কালাদান নদীর যুদ্ধসংগীত: প্রেম, লোকবিশ্বাস ও এক বিপর্যস্ত জনপদের ম্রো আখ্যান


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন / ০
কালাদান নদীর যুদ্ধসংগীত: প্রেম, লোকবিশ্বাস ও এক বিপর্যস্ত জনপদের ম্রো আখ্যান

পার্বত্য চট্টগ্রামে ম্রো লোকসংগীতের ভাণ্ডারে প্রেম, বিশ্বাস, ভ্রমণ, সামাজিক সম্পর্ক ও ঐতিহাসিক স্মৃতি একসূত্রে গাঁথা হয়েছে। এসব গানে ব্যক্তিমানুষের অনুভূতির পাশাপাশি প্রকৃতি, জনপদ ও সমষ্টিগত জীবনের পরিচয়ও উঠে আসে। জার্মান বংশোদ্ভূত সুইস নৃবিজ্ঞানী অধ্যাপক লরেঞ্জ জি. লফলারের সংগৃহীত Khommi kua tuk meng তেমনই একটি দীর্ঘ গান। তিনি একে ‘Khumi village war song’ বা খুমি গ্রামের যুদ্ধসংগীত হিসেবে পরিচয় দিয়েছেন। ১৯৫৭ সালে তিনি যখন বান্দরবানে নৃতাত্ত্বিক গবেষণায় রত ছিলেন তখন ম্রো গানের ওস্তাদ মেনিয়ম তাং গানটি পরিবেশন করেন।

গানটির শুরুতে যুদ্ধের চেয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ বেশি লক্ষ করা যায়। গায়ক বারবার নিজেকে ‘ইয়ং ইং’ বা ‘কালো পাখি’ হিসেবে পরিচয় দেন। প্রিয়জনকে অমূল্য রত্নের সঙ্গে তুলনা করে সম্বোধন করেন। তাঁর ভাষায়, প্রিয় মানুষটি হৃদয়ের সম্পদ, জীবনের মূল্যবান অলংকার। কিন্তু এই প্রেমের পরিসর ধীরে ধীরে বিস্তৃত হয়। দীর্ঘ এই গানে ব্যক্তিগত আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হয় সামাজিক বিচার, মানুষের কথাবার্তা, ভ্রমণ এবং নানা জনপদের স্মৃতি।

ইয়ং ইংয়ের যাত্রা শুরু হয় পাহাড় ও নদীর পথে। সে গাছ কাটে, নৌকা তৈরি করে, বৈঠা বানায়। কখনো শসা বা কুমড়ার নৌকার উল্লেখ আসে। নদীর গভীর জলপথ পেরিয়ে সে দূরদেশে যাওয়ার প্রস্তুতি নেয়। এই যাত্রায় কালাদান নদী একটি গুরুত্বপূর্ণ ভূগোল হিসেবে উপস্থিত। নদীর শাখা-প্রশাখা, স্রোত, পাহাড়ি প্রবেশপথ ও পাথুরে দ্বারের বর্ণনা গানটিকে একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিসরের সঙ্গে যুক্ত করেছে।

ইয়ং ইংয়ের যাত্রা তাকে বাংলা ভাষাভাষী জনপদে নিয়ে যায়। সেখানে সে বাংলা ভাষা শেখে। প্রমিত ভাষা ও স্থানীয় কথ্য ভাষার পার্থক্যও গানে উল্লেখিত হয়েছে। পরে সে নিম্ন বার্মা ও মধ্য বার্মার দিকে যায়। সেখানকার ভাষা শেখে এবং মানুষের পোশাক-পরিচ্ছদ ও বাহ্যিক রূপ ধারণ করে। এরপর আরাকানে পৌঁছে সেখানকার নারী-পুরুষের পোশাক, চুল বাঁধার ধরন, কালো কাপড়ের নকশা ও সাজসজ্জার বিবরণ দেয়।

