পার্বত্য চট্টগ্রাম: শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির নতুন রূপরেখা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন /
পার্বত্য চট্টগ্রাম: শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির নতুন রূপরেখা

✍️ মমতাজ উদ্দিন আহমদ


  • পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক ভূখণ্ড, যা অপার সম্ভাবনা ও বৈচিত্র্যের আধার। তবে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, উন্নয়ন বৈষম্য ও আস্থার সংকট এই অঞ্চলের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। এই নিবন্ধটিতে পাহাড়ের বিদ্যমান সমস্যাগুলোর একটি সামগ্রিক ও ইনসাফভিত্তিক সমাধানের রূপরেখা তুলে ধরা হয়েছে। ১৯৯৭ সালের শান্তিচুক্তির যুগোপযোগী সংস্কার, মৌলিক নাগরিক সুবিধার সুষম বণ্টন, এবং একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর এখানে জোর দেওয়া হয়েছে।
  • নিবন্ধটির মূল দর্শন হলো—প্রকৃতি ও আদি সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে পরিবেশবান্ধব পর্যটন ও স্থানীয় তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা। এটি কেবল একটি প্রশাসনিক উন্নয়নের প্রস্তাবনা নয়, বরং পাহাড় ও সমতলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি আদর্শিক আহ্বান। পরিশেষে, বৈষম্যহীন সমাজ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে দেশের সমৃদ্ধির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটি আধুনিক ও মানবিক রূপরেখা এখানে উপস্থাপন করা হয়েছে।

সবুজের বাঁকে লুকানো এক-দশমাংশ বাংলাদেশ—পার্বত্য চট্টগ্রাম। এটি এক বিশাল সম্ভাবনা, এক অমূল্য সম্পদ এবং প্রকৃতির অনন্য দান। এখানে বৈচিত্র্যের মেলা; ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল জীবন আর ঐতিহ্যের বহমান স্রোত। কিন্তু এই সুন্দরের পিঠে আজো রাজনৈতিক অস্থিরতার ক্ষত, উন্নয়ন বৈষম্যের হাহাকার এবং দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার দীর্ঘ ছায়া রয়ে গেছে। পাহাড়ের বুক আজো দীর্ঘশ্বাসে ভারি।

পার্বত্য চট্টগ্রাম শুধু আমাদের মানচিত্রের অংশ নয়, এটি আমাদের গর্ব। পাহাড়ের প্রতিটি মানুষের অধিকার আর প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করেই গড়তে হবে আগামীর বাংলাদেশ। পাহাড়ের বহু জাতির অন্তর্ভুক্তিকে সংহতি ও ন্যায়ের মানদণ্ডে উচ্চকিত করতে হবে। এখানে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাদের মর্যাদা ও শান্তি নিশ্চিত করতে হবে। পাহাড়ের গাছ-গাছালি, নদী-ঝরনা আর মানুষের প্রাণ সব মিলিয়ে এ যেন দেশের হৃদয়। পাহাড়কে বাদ দিয়ে সমতলের পূর্ণতা অসম্ভব।

সময়ের দাবি আজ স্পষ্ট। প্রান্তিকের কান্না থামানোই আজ বড় কাজ। পাহাড়ের চোখে খুশির ঝিলিক আর সকল জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার পরম প্রাপ্তি চাই। শান্তি আসুক সম্মানের পথে, মুক্তি আসুক ন্যায়ের হাত ধরে। টেকসই শান্তি মানেই তো ভালোবাসার বনসাই; যেখানে হিংসা নেই, আছে শুধু সহমর্মিতা। বিভেদ মুছে আমরা হৃদয় দিয়ে পাহাড়কে চিনি। ভ্রাতৃত্বের এক নতুন সকাল ডাকি, যেখানে পাহাড় ও সমতল এক সুরে গাইবে এবং প্রতিটি নাগরিক পাবে তার ন্যায্য ভাগ। ইনসাফের সেই অনন্য স্বদেশে জয়গান হোক সাম্য আর মৈত্রীর।

