
পূর্ব প্রকাশের পর)
৯. ম্রো বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ ও ‘বাঁশকল’
ম্রো বাহিনী গঠনের পর শান্তিবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়। রাতের বেলায় বিভিন্ন ম্রো পাড়ায় হামলা চালায় শান্তি বাহিন।
এই পরিস্থিতিতে ম্রো বাহিনীর সদস্যরা নিজেদের পাড়া ও চলাচলের পথে ‘বাঁশকল’ নামে এক ধরনের ফাঁদ তৈরি করতেন। এর উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে চলাচলকারী সশস্ত্র ব্যক্তিদের বাধাগ্রস্ত করা। বাঁশকলের ভয়ে পাহাড়ি পথে শান্তিবাহিনীর সদস্যদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠত।
১০. সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড
১৯৮৫ সালের পর সেনাবাহিনীর সহযোগিতায় ম্রো বাহিনীর সদস্যরা লামা–আলীকদম অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ধর্মীয় উৎসব, যোগাযোগব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখেন। জুমচাষের পাশাপাশি ফলের বাগান গড়ে তোলা, রাস্তা ও চলাচলের পথ উন্নয়ন, দরিদ্র ম্রো পরিবারের সন্তানদের বিয়েতে আর্থিক সহায়তা এবং স্থানীয় সামাজিক কাজে অংশগ্রহণ করেন। সেনা বাহিনী নিরাপত্তা ও পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখে।
১১. মাতামুহুরী যুদ্ধ, বাস্তুচ্যুতি ও ম্রোদের অবস্থান: খাইরুল চৌধুরীর গবেষণা
মাতামুহুরী যুদ্ধের ইতিহাসে খাইরুল চৌধুরীর গবেষণার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি শুধু সশস্ত্র সংঘাতের বিবরণ দেননি; সংঘাতের কারণে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং বনাঞ্চলের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়াও বিশ্লেষণ করেছেন।
চৌধুরীর গবেষণা অনুযায়ী, মাতামুহুরী যুদ্ধের সময় আলীকদম ও লামার সংরক্ষিত বনাঞ্চল এবং সংলগ্ন এলাকা থেকে চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের অনেক পরিবারকে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে ম্রোদের একটি অংশ সেনাবাহিনীর সঙ্গে অবস্থান নেয় এবং ম্রো বাহিনী গঠন করে। তিনি ম্রো বাহিনীকে ভিডিপির অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগী আধাসামরিক শক্তি হিসেবে বর্ণনা করেছেন। তাঁর গবেষণায় মারমা বনগ্রামবাসীদের তুলনামূলকভাবে অক্ষত থাকার কথাও এসেছে। তবে সেটিকে তিনি কৌশলগত বাস্তবতার সঙ্গে সম্পর্কিত করেছেন। অর্থাৎ কোনো একটি জনগোষ্ঠীর সবাই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে এমন সরল সিদ্ধান্ত তিনি দেননি।
প্রথম পর্ব: ম্রো বাহিনীর উত্থান ও মাতামুহুরী যুদ্ধ: গঠন, নেতৃত্ব ও সামাজিক প্রতিরোধ
https://alikadampressclub.com/murung-bahini-1/
চৌধুরী বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা প্রায় ৫০০ বলে উল্লেখ করেছেন। তাঁর গবেষণায় গোল্ডেন রিভার এলাকায় পুনর্বাসিত পরিবারগুলোর সাক্ষাৎকার এবং বন বিভাগের নথির তথ্য রয়েছে। এর মধ্যে প্রায় ২০০ পরিবারকে ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে লামা বন বিভাগের তৈন রেঞ্জে পুনর্বাসন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। অন্য পরিবারগুলো বান্দরবান বন বিভাগ ও বান্দরবান পাল্পউড বন বিভাগের অধীন এলাকায় স্থানান্তরিত হয়।
বাস্তুচ্যুতির বিবরণে নারী, শিশু ও বৃদ্ধদের নৌকায় এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের হেঁটে আসতে হয়েছিল বলে তাঁদের একজন জানান। কিছু পরিবারকে ঘরবাড়ি থেকে চাল, গবাদিপশু ও কাপড়চোপড় সংগ্রহের জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল। একই সুযোগ সব পরিবার পায়নি বলেও সাক্ষাৎকারে অভিযোগ করা হয়েছে। কিছু বাড়ি ভেঙে বা পুড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ হিসেবে শান্তিবাহিনীর আশ্রয় নেওয়ার আশঙ্কার কথা জানানো হয়। এসব বিবরণ চৌধুরীর সাক্ষাৎকারভিত্তিক গবেষণায় সংরক্ষিত।
এই তথ্যগুলো ম্রো বাহিনীর ইতিহাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কারণ ম্রো বাহিনী যে সংঘাতের মধ্যে গড়ে উঠেছিল, সেই সংঘাতের প্রভাব শুধু সশস্ত্র দলগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর ফলে বহু পরিবারের বসতি, জীবিকা ও সামাজিক সম্পর্ক বদলে যায়। একই সময়ে ম্রোদের একটি অংশ সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসেবে সংগঠিত হয়। ফলে মাতামুহুরী যুদ্ধের ইতিহাসে ম্রো বাহিনীকে বুঝতে হলে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও বাস্তুচ্যুতির ঘটনাগুলোও বিবেচনায় নিতে হবে।