এই বর্ণনার মধ্য দিয়ে গানটিতে সাংস্কৃতিক যোগাযোগের স্মৃতি রোমন্থন করেন গায়ক। ইয়ং ইং আরাকানের মানুষের মধ্যে নিজের মা, খালা, বাবা, চাচা ও ভাইয়ের মতো আত্মীয় খুঁজতে চায়। রক্তের সম্পর্ক না থাকলেও তাদের আপন করে নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। ফলে গানটিতে আত্মীয়তার ধারণা সামাজিক ও সাংস্কৃতিক আপনত্বের দিকে প্রসারিত হয়েছে। পাহাড়, সমতল ও আরাকানের মানুষের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগের একটি লোকস্মৃতিও এখানে প্রতিফলিত হতে পারে।

গানের পরবর্তী অংশে অস্ত্রের প্রসঙ্গ আসে। ইয়ং ইংয়ের কাঁধে পূর্বাঞ্চলীয় কুকিদের আগ্নেয়াস্ত্র এবং তরবারির উল্লেখ রয়েছে। নৃবিজ্ঞানী লফলার ‘Lang-ke’ শব্দটির ব্যাখ্যায় আরাকানি উচ্চারণে ‘হল্যান্ড’-এর প্রসঙ্গ এনেছেন। তাঁর মতে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক যোগাযোগের মধ্য দিয়ে আরাকান অঞ্চলে পুরোনো ধরনের আগ্নেয়াস্ত্র এসেছিল। পরে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যেও এসব অস্ত্রের ব্যবহার ছড়িয়ে পড়ে। লফলার এই অস্ত্রের উল্লেখ এবং কালাদান নদী সম্পর্কে গানের ভৌগোলিক জ্ঞানের ভিত্তিতে গানটির রচনাকাল আনুমানিক দুই শ বছর আগে হতে পারে বলে ধারণা করেছেন। তবে এটি তাঁর গবেষণাভিত্তিক অনুমান। গানটির নিশ্চিত রচনাকাল জানা যায়নি।

গানটির ধর্মীয় ও লোকবিশ্বাসের অংশটিও বিশেষভাবে আকর্ষণীয়। ইয়ং ইং কালাদান নদীর পাথুরে প্রবেশদ্বারের অধিপতির কাছে ছাগল বলি দেয়। কিন্তু বলি দিয়েও সে বিপদমুক্ত হতে পারে না। পাহাড়ের অধিপতি ও স্থানীয় আত্মা তার নিবেদনে সন্তুষ্ট হয় না। তখন রাতের স্বপ্নে আসে জলদেবতার কন্যা ক্রেংপাউ। সে ইয়ং ইংকে জানায়, একসময় গৌতম বুদ্ধ এই পাহাড়ের অধিপতির কাছে এসেছিলেন। তিনি পাহাড়ে হলুদের কন্দ রোপণ করেছিলেন। সেই হলুদ সংগ্রহ করে পাহাড়ের অধিপতিকে নিবেদন করলে ইয়ং ইং রক্ষা পাবে।

পরদিন ইয়ং ইং পাহাড় থেকে হলুদ সংগ্রহ করে একটি গোলাকার ঝুড়িতে ভরে নিবেদন করে। এবার তার নৌকা ও জীবন রক্ষা পায়। এই আখ্যানের মধ্যে পাহাড়ের অধিপতি, স্থানীয় আত্মা, জলদেবতা এবং গৌতম বুদ্ধের স্মৃতি পাশাপাশি অবস্থান করছে। অর্থাৎ স্থানীয় লোকবিশ্বাসের সঙ্গে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের একটি সংযোগ এখানে লক্ষ করা যায়। লফলার ১৮৪৬ সালে ল্যাটারের বর্ণিত কালাদান নদীর পাথুরে দ্বার ও সেখানকার আত্মাদের কিংবদন্তির সঙ্গেও এই কাহিনির মিল দেখিয়েছেন।

