমাজের Klangwai Atwang। তিনি ১৯৫৬ সালে তপুয়া-কুয়া অঞ্চলে কাহিনিটি বর্ণনা করেন।
কাহিনির শুরু এক অনাথ যুবককে নিয়ে। তার মা-বাবা কেউ বেঁচে নেই। একটি পা-ও ফুলে ক্ষতিগ্রস্ত। এমন অসহায় অবস্থায় তার ক্ষেতের আগাছা পরিষ্কার হয়ে যায়। লোকজন বিস্মিত হয়। অসুস্থ পা নিয়ে সে কীভাবে ক্ষেতের কাজ সম্পন্ন করল? যুবক নিজেও জানে না। একসময় সে ক্ষেতের দিকে গিয়ে দেখে, সাতজন অপরূপা তরুণী আগাছা পরিষ্কার করছে। তারা স্বর্গের অধিপতির কন্যা “সাত তারাকন্যা”।
যুবক তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়। সে কনিষ্ঠতম ও সবচেয়ে সুন্দরী কন্যাটিকে স্ত্রী হিসেবে পাওয়ার সংকল্প করে। তারাকন্যারা ক্ষেতের পাশে নিজেদের ডানা খুলে রেখে কাজে ব্যস্ত হলে যুবক গোপনে কনিষ্ঠতমের ডানা লুকিয়ে ফেলে। কাজ শেষে অন্য ছয় বোন ডানা মেলে আকাশে উড়ে যায়। কনিষ্ঠা ডানা খুঁজে না পেয়ে বোনদের অপেক্ষা করতে বলে। তারা কিছুক্ষণ অপেক্ষা করলেও শেষ পর্যন্ত চলে যায়। ডানা ছাড়া তারাকন্যার আর আকাশে ফেরার উপায় থাকে না। যুবক তাকে বিয়ের প্রস্তাব দেয়। এভাবেই তাদের বিবাহ ও সংসার শুরু হয়।
যুবক তারাকন্যার ডানা লুকিয়ে তার আকাশে ফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ ঘটনাটি প্রশ্ন জাগায় যে ভালোবাসা অন্যের স্বাধীনতা কেড়ে নেয়, তা কতখানি স্বতঃস্ফূর্ত?
দাম্পত্যজীবনে তাদের একটি সন্তান জন্ম নেয়। স্বামী-স্ত্রী পালা করে শিশুর দেখাশোনা করে এবং ক্ষেতের কাজ করে। একদিন বাবা শিশুকে কোলে নিয়ে মায়ের লুকানো ডানা বের করে নাড়াতে থাকে। ডানা দেখে শিশুটি আনন্দে হেসে ওঠে। কিন্তু মা যখন তাকে কোলে নেয়, সে কাঁদে; বাবা ডানা দেখালে আবার হাসে। শিশুর এই আচরণে মা একসময় বুঝতে পারে, তার ডানা কোথাও লুকিয়ে রাখা হয়েছে। খুঁজে পেয়ে সে স্বামীর গোপন কৌশল বুঝতে পারে।
তারাকন্যা এবার নিজের আকাশের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সন্তানকে খাওয়ায়, স্নান করায়, পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু উড়ে যাওয়ার সময় শিশুর কান্না শুনে ফিরে আসে। আবার তাকে আদর করে, খাওয়ায়, স্নান করায়, ঘুম পাড়ায়। দ্বিতীয়বার যাওয়ার সময়ও কান্না শুনে ফিরে আসে। শেষ পর্যন্ত কান্না আর শুনতে না পাওয়ার জন্য দুই কানে তুলা গুঁজে আকাশে উড়ে যায়।
এই দৃশ্য কাহিনির অন্যতম মর্মস্পর্শী মুহূর্ত। একদিকে তারাকন্যার জন্মভূমি ও পিতৃগৃহে ফেরার আকুলতা, অন্যদিকে সন্তানের প্রতি গভীর মমতা। তারা কন্যা কি শিশুকে পরিত্যাগ করতে চেয়েছিল? তার বারবার ফিরে আসা মাতৃত্বের টান লক্ষ্য করা যায়।