১২. শান্তি চুক্তির পর ম্রো বাহিনীর কার্যক্রম
১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এর পর মাতামুহুরী অঞ্চলের সংঘাতের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। চুক্তির পর ম্রো বাহিনীর কর্মকাণ্ডে ভাটা পড়ে এবং ধীরে ধীরে তাদের সক্রিয়তা কমতে থাকে।
২০১১ সালে প্রকাশিত গ্রন্থে আলীকদমে ম্রো বাহিনীর সদস্যসংখ্যা ১৭৭ জন বলে উল্লেখ ছিল। ওইসময়ে লামা উপজেলায় ম্রো বাহিনীর কার্যক্রম প্রায় বিলুপ্তির পথে ছিল। আলীকদম সেনা জোনের সহযোগিতায় প্রতিবছর ম্রো সম্মেলন আয়োজন করা হয়। মুরুং বাহিনীর কমান্ডার মেনদন মুরুং জানান, ম্রো সমাজের ধ্বংস ঠেকানো এবং আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে ম্রো বাহিনী গড়ে উঠেছিল।
১৩. ম্রো বাহিনীর ইতিহাসের মূল্যায়ন
ম্রো বাহিনীর ইতিহাসকে একমাত্রিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। একদিকে, এটি ছিল ১৯৮০-এর দশকে আলীকদম–লামা অঞ্চলের সংঘাতময় পরিস্থিতিতে ম্রোদের একাংশের আত্মরক্ষামূলক সংগঠিত প্রতিরোধ। অন্যদিকে, সংগঠনটি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে একটি আধাসামরিক ভূমিকা পালন করেছে বলে খাইরুল চৌধুরীর গবেষণায় এই দিকটি স্পষ্টভাবে এসেছে।
ম্রো বাহিনীর সদস্যদের ভূমিকা মূল্যায়নের সময় তিনটি বিষয় পৃথকভাবে বিবেচনা করা দরকার। প্রথমত, ম্রোদের একাংশ কেন সশস্ত্র প্রতিরোধে যুক্ত হয়েছিল। দ্বিতীয়ত, সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক কীভাবে গড়ে ওঠে এবং সংগঠনটি কী ধরনের সামরিক ভূমিকা পালন করে। তৃতীয়ত, সংঘাতের বাইরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে তাদের প্রকৃত অবদান কতটুকু ছিল।
এ ইতিহাসে ম্রোদের অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মারমা ও বাঙালি জনগোষ্ঠীর অভিজ্ঞতাও বিবেচনায় নিতে হবে। কারণ মাতামুহুরী যুদ্ধ কোনো একক জনগোষ্ঠীর ইতিহাস নয়। এটি একটি নির্দিষ্ট ভূখণ্ডে সংঘাত, রাষ্ট্রীয় নিরাপত্তা, স্থানীয় প্রতিরোধ, বনসম্পদ এবং জনবসতির পরিবর্তনের সম্মিলিত ইতিহাস।
শেষকথা:
আলীকদম ও লামার ইতিহাসে ম্রো বাহিনীর আবির্ভাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৮৫ সালের লংরা পাড়ার আক্রমণ থেকে শুরু করে আলীকদম সদরে সংগঠন গঠন, সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা, স্থানীয় প্রতিরোধ, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ১৯৯৭ সালের পর কার্যক্রমের অবনতি সব মিলিয়ে ম্রো বাহিনীর ইতিহাস প্রায় চার দশকের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে যুক্ত।
পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি গ্রন্থে সংরক্ষিত তথ্যগুলো এই ইতিহাসের স্থানীয় ভিত্তি নির্মাণে সহায়ক। খাইরুল চৌধুরীর গবেষণা সেই বিবরণকে বৃহত্তর মাতামুহুরী যুদ্ধ, সামরিক নিয়ন্ত্রণ ও বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে বুঝতে সাহায্য করে। তবে সংগঠনটির প্রতিষ্ঠার সুনির্দিষ্ট তারিখ, প্রাথমিক সদস্যদের পরিচয়, সামরিক অভিযান, অস্ত্র উদ্ধারের ঘটনা, সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক এবং সামাজিক উন্নয়নে প্রকৃত অবদান সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
তাই ম্রো বাহিনীর ইতিহাস লিখতে গেলে একদিকে স্থানীয় মানুষের স্মৃতি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে, অন্যদিকে গবেষণালব্ধ তথ্য ও সরকারি নথির সঙ্গে সেগুলোর তুলনামূলক যাচাই করতে হবে। তবেই আলীকদমের এই অধ্যায় আবেগনির্ভর বর্ণনার সীমা অতিক্রম করে একটি নির্ভরযোগ্য আঞ্চলিক ইতিহাসের রূপ পাবে।
তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি:
১. পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি, (২০১১) – মমতাজ উদ্দিন আহমদ।
২. Chowdhury, Khairul. The Making of Political Forests in the Chittagong Hill Tracts, Bangladesh: The State, Development and Indigeneity. PhD Dissertation, Graduate Program in Social Anthropology, York University, Toronto, 2014. বিশেষত পৃ. ১৪৭–১৫১ এবং ১৬৩–১৬৫।
✍️ লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।
আপনার মতামত লিখুন :