এরপর গানটির প্রধান সুর যুদ্ধের দিকে মোড় নেয়। পূর্বদিকের কুকি যোদ্ধাদের বিপুল সমাবেশের কথা বলা হয়েছে। তাদের হাতে হাতির চামড়ার ঢাল। তারা কালাদান নদীর শাখা-প্রশাখা পেরিয়ে পশ্চিমের জনপদের দিকে এগিয়ে আসে। গানে সাত লক্ষ ও আট লক্ষ যোদ্ধার উল্লেখ রয়েছে।

যুদ্ধের আশঙ্কায় গ্রামের মানুষ প্রস্তুতি নিতে থাকে। গ্রামের প্রবীণ প্রধান, স্থানীয় শাসক এবং রাজকর্মচারীর উল্লেখ পাওয়া যায়। জমি ভাগ করে ধান ও তুলা চাষের ব্যবস্থা করা হয়। বাঁশ কেটে জমি পরিষ্কার করা হয়। আখ ও ভুট্টা উৎপাদনের বর্ণনাও এসেছে। গানটির এসব বিবরণ থেকে গ্রামীণ কৃষিজীবন, ভূমি ব্যবস্থাপনা এবং স্থানীয় নেতৃত্বের একটি ধারণা পাওয়া যায়।

কিন্তু আক্রমণকারীরা এসে ফসলের ক্ষেত নষ্ট করে। তাদের উপদ্রবকে গানে ধ্বংসাত্মক বানর ও বন্য শূকরের সঙ্গে তুলনা করা হয়েছে। গ্রামের প্রধান পরামর্শ করেন, সভা ডাকেন, কিন্তু কোনো সমাধান খুঁজে পান না। অবশেষে গ্রামের চারপাশে তিন স্তরের বাঁশের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বাঁশের সঙ্গে কাঁটা যুক্ত করে প্রবেশপথ বন্ধ করার চেষ্টা চলে। কিন্তু শত্রুপক্ষের অগ্রযাত্রা থামে না।

যুদ্ধের দৃশ্যটি গানে প্রকৃতি ও মানুষের জীবনকে একাকার করে তুলেছে। একটি জায়গায় বলা হয়েছে, গ্রামটি যেন মৌমাছির ঝাঁকে পরিণত হয়েছে। আবার সেই গ্রাম রক্তবর্ণ ফলের লতায় রূপ নেয়। মানুষের রক্ত বুক বেয়ে গড়িয়ে পড়ে। এই চিত্রকল্পে যুদ্ধের ভয়াবহতা শুধু মানুষের মৃত্যুতে সীমাবদ্ধ থাকে না। একটি সম্পূর্ণ জনপদের বিপর্যয় সেখানে প্রতিফলিত হয়।

এরপর ইয়ং ইং আগুন জ্বালানোর উপকরণ প্রস্তুত করে। বাঁশের ফালি ও ঘর্ষণের সাহায্যে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি করে। সেই আগুন গ্রামের সারি ধরে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বসতি লাল উত্তপ্ত ছাইয়ে পরিণত হয়।

গ্রামের প্রধানদের বিরুদ্ধে তার ক্ষোভ জমে ওঠে। সে একটি গরু বলি দিয়ে গ্রামের নেতাদের আহারের ব্যবস্থা করে। আদা ও পানির মাধ্যমে একটি আচার সম্পন্ন করে। পরে তাদের হত্যা করে মাথা গাছের ডালে ঝুলিয়ে রাখে। এটি গানটির কাহিনিতে প্রতিশোধের একটি নির্মম পরিণতি।

এত রক্তপাত ও ধ্বংসের পরও গানটি শেষ হয় প্রকৃতির স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়ার মধ্য দিয়ে। গভীর রাত পেরিয়ে ভোরের তারা ওঠে। বনের লাল পাখি লতাপাতার জালে বসে ডানা ঝাপটায়। ঘরের নিচে রাখা মোরগগুলো সেই শব্দ শুনে জেগে ওঠে। তাদের ডাক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। কিন্তু ইয়ং ইং ঘুমিয়ে থাকে। তার শরীর ও মন ক্লান্তির গভীরে ডুবে যায়। এই ঘুম যেন সাধারণ বিশ্রাম নয়; এর মধ্যে মৃত্যুর কাছাকাছি এক অবসন্নতার আভাস রয়েছে।