স্বামী ফিরে এসে স্ত্রীকে পায় না। সন্তান কাঁদছে, ঘর শূন্য, ক্ষেতের ফসলও নষ্ট হয়েছে। নিঃসঙ্গ যুবক বুঝতে পারে, স্ত্রী তার পিতার স্বর্গীয় আবাসে ফিরে গেছে। পরদিন সে বন্দুক নিয়ে স্ত্রীকে খুঁজতে বের হয়। কিন্তু তারাকন্যা ফেরার পথে কাঠ, কাঁটাযুক্ত বেত ও থুতু ফেলে এমন সব দুর্গম ভূখণ্ড সৃষ্টি করে রেখেছে, যাতে স্বামী তাকে অনুসরণ করতে না পারে। যুবক এসব বাধা অতিক্রম করতে নানা প্রাণীর রূপ ধারণ করে। কাঠের দেশে সে ইঁদুরের মতো ক্ষুদ্র হয়, কাঁটাবনে টিকটিকির রূপ নেয়। জলরাশি পেরোনোর জন্য সে আশ্রয় নেয় এক বিশাল পাখিদম্পতির কাছে। পাখির পালকের মধ্যে লুকিয়ে পাখির সঙ্গে সমুদ্র পার হয়। অপর পারে পৌঁছে পাখিটি তাকে ঝেড়ে ফেলে দেয়।
অবশেষে স্বর্গের অধিপতির জল আনার স্থানে তারাকন্যাদের সঙ্গে যুবকের দেখা হয়। স্ত্রী প্রথমে তাকে চিনতে পারে না। যুবক তার আঙুলে একটি মূল্যবান পাথরের আংটি পরিয়ে দেয়। তাদের দাম্পত্যজীবনের স্মৃতিবাহী সেই আংটি দেখে স্ত্রী স্বামীকে চিনে ফেলে। সে অন্য জলবাহকদের জানায়, তার স্বামী এসেছে। স্বর্গের অধিপতি জামাতাকে অভ্যর্থনা জানান। কিন্তু এই অভ্যর্থনার আড়ালে শুরু হয় একের পর এক কঠিন পরীক্ষা।
প্রথমে তিনি জামাতাকে কাঁটাবন থেকে অক্ষত কলাপাতা আনতে বলেন। যুবক কাঁদতে কাঁদতে পথে বের হয়। সেখানে তার দেখা হয় বিশাল সাপের রাজার সঙ্গে। সাপের রাজা তার বিপদের কথা শুনে নিজেই কলাপাতা এনে দেন। তিনি পাতাটি গিলে ফেলেন এবং পরে অক্ষত অবস্থায় বের করে যুবকের হাতে তুলে দেন।
এরপর স্বর্গের অধিপতি তাকে ভাঁজ হয়ে বন্ধ হয়ে যাওয়া পাহাড়ি জলপথ থেকে পাখিমানবের জল সংগ্রহ করতে বলেন। এবার যুবকের দেখা হয় ঈগল-শিকারি পাখির রাজার সঙ্গে। তিনিও তাকে সাহায্য করেন। নিজে বিপজ্জনক জলপথে প্রবেশ করে জল সংগ্রহ করে যুবকের হাতে তুলে দেন। এভাবে দুই অসম্ভব কাজ অন্যের সহযোগিতায় সম্পন্ন হয়।
কিন্তু স্বর্গের অধিপতির পরবর্তী আদেশ যুবককে গভীর নৈতিক সংকটে ফেলে। তিনি বলেন, যে সাপের রাজা তাকে কলাপাতা এনে দিয়েছেন, তাকেই গুলি করে হত্যা করতে হবে। যুবক কেঁদে ওঠে। যিনি তার উপকার করেছেন, তাঁকে কীভাবে হত্যা করবে? কিন্তু শ্বশুরের আদেশ অমান্য করার সাহসও তার নেই। শেষ পর্যন্ত সে সাপের রাজাকে গুলি করে। একইভাবে পরদিন পাখির রাজাকেও হত্যা করতে বাধ্য হয়। দুজনেই তার জীবন রক্ষায় সাহায্য করেছিলেন। অথচ তাদের প্রাণ নিতে হয়েছে স্বর্গের অধিপতির নির্দেশে।
এখানে কাহিনির নৈতিক দ্বন্দ্ব বিশেষভাবে লক্ষণীয়। ঘটনাটির মধ্যেই গভীর বেদনা লুকায়িত।
এরপর স্বর্গের অধিপতি জামাতাকে হত্যা করার পরিকল্পনা করেন। তিনি তার উরুর ওপর আরাকের পেয়ালা রেখে কাঁধে বন্দুক ঠেকিয়ে গুলি চালানোর আয়োজন করেন। পেয়ালা থেকে মদ উপচে পড়লে জামাতাকে ভোজের খাদ্যে পরিণত করা হবে এমন ইঙ্গিত দেন। কিন্তু গুলিতে যুবকের কোনো ক্ষতি হয় না। এবার সে একই কৌশলে শ্বশুরের উরুর ওপর পেয়ালা রেখে তাঁর কাঁধে বন্দুক তাক করে। গুলির শব্দে স্বর্গের অধিপতি মাটিতে পড়ে যান। যুবক তাঁকে হত্যা করে না। বরং নিজের শক্তি ও আত্মরক্ষার সামর্থ্য প্রকাশ করে। স্বর্গের অধিপতি স্বীকার করেন, জামাতা সত্যিই অসাধারণ।