পার্বত্য চুক্তির সংস্কার ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন:

২ ডিসেম্বর ১৯৯৭; পাহাড়ে শান্তির সুবাতাস বইবে বলে এক চুক্তি হলো। ইতিহাসের পাতায় সে এক বড় অর্জন বটে। পাহাড়ের মানুষ স্বপ্ন দেখল মুক্তির। কিন্তু সময় বহমান; সেই চুক্তির গায়ে আজ ধুলো জমেছে। চুক্তির কিছু ধারা নিয়ে শুরু থেকেই মনে প্রশ্ন জমা হয়েছে, যার কিছু সংবিধানের সাথেও সাংঘর্ষিক। কোথাও রয়ে গেছে না-পাওয়ার দীর্ঘশ্বাস।

আজ দিন বদলের সময়। পাহাড় মানেই মানুষ। সেখানে বাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি। সবার রক্তই লাল, সবার স্বপ্নের আকাশ এক। কারো অধিকার ছোট নয়, কারো না-পাওয়া তুচ্ছ নয়। বৈষম্য যেখানে থাকে, সেখানে শান্তি পথ হারায়। তাই শান্তিচুক্তির সেই পুরনো দলিল আজ সংস্কার দাবি করে। এটি কেবল কাগজের কাটছাঁট নয়, এটি হৃদয়ের গভীর সংস্কার। যুগোপযোগী এক সংস্কার আসুক যেখানে কোনো গোষ্ঠী বঞ্চিত হবে না এবং ন্যায়ের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে রাজনৈতিক স্থিতিশীলতা। পাহাড় হাসলে হাসবে বাংলাদেশ। নতুন বাংলাদেশের পাহাড়ের চূড়ায় উড়ুক ন্যায়ের ঝাণ্ডা।

জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ প্রকল্প:

পাহাড়ের সেই উঁচু-নিচু মেঘেদের দেশে মৌলিক অধিকারের সুবাতাস পৌঁছে দিতে হবে। দুর্গমতার কারণে জীবন সেখানে থমকে আছে; সাধারণ নাগরিক সুবিধা আজো অনেকের কাছে স্বপ্ন। আলো নেই, পথ নেই—আছে কেবল টিকে থাকার লড়াই। এই পিছিয়ে থাকা জীবন আর মেনে নেওয়া যায় না। প্রতিটি পাহাড়ি জনপদে উন্নয়নের মশাল জ্বালাতে আমরা চাই এক বিশেষ প্রকল্পের ছোঁয়া।

শিক্ষা ও স্বাস্থ্য: পাহাড়ের শিশুদের চোখে বিশ্বজয়ের স্বপ্ন। পাহাড়ের প্রতি পরতে গড়ে উঠুক আধুনিক স্কুল, যেখানে শিক্ষার সাথে মিশবে নৈতিকতা। পাহাড়ের চূড়ায় থাকবে বিশেষায়িত হাসপাতাল, যেন অসুখ হলে আর সমতলে ছুটতে না হয়। যোগাযোগ ও পানি: দুর্গম পাথর কেটে প্রশস্ত পথ ও সীমান্ত সড়ক তৈরি হচ্ছে। বিচ্ছিন্ন পাড়াগুলো যুক্ত হবে মূল স্রোতে, ঘুচে যাবে মানুষের দূরত্ব। এখন নিশ্চিত করতে হবে প্রতি ঘরে ঘরে নিরাপদ পানির গ্যারান্টি। আধুনিক জীবনের স্পর্শে যখন জীবন বদলে যাবে, তখনই আসবে প্রকৃত শান্তি ও নিরাপত্তা। উন্নয়নের এই মিছিলে শামিল হোক প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ মানুষ। ইনসাফ আর উন্নয়ন যখন হাতে হাত রেখে হাঁটবে, তখনই পাহাড় ফিরে পাবে তার প্রকৃত সম্মান।

বিভেদ ও বৈষম্য নিরসন:

