
আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে মায়ের ওপর অভিমান করে বিষপান করে ভেরোনিকা ত্রিপুরা নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ছুটির দিনে পরিবারের গবাদিপশু চড়াতে গিয়ে গরুর গুঁতো খায় ভেরোনিকা। এতে ক্ষিপ্ত হয়ে সে গরুকে মারধর করলে তার মা তাকে বকাঝকা করেন। মায়ের প্রতি তীব্র অভিমান থেকে ঘরে থাকা আগাছানাশক (ঘাস মারার বিষ) লুকিয়ে পান করে সে।
বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে বিষের প্রভাবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার হাসপাতাল থেকে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সোমবার তার শেষকৃত্য/দাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নিহত ভেরোনিকার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “মেয়েটি অত্যন্ত শান্ত ও চাপা স্বভাবের ছিল। ক্লাসে কারো সঙ্গে ঝামেলায় জড়াত না, শিক্ষকদের প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্তভাবে দিত। কারো প্রতি কোনো অভিযোগ ছিল না তার।”
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন একটি সম্ভাবনাময় ও কোমল জীবনের অকাল প্রস্থানে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কোমলমতি শিশুদের মানসিক স্বাস্থ্যে আরো যত্নশীল হওয়ার পাশাপাশি ঘরে বিষাক্ত কীটনাশক সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :