
✍️ মমতাজ উদ্দিন আহমদ
ইতিহাসের আড়ালে এক বিস্মৃত যাত্রাপথ
পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ইতিহাসে মাতামুহুরী উপত্যকাভূক্ত আলীকদম একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। পাহাড়, নদী ও প্রাচীন যোগাযোগপথের সমন্বয়ে গড়ে ওঠা এই উপত্যকা একসময় আরাকান ও দক্ষিণ পার্বত্য চট্টগ্রামের মধ্যে যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে। স্থানীয় জনস্মৃতিতেও এই পথকে ঘিরে নানা কাহিনি প্রচলিত আছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য আখ্যান চাকমাদের আরাকান-অধ্যায়, নির্বাসন এবং মাতামুহুরী উপত্যকায় প্রত্যাবর্তনের স্মৃতি।
পার্বত্য গবেষক আতিকুর রহমান তাঁর ‘অনুসন্ধান: আলীকদম ও তৈনছড়ি’ নিবন্ধে এই লোকস্মৃতির একটি বিস্তৃত বিবরণ দিয়েছেন। তাঁর বর্ণনায় চাকমাদের এক প্রাচীন রাজ্যের রাজধানী ছিল উত্তর আরাকানের মইসাগিরি নামক স্থানে। সেখান থেকে শুরু হয় সংঘাত, রাজপরিবারের বন্দিত্ব, প্রজাদের নির্বাসন এবং পরবর্তী সময়ে নতুন আশ্রয়ের সন্ধান।
এই বিবরণে ইতিহাসের কিছু পরিচিত ভৌগোলিক নামের পাশাপাশি এমন কয়েকটি নাম এসেছে। একদিকে এটি চাকমাদের অতীত-স্মৃতির একটি মূল্যবান উপাদান। আরাকানের ইতিহাসে মেংদি নামে এক রাজার উল্লেখ পাওয়া যায়। টি. এইচ. লুইন তাঁর The Hill Tracts of Chittagong and the Dwellers Therein গ্রন্থে আরাকানের রাজবৃত্তান্তের বরাত দিয়ে জানান, আরাকান সনের ৬৫৬ সালে রাজা মেংদি শান ও চাক জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এ তথ্যের মূল সূত্র হিসেবে তিনি এ. পি. ফেয়ারের ১৮৪৪ সালে প্রকাশিত ‘On the History of Arakan’ প্রবন্ধের উল্লেখ করেছেন।
এই বিবরণ থেকে বোঝা যায়, মধ্যযুগের আরাকান রাজনীতিতে শান ও চাক জনগোষ্ঠীর সঙ্গে রাজশক্তির সংঘাতের একটি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষিত ছিল। এই মেংদি রাজাকে চাকমা লোকস্মৃতিতে উল্লিখিত মেংদি বা মিনথি রাজার সঙ্গে অভিন্ন বলে চিহ্নিত করার জন্যও আরও প্রমাণ প্রয়োজন। আরাকানের রাজবৃত্তান্ত, ঔপনিবেশিক নৃবৈজ্ঞানিক বিবরণ এবং চাকমাদের নিজস্ব বংশপরম্পরার কাহিনি মিলে তিন ধারার তথ্য পাশাপাশি বিচার করেই তাঁর পরিচয় ও ঐতিহাসিক ভূমিকা নির্ণয় করা সম্ভব।
মইসাগিরি: উত্তর আরাকানের কথিত চাকমা রাজধানী:
আতিকুর রহমানের বিবরণ অনুযায়ী, চাকমাদের প্রাচীন রাজ্য ও রাজধানী ছিল উত্তর আরাকানের মইসাগিরি নামক স্থানে। স্থানটি চীন পাহাড়ের দক্ষিণ ঢাল এবং সীমান্তবর্তী কালাদাইন নদীর উপত্যকায় অবস্থিত বলে তিনি উল্লেখ করেছেন।