পাহাড়ের মানুষ আজ বড্ড একা। ক্ষুদ্র নৃগোষ্ঠী আর সাধারণ জনতা—সবার মাঝে এক আস্থার সংকট। মনের দূরত্ব আজ পাহাড়ের চেয়েও উঁচু। আমরা সেই বিভেদের শক্ত দেয়াল ভেঙে হৃদয়ের মেলবন্ধন গড়তে চাই। রাষ্ট্রের চোখে সবাই সমান। বৈষম্য যেখানে থাকে, ঘৃণা সেখানে ডালপালা মেলে। সংলাপ হোক আমাদের অস্ত্র, আলাপেই আসুক সমাধান। সংঘাত নয়, ভালোবাসাই হোক পাহাড়ের ভাষা।

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ:

উন্নয়ন তখনই সম্ভব, যখন শান্তি নিশ্চিত হয়। খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবানে অস্থিরতার কোনো স্থান নেই। চাঁদাবাজি আর অস্ত্রের গর্জন চিরতরে স্তব্ধ করতে হবে। নিরাপত্তা বাহিনী হবে জনগণের বন্ধু; তারা কেবল পাহারা দেবে না, ভরসা জোগাবে। ত্রাস আর ভয়কে বিদায় দিয়ে পাহাড়ের প্রতিটি পাথর আর প্রতিটি প্রাণকে সুরক্ষিত রাখা হবে। শান্তি মানে আস্থার এক আকাশ, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বাঙালি একসাথে স্বপ্ন দেখবে। পাহাড়ের চূড়ায় উড়ুক ন্যায়ের নিশান।

পর্যটন শিল্পের আধুনিকায়ন ও স্থানীয় কর্মসংস্থান:

পার্বত্য চট্টগ্রাম আমাদের সৌন্দর্যের রাজধানী। পর্যটন হোক পাহাড়ের নতুন স্বপ্ন। তবে পাহাড় কাটা বন্ধ করতে হবে এবং বৃক্ষ নিধন রোধ চাই। পাহাড়ের আদি রূপ অক্ষুণ্ণ রেখে গড়ে উঠবে পরিবেশবান্ধব পর্যটন। মেঘের কোলে হবে ছোট রিসোর্ট। প্রকৃতি আর আধুনিকতা এখানে হাত ধরাধরি করে চলবে।

পাহাড়ের সম্পদ হবে পাহাড়ের মানুষের। আয়ের ভাগ পাবে স্থানীয় জনপদ, যা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হবে। স্থানীয় তরুণরাই হবে এই শিল্পের প্রধান শক্তি। পাহাড়ের আতিথেয়তা হবে তাদের হাতে; সম্পদ রক্ষা করেই তারা স্বাবলম্বী হবে।

সংস্কৃতির সুবাস: প্রতিটি নৃগোষ্ঠীর নিজস্ব সুর, রঙিন পোশাক আর অনন্য ভাষা আছে। রাষ্ট্র এই বৈচিত্র্যকে বিশ্বে তুলে ধরবে। পর্যটকরা জানবে পাহাড়ের আদি ইতিহাস। স্থানীয়দের কারুপণ্য বড় বাজার পাবে, ক্ষুদ্র ব্যবসাগুলো প্রাণ ফিরে পাবে। সংস্কৃতির এই বিনিময় হৃদয় বড় করবে। পাহাড় হাসলে দেশের অর্থনীতি হাসবে। পর্যটন হবে পাহাড়ের আত্মপরিচয়ের সেতু।

শেষকথা:

পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নতির জন্য পাহাড়কে পাশে চাই। আমাদের লক্ষ্য হবে বৈষম্যহীন এক সমাজ। নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। পর্যটন শিল্পের আধুনিক বিকাশ আর পরিবেশের সুরক্ষাই পাহাড়কে দেশের অর্থনৈতিক ও নান্দনিক কেন্দ্রে পরিণত করবে। পাহাড় ও সমতলের দূরত্ব ঘুচে যাক। মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক। ভালোবাসায় জড়িয়ে থাকুক আমাদের মানচিত্র। এই ঐক্যই হোক আমাদের আগামীর লক্ষ্য।

লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব।