আলীকদমে মাতামুহুরীতে ভেসে আসা লাশ শনাক্ত: নড়াইলের পর্যটক জুবাইরুল ইসলাম, ২ জন নিখোঁজ


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ৬:৪৮ পূর্বাহ্ন /
আলীকদমে মাতামুহুরীতে ভেসে আসা লাশ শনাক্ত: নড়াইলের পর্যটক জুবাইরুল ইসলাম, ২ জন নিখোঁজ

আলীকদম, বান্দরবান, ১২ জুন ২০২৫: বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ শনাক্ত করেছে আলীকদম থানা পুলিশ। নিহত ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ জুবাইরুল ইসলাম। এই ঘটনায় কো-হোস্ট হাসানসহ আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আলীকদম থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাজার পাড়ার তাহের মল্লিকের জমিতে মাতামুহুরী নদীর পানিতে লাশটি ভেসে আসে। খবর পেয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আহমেদ মিশু এবং এ.এস.আই শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত শেখ জুবাইরুল ইসলামের পিতার নাম শেখ হিদায়েতুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ কামরুন্নাহার। তার আইডি নম্বর ২৮৫৪২৭১০৪১। পূর্ণ ঠিকানা: ধলইতলা পাচুড়িয়া, ডাকঘর: হাট পাচুড়িয়া, পোস্ট কোড: ৭৫১০, উপজেলা: লোহাগড়া, জেলা: নড়াইল।

আলীকদম থানার এসআই শাহাদাৎ হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন ‘বর্ষা’-র সেল্পি।

নিখোঁজদের বিবরণ ও দুর্ঘটনার প্রেক্ষাপট:

জানা গেছে, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন ‘বর্ষা’-র নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার (১১ জুন) আলীকদমে এসেছিলেন। এই দলে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড় ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গমনের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল; একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন।

নিখোঁজ হাসান ও স্মৃতি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন জানান, বর্তমানে ২২ জনের একটি দলের ১৯ জন সদস্য আলীকদম থানায় অবস্থান করছেন। নিখোঁজ তিনজনের মধ্যে জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে, তবে কো-হোস্ট হাসানসহ বাকী দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি থানায় অবস্থানরত ১৯ জন পর্যটকের সাথে কথা বলে নিশ্চিত হন যে, গত বুধবার রাতে তারা তৈনখাল পার হচ্ছিলেন। ১৯ জন নিরাপদে খাল পার হতে পারলেও কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন হলেন শেখ জুবাইরুল ইসলাম, যার লাশ বৃহস্পতিবার ভোরে আলীকদম সদরের ফরেস্ট ঘাটে ভেসে আসে।