কালাদাইন নদী আরাকান ও পার্বত্য অঞ্চলের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পথ। নদী উপত্যকা ধরে পাহাড়ি জনপদগুলোর মধ্যে যাতায়াতের সুযোগ ছিল। ফলে উত্তর আরাকান ও দক্ষিণ পার্বত্য চট্টগ্রামের মধ্যে মানুষের চলাচল, বাণিজ্য কিংবা রাজনৈতিক যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তবে মইসাগিরিকে চাকমা রাজ্যের রাজধানী হিসেবে শনাক্ত করার মতো কোনো সমকালীন দলিল, শিলালিপি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবা স্বতন্ত্র ঐতিহাসিক বিবরণ আতিকুর রহমানের নিবন্ধে উপস্থাপিত হয়নি।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। কোনো জনগোষ্ঠীর লোকস্মৃতিতে সংরক্ষিত রাজধানী বা রাজ্যের নাম অনেক সময় দীর্ঘকাল টিকে থাকে। কিন্তু সেই স্মৃতির সঙ্গে বর্তমান ভূগোলের সম্পর্ক নির্ণয় করতে ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক অনুসন্ধান প্রয়োজন। মইসাগিরির ক্ষেত্রেও এই অনুসন্ধান প্রযোজ্য।
মগরাজা মেংদির অভিযান ও রাজপরিবারের বন্দিত্ব:
আতিকুর রহমানের বর্ণনায়, চাকমাদের ক্রমবর্ধমান আধিপত্যে উদ্বিগ্ন হয়ে আরাকানের মগরাজা মেংদি মইসাগিরি অঞ্চল আক্রমণ করেন। সেই অভিযানে চাকমা রাজ্য দখল হয় এবং রাজপরিবারের সদস্যরা বন্দি হন।
চাকমা রাজার তিন পুত্র, তিন রানী, দুই রাজকন্যা এবং প্রায় দশ হাজার প্রজা মগ রাজার হাতে বন্দি হন। বিপুল ধনসম্পদও বিজয়ীদের দখলে যায়। দুই রাজকন্যার একজনকে মগরাজা এবং অন্যজনকে তাঁর মন্ত্রীর পুত্র স্ত্রী হিসেবে গ্রহণ করেন। রাজা ও রাজপুত্রদের গৃহবন্দি রাখা হয়। আর সাধারণ বন্দিদের পাঠানো হয় ‘এংখ্যং’ নামের একটি অঞ্চলে।
এই বিবরণে রাজপরিবারের পরিণতি ও বিপুলসংখ্যক প্রজাকে নিজস্ব আবাসভূমি থেকে সরিয়ে অন্যত্র পাঠানোর ঘটনা লোকস্মৃতিতে নির্বাসন হিসেবে রয়ে গেছে। অভিযানটির সাল, মগ রাজার পরিচয় এবং বন্দির সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও কাহিনিটি যে একটি বৃহৎ রাজনৈতিক বিপর্যয় ও জনস্থানান্তরের স্মৃতি বহন করছে, তা আলোচনার যোগ্য।
নির্বাসিত চাকমাদের কথিত আশ্রয়স্থল এংখ্যং:
মইসাগিরি থেকে বন্দি চাকমাদের যে অঞ্চলে নির্বাসিত করা হয়েছিল, আতিকুর রহমান সেই স্থানের নাম লিখেছেন ‘এংখ্যং’। তাঁর দাবি, পুরোনো মানচিত্রে এংখ্যং নামের একটি স্থানের সন্ধান পাওয়া যায় এবং সেটি মাতামুহুরী উপত্যকার অন্তর্গত।
এই তথ্যের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কারণ এংখ্যংয়ের অবস্থান যদি পুরোনো মানচিত্রের সাহায্যে নিশ্চিত করা যায়, তাহলে আরাকান থেকে চাকমাদের নির্বাসন এবং মাতামুহুরী উপত্যকার সঙ্গে তাদের প্রাচীন সম্পর্ক অনুসন্ধানের একটি ভৌগোলিক সূত্র পাওয়া যেতে পারে।
তবে আতিকুর রহমান কোন মানচিত্র ব্যবহার করেছেন, তার প্রকাশকাল কী এবং সেখানে নামটির বানান ঠিক কীভাবে লেখা হয়েছে এসব তথ্য তাঁর নিবন্ধে স্পষ্ট নয়। ফলে এংখ্যংকে মাতামুহুরী উপত্যকার একটি নিশ্চিত ঐতিহাসিক স্থান হিসেবে চিহ্নিত করার আগে মূল মানচিত্রটি শনাক্ত ও পরীক্ষা করা প্রয়োজন।
রাজপুত্র ঘাওটিয়া ও রাজা মৈসাংয়ের স্মৃতি:
নির্বাসনের পরও আরাকানে চাকমাদের উপস্থিতি সম্পূর্ণ বিলুপ্ত হয়নি বলে আতিকুর রহমানের কাহিনিতে এই বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। তাঁর বিবরণ অনুযায়ী, বন্দি রাজপুত্র ঘাওটিয়া পরবর্তী সময়ে একজন দলপতি হয়ে ওঠেন। তাঁর পুত্র ছিলেন রাজা মৈসাং। অর্থাৎ রাজপরিবারের বন্দিত্বের মধ্যেও একটি রাজনৈতিক নেতৃত্বের ধারা টিকে ছিল বলে লোকস্মৃতিতে ধারণা করা হয়েছে।
