হাতির কমলালেবু খাওয়ার আকাঙ্ক্ষা: অপ্রাপ্ত প্রেমের এক ম্রো লোকগাথা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন / ০
হাতির কমলালেবু খাওয়ার আকাঙ্ক্ষা: অপ্রাপ্ত প্রেমের এক ম্রো লোকগাথা

|| মমতাজ উদ্দিন আহমদ ||

লোককথা ও লোকগানের জগতে মানুষের মনের কথা পশুপাখির আচরণে, বৃক্ষলতার ভাষায় কিংবা প্রকৃতির কোনো বিচিত্র ঘটনার মধ্য দিয়েও প্রকাশ পায়।  মানুষের বেদনা আশ্রয় নেয় কোনো পশুর দীর্ঘশ্বাসে। পার্বত্য চট্টগ্রামের ম্রো জনগোষ্ঠীর একটি লোকগান “Ngachai prön-ding ui cak meng” এমনই এক ব্যতিক্রমী রচনা। নৃবিজ্ঞানী লরেঞ্জ জি. লফলারের ইংরেজি শিরোনাম, Song in which the elephant wants to eat mandarins। অর্থাৎ, ‘যে গানে হাতি কমলালেবু খেতে চায়’।

গানটির কাহিনি শুরু হয় পূর্বদিক থেকে আসা এক হাতিকে নিয়ে। পথ চলতে চলতে হাতিটি একটি গাছের নিচে এসে বিশ্রাম নেয়। সেখানে কমলালেবুর সুগন্ধ তার নাকে পৌঁছায়। সুগন্ধের উৎস খুঁজতে সে এগিয়ে যায়। ফলের প্রতি তার আকর্ষণ ক্রমে প্রবল হয়ে ওঠে। কিন্তু পথের মধ্যে তৃষ্ণা পেয়ে যায়। সে নদীতে পানি পান করতে নামে। আর সেই অবসরে একটি বানর গাছের সব কমলালেবু খেয়ে ফেলে।

পানি পান শেষে হাতি ফিরে এসে দেখে, তার আকাঙ্ক্ষার বস্তু আর অবশিষ্ট নেই। যে সুগন্ধ তাকে দূর থেকে টেনে এনেছিল, সেই সুগন্ধের উৎস এখন শূন্য। তার দীর্ঘ পথচলা, আশা ও প্রতীক্ষা এক মুহূর্তে অর্থহীন হয়ে পড়ে। ক্রোধে সে পাহাড় পদদলিত করে সমতল করে দেয়। উঁচু ভূমি পরিণত হয় বিস্তীর্ণ সমতলে। হাতির এই ক্রোধ যেন তার ব্যর্থ আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। যা সে পায়নি, তার ক্ষোভে সে চারপাশের পৃথিবীকে বদলে দিতে চায়।

সেই সমতল ভূমিতে এক ইউরোপীয় রাজপুত্র বাজার স্থাপন করে। অন্যদিকে, এক বাঙালি কৃষক একটি জমিতে সরিষার চাষ করে। সময়ের সঙ্গে সরিষাগাছ ফুলে ভরে ওঠে। হলুদ ফুলে মাঠ যেন এক অপরূপ রূপ ধারণ করে। কৃষক তার ক্ষেতের চারদিকে বেড়া নির্মাণ করে। ফুলের সৌন্দর্য ও গন্ধে আবারও আকৃষ্ট হয় হাতি। এবার তার সামনে কমলালেবু নয়, সরিষার ফুল। সে ফুল খেতে চায়। কিন্তু ক্ষেতের চারদিকে বেড়া। হাতি প্রবেশের কোনো পথ খুঁজে পায় না। চারপাশে ঘুরে ঘুরে সে কেবল প্রবেশের উপায় খোঁজে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে যায় গভীর বনে। সেখানেই তার মৃত্যু হয়।

এই পর্যন্ত কাহিনিটি একটি হাতির অদ্ভুত দুর্ভাগ্যের বিবরণ বলে মনে হতে পারে। কিন্তু ম্রো লোকগানের প্রকৃত তাৎপর্য প্রকাশ পায় শেষের দিকে। এক যুবক এক তরুণীকে উদ্দেশ করে বলে, তার হৃদয়ের দুঃখ হাতির দাঁতের মতো গভীর। সে প্রিয়জনকে পায়নি। সেই অপ্রাপ্তির যন্ত্রণা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। হাতি যেমন আকাঙ্ক্ষিত ফলের কাছে গিয়েও তা পায়নি, তেমনি সেও ভালোবাসার মানুষটির সান্নিধ্য থেকে বঞ্চিত। হাতির মৃত্যু তাই কেবল একটি প্রাণীর পরিণতি নয়; তা প্রেমে ব্যর্থ মানুষের অন্তর্গত মৃত্যুর প্রতীক হয়ে ওঠে।

