
গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রথম ও শেষ পৃষ্ঠায় “আলীকদমে যুবদল নেতার দম্ভোক্তি: ‘আমি পাহাড় কাটি, এটি প্রধানমন্ত্রীও জানেন’” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়া ও সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিকদার।
এক প্রতিবাদলিপিতে তারা উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যেপ্রণোদিত। মূলত একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে সংবাদটি পরিবেশন করা হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে ইলিয়াস সিকদারের মুখে যে বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে—“প্রধানমন্ত্রীসহ জানে আমি পাহাড় কাটি… টাকা দিয়ে দলীয় প্রোগ্রাম চালাই”—তা সম্পূর্ণ মনগড়া ও অবাস্তব। বর্তমান সময়ে ‘প্রধানমন্ত্রী’ সংক্রান্ত এমন হাস্যকর ও বানোয়াট উক্তি সাজিয়ে পাঠককে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া গত ১৩ অক্টোবর মধ্যরাতে সাংবাদিকদের ওপর হামলা বা গাড়িচাপা দেওয়ার চেষ্টার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। উক্ত স্থানে বা সময়ে এ ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রতিবাদকারীরা আরও জানান, সংবাদ প্রকাশের পূর্বে প্রতিবেদক তাদের সাথে কোনো যোগাযোগ করেননি কিংবা তাদের বক্তব্য নেননি, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে চরিত্রহনন করা হয়েছে। তারা স্পষ্ট ভাষায় জানান, অবৈধ পাহাড় কাটা বা বালু উত্তোলনের সাথে তাদের কোনো দূরতম সম্পৃক্ততা নেই। তারা আইন ও পরিবেশ সুরক্ষার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।
তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে এবং প্রেস কাউন্সিলের নীতিমালা অনুযায়ী এ প্রতিবাদলিপিটি পত্রিকায় প্রকাশের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াছ মিয়া ও আলীকদম সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিকদার।
আপনার মতামত লিখুন :