মৈসাংয়ের নামকে কেন্দ্র করে চাকমাদের মধ্যে একটি লোকগীতির কথাও আতিকুর রহমান উদ্ধৃত করেছেন। গানের পঙ্ক্তিগুলো তাঁর নিবন্ধে এভাবে সংরক্ষিত হয়েছে:
এলে মৈসাং লালচ নেই;
ন এলে’ মৈসাং কেলেচ নেই।
চল ভেই লো চল যেই
চম্পক নগর ফিরি যেই।
গানের প্রথম দুই পঙ্ক্তির পাঠ ও অর্থ আরও ভাষাতাত্ত্বিক যাচাই দাবি করে। তবে পরের পঙ্ক্তিগুলোতে একটি স্পষ্ট আহ্বান আছে- চলো, আমরা চম্পক নগরে ফিরে যাই।
এই গানের কেন্দ্রে রাজা মৈসাংয়ের আগমন বা অনাগমনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বদেশে ফেরার আকাঙ্ক্ষা। লোকগীতির ব্যাখ্যায় আতিকুর রহমান দেখিয়েছেন, সাধারণ চাকমারা রাজা মৈসাংয়ের ফিরে আসার অপেক্ষায় থাকতে চায় না। তারা নিজেরাই পুরোনো আবাসভূমিতে ফিরে যেতে চায়।
এখানে রাজা ও প্রজার সম্পর্কের একটি ভিন্ন চিত্রও ফুটে ওঠে। রাজনৈতিক নেতৃত্বের স্মৃতি থাকলেও জনসমাজের প্রধান আকাঙ্ক্ষা ছিল নিরাপদ আবাসে ফিরে যাওয়া। এই দিক থেকে গানটি শুধু কোনো রাজার প্রশস্তি নয়। স্থানচ্যুত মানুষের সম্মিলিত মনস্তত্ত্বেরও প্রকাশ।
নির্বাসিত মানুষের উভয় সংকট ‘ঘরত গেলে মগে পায়’:
আতিকুর রহমান একই প্রসঙ্গে আরেকটি লোকগীতি উদ্ধৃত করেছেন:
ঘরত গেলে মগে পায়
ঝারত গেলে বাঘে খায়
বাঘে ন খেলে মগে পায়
মগে ন পেলে বাঘে খায়।
গানটির বক্তব্যে নির্বাসিত মানুষের অসহায়তা প্রকাশ পেয়েছে। ঘরে থাকলে মগদের হাতে ধরা পড়ার ভয়। বনে আশ্রয় নিলে বাঘের আক্রমণের আশঙ্কা। অর্থাৎ মানুষের তৈরি রাজনৈতিক বিপদ এবং প্রকৃতির বিপদ। দুইয়ের মাঝখানে তাদের জীবন আটকে পড়েছে।
এই চারটি পঙ্ক্তি লোকস্মৃতির দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে কোনো রাজবংশের গৌরব নেই, নেই বিজয় বা পরাজয়ের বর্ণনা। আছে সাধারণ মানুষের বেঁচে থাকার সংকট। এমন সংকটের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে গীতিরূপে টিকে থাকতে পারে।
গানের ভাষা ও শব্দের পাঠও গুরুত্বপূর্ণ। ‘ঘর’, ‘ঝার’ এবং ‘মগে পায়’। এই শব্দবন্ধগুলো একটি নির্দিষ্ট ভৌগোলিক ও সামাজিক অভিজ্ঞতার ইঙ্গিত দেয়। তবে গানটির রচনাকাল, মূল ভাষার রূপ এবং পরবর্তী কালে এর কোনো পরিবর্তন ঘটেছে কি না, তা জানা প্রয়োজন।
লোকগীতিকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে একটি সীমা আছে। গান কোনো ঘটনার তারিখ বা নির্ভুল বিবরণ দেয় না। কিন্তু কোনো জনগোষ্ঠী কীভাবে নির্বাসন, ভয়, নিরাপত্তাহীনতা ও স্বদেশচ্যুতির অভিজ্ঞতাকে মনে রেখেছে, তা বোঝার মূল্যবান সূত্র হতে পারে।
হারানো স্বদেশের সন্ধান চম্পক নগর:
লোকগীতিতে ‘চম্পক নগর’ নামটি এসেছে স্বদেশের প্রতীক হিসেবে। নির্বাসিত চাকমারা সেখানে ফিরে যেতে চেয়েছিল। কিন্তু চম্পক নগরের সঠিক অবস্থান কোথায়? এটি কি মইসাগিরির পূর্ববর্তী কোনো আবাসভূমি? নাকি চাকমাদের আরও প্রাচীন কোনো জনপদের স্মৃতি? অথবা দীর্ঘ সময়ের ব্যবধানে লোককথায় রূপান্তরিত একটি আদর্শ স্বদেশের নাম?