গানটির সবচেয়ে মর্মস্পর্শী দিক এখানেই। হাতির আকাঙ্ক্ষা ও যুবকের প্রেম দুটি ভিন্ন অভিজ্ঞতা একটি অভিন্ন বেদনায় এসে মিলেছে। হাতি কমলালেবুর গন্ধ পেয়ে দূর থেকে ছুটে আসে। যুবকও ভালোবাসার আহ্বানে এগিয়ে যায়। হাতির সামনে প্রথমে আসে বানরের কারণে সৃষ্ট বঞ্চনা, পরে আসে মানুষের নির্মিত বেড়া। যুবকের জীবনেও হয়তো তেমনি নানা বাধা। সে প্রিয়জনকে চায়, কিন্তু চাইলেই তাকে পাওয়া যায় না। আকাঙ্ক্ষা আর প্রাপ্তির মাঝখানে দাঁড়িয়ে থাকে অদৃশ্য কিংবা দৃশ্যমান কোনো প্রতিবন্ধকতা।

এখানে কমলালেবু ও সরিষার ফুলের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য লক্ষণীয়। কমলালেবু হাতির প্রথম আকর্ষণ। তার গন্ধ তাকে পথ দেখায়। কিন্তু সে যখন নদীতে তৃষ্ণা মেটাতে যায়, তখন অন্য প্রাণী ফলগুলো খেয়ে ফেলে। দ্বিতীয়বার সে সরিষার ফুলের প্রতি আকৃষ্ট হয়। এবার ফল বা ফুল নষ্ট হয়ে যায় না। বরং মানুষের তৈরি বেড়া তাকে আটকে দেয়। প্রথম বঞ্চনার কারণ বানর, দ্বিতীয় বঞ্চনার কারণ মানুষের নির্মিত সীমানা। এই দুই ঘটনার মধ্যে আকাঙ্ক্ষার পথে বাধার দুটি ভিন্ন রূপ ফুটে উঠেছে। একবার প্রাপ্তির বস্তুই হারিয়ে যায়, আরেকবার বস্তুটি সামনে থেকেও নাগালের বাইরে থেকে যায়।

এই দুই অবস্থার মধ্যে দ্বিতীয়টির বেদনা আরও তীব্র। চোখের সামনে যা আছে, অথচ স্পর্শ করা যায় না। তার আকর্ষণ ও যন্ত্রণা গভীর। হাতি সরিষাক্ষেতের চারদিকে ঘুরে বেড়ায়। তার সামনে ফুলের সমারোহ, কিন্তু প্রবেশের পথ নেই। এই দৃশ্যটি মানুষের জীবনেরও এক পরিচিত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। অনেক সময় প্রিয় মানুষ দূরে থাকে না। সে থাকে চোখের সামনেই। তবু সামাজিক বিধিনিষেধ, পারিবারিক সিদ্ধান্ত কিংবা ব্যক্তিগত পরিস্থিতি দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। ভালোবাসার মানুষকে কাছে পেয়েও না পাওয়ার যে যন্ত্রণা, হাতির বেড়াবেষ্টিত সরিষাক্ষেত যেন তারই দৃশ্যমান রূপ।

হাতির ক্রোধে পাহাড় সমতল হয়ে যাওয়ার ঘটনাটিও কাহিনির একটি তাৎপর্যপূর্ণ বাঁক। প্রথম আকাঙ্ক্ষা ব্যর্থ হওয়ার পর সে প্রকৃতির ওপর নিজের শক্তি প্রয়োগ করে। কিন্তু শক্তি দিয়ে সে নিজের অপ্রাপ্তি পূরণ করতে পারে না। পাহাড় ভেঙে সমতল করা যায়, ভূমির চেহারা বদলে দেওয়া যায়। কিন্তু হারিয়ে যাওয়া ফল ফিরিয়ে আনা যায় না। দ্বিতীয়বারও সে ব্যর্থ হয়। তখন তার শক্তি আর কোনো কাজে আসে না। শেষ পর্যন্ত তাকে বনে ফিরে যেতে হয়। এই পরিণতির মধ্যে একটি করুণ সত্য নিহিত আছে। প্রকৃতির বিশাল শক্তির অধিকারী হয়েও প্রাণীটি নিজের আকাঙ্ক্ষার কাছে অসহায়।