শেষ পরীক্ষাটি ছিল আরও সূক্ষ্ম। স্বর্গের অধিপতি সাত কন্যাকে একসঙ্গে যুবকের সামনে হাজির করেন। তাদের চেহারা, চুল ও সাজসজ্জা একই রকম। নিজের স্ত্রীকে চিনতে না পারলে আবারও বিপদের মুখে পড়তে হবে। এ সময় এক ক্ষুদ্র মাছি এসে যুবকের কাছে এক দানা ভাত চায়। বিনিময়ে সে তাকে একটি বুদ্ধি দেয়। মাছিটি জানায়, সাত কন্যার মধ্যে তার স্ত্রীকে চেনার উপায় হবে তার চুলে মাছিটির বসা।
যুবক ভাত খাওয়া শেষ করলে সাতজন অভিন্ন কন্যা এসে তাকে ডাকতে থাকে। ঠিক তখন মাছিটি তার স্ত্রীর চুলে বসে। যুবক তাকে চিনে নেয়। স্বর্গের অধিপতি এবারও বিস্মিত হন। এই পরীক্ষায় কোনো অস্ত্র বা দৈহিক শক্তি কাজে আসেনি। একটি ক্ষুদ্র প্রাণীর দেওয়া বুদ্ধিই তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। এক দানা ভাতের বিনিময়ে মাছিটি যুবকের বিরাট উপকার করে।
অবশেষে স্বামী-স্ত্রীকে বিদায় দেওয়া হয়। তাদের সঙ্গে পাখিমানবের জলও দেওয়া হয়। ফেরার পথে দেখা যায়, আগের দুর্গম ভূখণ্ডগুলো আর নেই। কাঠের দেশ, কাঁটাবন ও বিশাল জলরাশি বিলুপ্ত হয়েছে। পথ এখন সহজ ও নিরাপদ। বাড়িতে ফিরে তারা সন্তানকে খুঁজে পায়। কিন্তু শিশুটি তত দিনে সম্পূর্ণ বৃদ্ধ হয়ে গেছে। তারা পাখিমানবের জল দিয়ে তাকে ধুয়ে দেয় এবং সেই জল তার শরীরে ঢেলে দেয়। আশ্চর্যজনকভাবে বৃদ্ধটি আবার কোমল নবজাতকের রূপ ফিরে পায়। স্বামী-স্ত্রী নতুন করে সংসার গড়ে তোলে। কাহিনি শেষ হয় পারিবারিক জীবনের পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে।
‘তারাকন্যার কাহিনি’টি মানুষের আকাঙ্ক্ষা, স্বাধীনতা, দাম্পত্য, মাতৃত্ব, বিচ্ছেদ ও পুনর্মিলনের নানা স্তর রয়েছে। কাহিনির প্রথম অংশে ডানা হারানো তারাকন্যা পৃথিবীতে আটকে পড়ে। শেষ অংশে স্বামী তাকে খুঁজে পায়। মাঝখানে রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, প্রাণিজগতের সহযোগিতা এবং ক্ষমতার পরীক্ষায় টিকে থাকার সংগ্রাম।
বিশ্বের নানা লোককাহিনিতে ডানা হারিয়ে কোনো স্বর্গীয় নারী মানুষের সংসারে আবদ্ধ হওয়ার মোটিফ দেখা যায়। ইউরোপীয় লোককথায় এটি Swan Maiden নামে পরিচিত। ম্রো কাহিনির সঙ্গে সেই মোটিফের সাদৃশ্য লক্ষণীয়। ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর লোককল্পনায় আকাশের নারী, হারানো ডানা ও মানবজীবনের আকর্ষণের আখ্যানরূপ দেখা যায়।
এই কাহিনি ম্রো লোকসাহিত্যের এক সমৃদ্ধ কল্পজগৎ। এর ভেতর দিয়ে মানুষের চিরন্তন কিছু আকাঙ্ক্ষা ধরা পড়েছে। প্রিয়জনকে ফিরে পাওয়া, প্রতিকূলতা অতিক্রম করা, উপকারের ঋণ স্বীকার করা এবং ভেঙে যাওয়া জীবনকে আবার নতুন করে শুরু করা। তারাকন্যার এই আখ্যান বিচ্ছেদের অন্ধকার পেরিয়ে সংসারে ফিরে আসার এক লোককাব্যিক স্বপ্ন।
লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।
মোবাইল: 01556-560126 / 01645-950296
তারিখ: 09/11/2026 খিষ্টাব্দ।
আপনার মতামত লিখুন :