এই প্রশ্নগুলোর উত্তর এখনো অনির্ধারিত।
লোকস্মৃতিতে হারানো রাজধানী বা নগরের নাম অনেক সময় বাস্তব কোনো স্থানের স্মৃতি বহন করে। আবার কখনো তা হয়ে ওঠে হারানো রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক সংহতির প্রতীক। চম্পক নগরের ক্ষেত্রেও এই দুই সম্ভাবনাই রয়েছে।
নামটির সঙ্গে চাকমা রাজবংশের অন্যান্য বংশতালিকা, লোকগীতি, আঞ্চলিক উপকথা এবং আরাকানের ঐতিহাসিক স্থাননাম মিলিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে পুরোনো মানচিত্র ও ঔপনিবেশিক আমলের গেজেটিয়ারেও অনুসন্ধান চালানো যেতে পারে।
এংখ্যং ও তৈনছড়ি হয়ে মাতামুহুরী উপত্যকায় প্রত্যাবর্তন:
আরাকান থেকে প্রত্যাবর্তনকারী চাকমারা প্রথমে এংখ্যং এবং আলীকদমের তৈনছড়ি অঞ্চলে জমায়েত হতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল পুরোনো স্বদেশে ফিরে যাওয়া। কিন্তু দীর্ঘ নির্বাসনের ফলে চম্পক নগরের সঠিক অবস্থান তারা আর মনে করতে পারেনি।
এই অনিশ্চয়তার মধ্যে স্থানীয় মুসলিম সামন্তদের সহানুভূতি ও সহায়তায় তারা মাতামুহুরী উপত্যকাভূক্ত আলীকদমে বসতি স্থাপন করে। আতিকুর রহমানের ব্যাখ্যায়, এই উপত্যকাই ধীরে ধীরে তাদের নতুন স্বরাজ্যে পরিণত হয়। আরাকান থেকে প্রত্যাবর্তনের স্মৃতির সঙ্গে আলীকদম ও মাতামুহুরী অঞ্চলে চাকমাদের বসতি গঠনের যোগসূত্রটি চাকমা পন্ডিতরাও তাঁদের বিভিন্ন লেখনীতে তুলে ধরেছেন।
তবে এই প্রত্যাবর্তনের সময়কাল, নেতৃত্বদানকারী ব্যক্তিদের পরিচয়, যাত্রাপথ এবং বসতি স্থাপনের নির্দিষ্ট স্থানগুলো স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। ‘এংখ্যং’ ও ‘তৈনছড়ি’তে জমায়েত হওয়ার বিবরণও চাকম জাতির ইতিহাসেরও অংশ বটে।
মাতামুহুরী উপত্যকার ভৌগোলিক অবস্থান অবশ্য এই ধরনের জনচলাচলের সম্ভাবনা বিবেচনার সুযোগ দেয়। নদী ও পাহাড়ি পথ ধরে আরাকানের সঙ্গে যোগাযোগের ঐতিহাসিক সম্ভাবনা ছিল। কিন্তু কোনো পথের ভৌগোলিক সম্ভাবনা থাকলেই নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রত্যাবর্তনের ঘটনা প্রমাণিত হয় না। সে জন্য প্রয়োজন স্বতন্ত্র ঐতিহাসিক সাক্ষ্য।
নতুন সমাজ, সাংস্কৃতিক সংযোগ ও আতিকুর রহমানের ব্যাখ্যা:
মাতামুহুরী উপত্যকায় বসতি স্থাপনের পর চাকমা নেতৃত্ব ও স্থানীয় মুসলিম সামন্তদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে আতিকুর রহমান মনে করেন। তাঁর মতে, এই যোগাযোগ শুধু রাজনৈতিক বা প্রশাসনিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সামাজিক আচার, নাম, উপাধি, পোশাক ও পারিবারিক রীতিতেও এর প্রভাব পড়েছিল।
