আলীকদমে চোরাই মটরসহ আটক যুবককে ১৮ মাসের কারাদণ্ড


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন / ০
আলীকদমে চোরাই মটরসহ আটক যুবককে ১৮ মাসের কারাদণ্ড

প্রতিনিধি, আলীকদম (বান্দরবান):

বান্দরবানের আলীকদমে চোরাই পানির মটর বিক্রি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক এক যুবককে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে চোরকে আটকের চেষ্টাকালে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত যুবকের নাম মংসুনসোই মার্মা (২২)। সে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ ওয়াইহ্লা কারবারি পাড়ার আথোয়াই মার্মার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজে একটি চোরাই চার ঘোড়া ক্ষমতাসম্পন্ন পানির মটর গোপনে বিক্রি করতে আসে মংসুনসোই মার্মা। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করার চেষ্টা করে। আটককালে ধস্তাধস্তির একপর্যায়ে চোরের আঘাতে মিরাজুল ইসলাম মোস্তফা (৩৫) নামে এক স্থানীয় বাসিন্দা মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে উপস্থিত জনতা চোরকে চোরাই মটরসহ আটকে রেখে পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে আলীকদম থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরাইমালসহ আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করে যে, সে নয়াপাড়া এলাকার আবুল কাশেমের বাড়ি থেকে পানির মটরটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে বাস টার্মিনালের গ্যারেজে নিয়ে এসেছিল। অপরাধ স্বীকার করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করে পেনাল কোডের ৩৫৬ ধারায় মংসুনসোই মার্মাকে ১ বছর ৬ মাসের (১৮ মাস) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, আহত মিরাজুল ইসলাম মোস্তফাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে বিশ্রামে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার সকালে তাকে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।