কাহিনিতে ইউরোপীয় রাজপুত্রের বাজার স্থাপন এবং বাঙালি কৃষকের সরিষা চাষের উল্লেখও লক্ষণীয়। এতে ম্রো লোকগানের কল্পজগতে বিভিন্ন জনগোষ্ঠী ও বহিরাগত সামাজিক উপস্থিতির পরিচয় পাওয়া যায়।

গানটির আরেকটি সৌন্দর্য হলো, এর কাহিনিতে মানুষের প্রেমের কথা বলার জন্য হাতিকে বেছে নেওয়া হয়েছে। হাতি সাধারণত শক্তি, বিশালতা ও দৃঢ়তার প্রতীক। তার পদচারণায় পাহাড় কেঁপে ওঠে, তার শক্তিতে ভূমির রূপ বদলে যায়। অথচ সেই শক্তিমান প্রাণীও একটি ক্ষুদ্র আকাঙ্ক্ষার কাছে পরাজিত। তার সামনে ফল আছে, ফুল আছে, সুগন্ধ আছে; নেই শুধু পৌঁছানোর সুযোগ। এই বৈপরীত্যই কাহিনির করুণ রসকে গভীর করেছে। শক্তিমান প্রাণীর অসহায় পরিণতি গানটিতে মূর্ত হয়ে উঠেছে। শেষের দিকে প্রেমিক যুবকের অসহায় উক্তি মানুষের ব্যক্তিগত বেদনাকে শানিত করেছে।

এই গানের শিল্পকৌশলও বিশেষভাবে লক্ষণীয়। প্রথমে হাতির কাহিনি বলা হয়েছে। ম্রো গানটির শ্রোতা হাতির যাত্রা, আকাঙ্ক্ষা, ক্রোধ ও মৃত্যুর বিবরণ শোনেন। পরক্ষণে সেই কাহিনির সঙ্গে মানুষের অসহায় প্রেমের সম্পর্ক শোনতে পান। হাতি কমলালেবু ও সরিষার ফুল খেতে পারেনি। হাতির ব্যর্থ প্রত্যাবর্তন ব্যর্থ প্রেমিকের একাকিত্বের সঙ্গে মিশে গেছে গানে। এই আকস্মিক অর্থান্তরই গানটির প্রধান কাব্যিক শক্তি।

লরেঞ্জ জি. লফলার তাঁর গবেষণাগ্রন্থে গানটির একটি ইংরেজি সারসংক্ষেপ দিয়েছেন। গানটির মূলপাঠ সেখানে নেই। সংক্ষিপ্ত কাহিনির মধ্যেই তিনি রূপক ও আবেগের বিন্যাসে ম্রো লোকসাহিত্যের কল্পনাশক্তির একটি পরিচয় তুলে ধরেছেন।

গানটিতে হাতিটি অপ্রাপ্তির প্রতীক। তার দীর্ঘ পথচলা মানুষের আকাঙ্ক্ষার পথচলা, তার ক্রোধ ব্যর্থতার প্রতিবাদ, আর বনে ফিরে তার মৃত্যু বিরহের নিঃসঙ্গ পরিণতি। গানটির শেষে যুবক নিজের দুঃখকে হাতির দাঁতের মতো গভীর বলে অনুভব করেছেন। গানে মানুষের ভাষা ও হাতির বেদনা একাকার হয়ে গেছে।

কমলালেবুর গন্ধে হাতির যাত্রার পরিণতি হয় গভীর বনের নিঃসঙ্গতায়। মাঝখানে থাকে একটি নদী, একটি বানর, সমতল হয়ে যাওয়া পাহাড়, সরিষার হলুদ ফুল এবং মানুষের তৈরি একটি বেড়া। এই সামান্য উপাদানগুলো দিয়েই ম্রো লোকগানটি অপ্রাপ্ত প্রেমের এক করুণ উপাখ্যান নির্মাণ করেছে। মানুষ যা চায়, তা সব সময় পায় না। কখনো প্রিয় বস্তু হারিয়ে যায়, কখনো তা সামনে থেকেও অধরা থাকে। আর সেই না-পাওয়ার বেদনা যখন হৃদয়ে স্থায়ী আসন নেয়, তখন মানুষের নিজের জীবনও যেন এক পরিত্যক্ত হাতির মতো গভীর বনের দিকে ফিরে যেতে থাকে।

লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।

মোবাইল: 01556-560126 / 01645-950296

তারিখ: 09/11/2026 খিষ্টাব্দ।