তিনি চাকমা অভিজাতদের মুসলমানি নাম ও খেতাব গ্রহণ, মুসলিম গৃহস্থালির ভাষা ও আচরণের কিছু অভ্যাস অনুসরণ এবং চাকমা নারীদের ‘বিবি’ সম্বোধনের প্রচলনকে এই মিশ্র সামাজিকতার ফল হিসেবে ব্যাখ্যা করেছেন। ‘বিবি’ শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘বি’ ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেছেন।
একইভাবে ‘খিসা’ পদবির উৎস ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফারসি ‘খেশ’ শব্দের বহুবচন ‘খেশা’ থেকে চাকমা উচ্চারণে ‘খিসা’ রূপের উৎপত্তি হয়েছে বলে মত দিয়েছেন। তাঁর ব্যাখ্যায় শব্দটির অর্থ আত্মীয় বা স্বজন। তিনি আরও মনে করেন, চাকমা ও চট্টগ্রামের মুসলমানদের মধ্যে বৈবাহিক সম্পর্কের ফলে কিছু মিশ্র সামাজিক পরিচয় গড়ে উঠেছিল।
এসব ব্যাখ্যা লেখকের নিজস্ব ভাষাতাত্ত্বিক ও সামাজিক অনুমান। এগুলোকে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে গ্রহণ করার আগে শব্দের প্রাচীন রূপ, চাকমা ভাষার ব্যবহার, পারিবারিক বংশতালিকা এবং ঐতিহাসিক দলিল পরীক্ষা করা দরকার। বিশেষ করে ‘খিসা’ পদবির উৎপত্তি নির্ধারণে শুধু ধ্বনিগত মিল যথেষ্ট নয়। শব্দটির চাকমা ভাষায় নিজস্ব অর্থ বা অন্য কোনো উৎস আছে কি না, সেটিও অনুসন্ধান করতে হবে।
তবে আতিকুর রহমানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি মাতামুহুরী উপত্যকার চাকমা সমাজকে বিচ্ছিন্ন কোনো জনসমষ্টি হিসেবে দেখেননি। তাঁর বিবরণে স্থানীয় মুসলিম সামন্ত, চাকমা নেতৃত্ব এবং অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘকালীন যোগাযোগের একটি চিত্র পাওয়া যায়। এই সামাজিক ইতিহাস অনুসন্ধানের জন্য বংশতালিকা, বিবাহসংক্রান্ত স্মৃতি, পদবি, পারিবারিক দলিল ও স্থানীয় মৌখিক সাক্ষ্য গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে।
লোকস্মৃতি, ইতিহাস ও যাচাইয়ের প্রয়োজন:
মইসাগিরি থেকে মাতামুহুরী পর্যন্ত চাকমাদের নির্বাসন ও প্রত্যাবর্তনের কাহিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে।
প্রথমত, উত্তর আরাকানের মইসাগিরি কি সত্যিই কোনো প্রাচীন চাকমা রাজনৈতিক কেন্দ্র ছিল? দ্বিতীয়ত, মগরাজা মেংদির অভিযান ও বন্দিত্বের ঘটনাটি কোন সময়ের? তৃতীয়ত, এংখ্যং নামের স্থানটি পুরোনো মানচিত্রে কোথায় চিহ্নিত? চতুর্থত, ঘাওটিয়া ও মৈসাংয়ের পরিচয় চাকমা রাজবংশের প্রচলিত বংশতালিকার সঙ্গে কীভাবে সম্পর্কিত? পঞ্চমত, চম্পক নগরের অবস্থান কোথায়? সবশেষে, আরাকান থেকে প্রত্যাবর্তনকারী চাকমারা কোন সময়ে এবং কোন পথে মাতামুহুরী উপত্যকায় বসতি স্থাপন করেছিল?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে কয়েক ধরনের উপাদান পাশাপাশি পরীক্ষা করা প্রয়োজন। চাকমা রাজবংশের বংশতালিকা ও ঐতিহ্যবাহী বিবরণগ্রন্থ, আরাকানের রাজবংশীয় ইতিহাস, পুরোনো মানচিত্র, নদীপথ ও জনবসতির নাম, ঔপনিবেশিক আমলের প্রশাসনিক নথি এবং চাকমা লোকগীতির বিভিন্ন পাঠ পারে অনুসন্ধানের উপাদান।