গানের শেষাংশে ইয়ং ইং নিজের অন্তর্জগৎ নিয়ে ভাবতে শুরু করে। তার কানে সোনার ও রুপার শিকলের ঝংকারের মতো শব্দ আসে। সে নিজের ভেতরের স্তরগুলো নিয়ে চিন্তা করে।

গানটির শেষাংশে দেহ, মন ও জীবনশক্তি সম্পর্কে একটি প্রাচীন দার্শনিক ভাবনার আভাস রয়েছে। লক্ষণীয়, এত যুদ্ধ, মৃত্যু ও প্রতিশোধের পরও গানটির শেষ সম্বোধন ফিরে যায় প্রিয়জনের কাছে। ইয়ং ইং তার সমগ্র জীবন, অমূল্য রত্ন ও হৃদয়ের প্রিয়তম হিসেবে তাকে স্মরণ করে। প্রেমই যেন তার শেষ আশ্রয়।

Khommi kua tuk meng গানটির আরেকটি বিশেষ দিক হলো এর মৌখিক সংরক্ষণের ইতিহাস। লফলারের পরিচিত গানের ওস্তাদদের মধ্যে মেনিয়ম তাং ছিলেন সবচেয়ে জ্ঞানী। তিনি অনাথ ছিলেন। শৈশব ও কৈশোরের বড় অংশ কাটিয়েছিলেন এমন এক বৃদ্ধ দম্পতির কাছে, যাঁরা দুজনেই গানের ওস্তাদ ছিলেন। তাঁদের কাছ থেকেই তিনি বহু প্রাচীন গান শেখেন। জীবিকার জন্য গ্রামে গ্রামে ঘুরে গান গাইতেন। লফলার ১৯৫৬ সালে তাঁর কাছ থেকে Nom-meng এবং ১৯৫৭ সালে Khommi kua tuk meng গানটি সংগ্রহ করেন। ১৯৬৪ সালে লফলার আবার এলাকায় ফিরে জানতে পারেন, মেনিয়ম কলেরায় মারা গেছেন। পরে অন্য গায়কদের কাছ থেকে গান সংগ্রহের চেষ্টা করেও তাঁর মতো সমৃদ্ধ গীতভাণ্ডারের সন্ধান পাননি।

মেনিয়ম তাং ম্রোর মৃত্যুর সঙ্গে হারিয়ে গেছে ম্রো সংস্কৃতির বহু প্রজন্মের স্মৃতি, শব্দ, উপমা ও ব্যাখ্যা। সেকালে লিখিতরূপে সংরক্ষণের অভাব থাকায় ম্রো গানগুলি পূর্ণাঙ্গ সংরক্ষণ হয়নি বলে মনে করা হয়।

Khommi kua tuk meng একটি দীর্ঘ লোকগানের চেয়েও বেশি কিছু। কারণ এই গানে কালাদান নদীর ভূগোল, পাহাড়ি জনগোষ্ঠীর পারস্পরিক যোগাযোগ, কৃষিজীবন, ধর্মীয় বিশ্বাস, যুদ্ধের আশঙ্কা এবং মানুষের অন্তর্গত দ্বন্দ্বের নানা চিহ্ন রয়েছে। গানটি ম্রো লোকস্মৃতি, সাংস্কৃতিক যোগাযোগ ও জীবনদর্শনের উপাদান হিসেবে মূল্যবান। মেনিয়ম তাংয়ের কণ্ঠে সংরক্ষিত এই আখ্যানটি লোপলার তা গবেষণায় অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।

মোবাইল: 01556-560126 / 01645-950296

তারিখ: 08/11/2026 খিষ্টাব্দ।