আলীকদমে ৭০ কৃষকের মাঝে ফলদ-বনজ চারা ও সার বিতরণ


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন /
আলীকদমে ৭০ কৃষকের মাঝে ফলদ-বনজ চারা ও সার বিতরণ

মো. শাহ আলম, আলীকদম:

কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে বান্দরবানের আলীকদমে ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ১০২টি ফলদ এবং ৫০টি বনজ গাছের চারা। পাশাপাশি চারাগুলোর সঠিক পরিচর্যা ও বাড়ন্ত নিশ্চিত করতে কৃষকদের মাঝে ২০ কেজি জৈব সার এবং ১৭ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকদের পুষ্টির চাহিদা মেটাতে ও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা বিতরণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণে যত্নশীল হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাঁদের কৃষিকাজে বাড়তি উদ্দীপনা জোগাবে। ভবিষ্যতে এ জাতীয় কৃষিবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার জন্য জেলা পরিষদের প্রতি অনুরোধ জানান তারা।