আতিকুর রহমানের উদ্ধৃত পঙ্ক্তিগুলো কোন অঞ্চলের গায়কদের কাছ থেকে সংগৃহীত, গানের ভাষা ও উচ্চারণ কীভাবে সংরক্ষিত হয়েছে এবং একই গান অন্য কোনো চাকমা পরিবার বা এলাকায় ভিন্নভাবে প্রচলিত আছে কি না, এসব তথ্য জানা গেলে কাহিনিটির বয়স ও বিস্তৃতি সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে।
এখানে ইতিহাস ও লোকঐতিহ্যের মধ্যে পার্থক্য বজায় রাখা জরুরি। লোকস্মৃতি কোনো ঘটনার নির্ভুল দলিল নয়। কিন্তু ইতিহাসের অনেক অনালোচিত অধ্যায়ের সন্ধান দেয় এই স্মৃতিই। কোনো জনগোষ্ঠীর স্থানচ্যুতি, নতুন আবাসভূমি গ্রহণ এবং সাংস্কৃতিক অভিযোজনের অভিজ্ঞতা লোকগীতি ও বংশকথায় দীর্ঘকাল বেঁচে থাকতে পারে।
শেষকথা:
মইসাগিরি থেকে এংখ্যং, সেখান থেকে তৈনছড়ি এবং শেষ পর্যন্ত মাতামুহুরী উপত্যকায় বসতি স্থাপনের যে কাহিনি পাওয়া যায়, তা দক্ষিণ পার্বত্য চট্টগ্রামের জনবসতির ইতিহাস অনুসন্ধানে একটি উল্লেখযোগ্য লোকঐতিহাসিক সূত্র।
এই কাহিনিতে আছে একটি কথিত রাজ্যের পতন, রাজপরিবারের বন্দিত্ব, সাধারণ মানুষের নির্বাসন, হারানো স্বদেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং নতুন ভূখণ্ডে আশ্রয় গ্রহণের স্মৃতি। রাজা মৈসাংকে ঘিরে লোকগীতি সেই স্মৃতিকে কণ্ঠ দিয়েছে। আর ‘ঘরত গেলে মগে পায়, ঝারত গেলে বাঘে খায়’ পঙ্ক্তিগুলো নির্বাসিত মানুষের অসহায় জীবনের এক মর্মস্পর্শী চিত্র।
মাতামুহুরী উপত্যকায় চাকমাদের বসতি গঠনের ইতিহাসে এই আখ্যানের স্থান নির্ধারণ করতে হলে আরও দলিল ও গবেষণা প্রয়োজন। মইসাগিরি, এংখ্যং, ঘাওটিয়া, মৈসাং এবং চম্পক নগরের পরিচয় এখনো অনুসন্ধানের বিষয়। কিন্তু অনিশ্চয়তার কারণে লোকস্মৃতিকে উপেক্ষা করা যায় না। বরং তার ভেতরে সংরক্ষিত স্থাননাম, বংশপরিচয়, গীতিকথা ও জনচলাচলের স্মৃতি ধরে এগোতে হবে।
ইতিহাসের কাজ লোককাহিনিকে অন্ধভাবে সত্য বলে গ্রহণ করা নয়। আবার প্রমাণের অভাবে তাকে একেবারে বাতিল করাও নয়। বরং লোকস্মৃতির সূত্র ধরে দলিলের কাছে পৌঁছানো। চাকমাদের আরাকান-অধ্যায় ও মাতামুহুরী উপত্যকায় প্রত্যাবর্তনের এই কাহিনি সেই অনুসন্ধানেরই একটি প্রাথমিক পথ খুলে দেয়।
✍️ লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।
মোবাইল: 01556-560126 / 01645-950296তারিখ: 2২/11/2026 খিষ্টাব্দ।
আপনার মতামত লিখুন :