কুরআন ও বিজ্ঞানের আলোয় চিন্তার মুক্তি ও সৃষ্টির রহস্য


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন /
কুরআন ও বিজ্ঞানের আলোয় চিন্তার মুক্তি ও সৃষ্টির রহস্য

✍️।। মমতাজ উদ্দিন আহমদ ।।


বিশ্বব্রহ্মাণ্ড বিরাট এক রহস্যের আধার। অনাধিকাল থেকে এই রহস্যভেদ করার জন্য মানুষের ভেতরে এক অদৃশ্য তৃষ্ণা কাজ করে। কেউ সেই তৃষ্ণা মেটাতে দাঁড়ায় গবেষণাগারের নীরবতায়, পরিমাপ করে নক্ষত্রের দূরত্ব, ভাঙে পরমাণুর গোপন গঠন। আবার কেউ নীরব রাতের অন্ধকারে হৃদয়ের দরজা খুলে শোনে অস্তিত্বের গভীর সুর—আমি কে, কোথা থেকে এলাম, কোথায় ফিরে যাবো? যখন আমরা আধুনিক বিজ্ঞান ও মহাগ্রন্থ আল-কুরআনের আলোকবর্তিকা হাতে নিই, তখন সেই অস্তিত্বের লড়াই আরও স্পষ্ট হয়ে ওঠে।

বিজ্ঞান মানুষকে শেখায় মহাবিশ্ব ‘কীভাবে’ প্রসারিত হয়। জীবন কীভাবে গড়ে ওঠে। চেতনা কীভাবে কাজ করে। আর আল-কুরআন আমাদের সামনে তোলে ধরে ‘কেন’ এই সৃষ্টি। কেন এই শৃঙ্খলা। কেন মানুষের অন্তরে ন্যায়-অন্যায়ের বোধ। যখন এই দুই দৃষ্টিভঙ্গি পাশাপাশি দাঁড়ায়, তখন মনে হয় জ্ঞান যেন একমাত্রিক নয়। বরং এটি একটি সমন্বিত সেতু—যেখানে যুক্তি ও বিশ্বাস, পর্যবেক্ষণ ও অনুভব, উভয়ই হাত ধরাধরি করে চলে।

আল-কুরআন বারবার মানুষকে আহ্বান করে—“তোমরা কি চিন্তা করো না?” (আফলা তাফাক্কারুন) বলে মহাবিশ্ব ও প্রকৃতির নিদর্শন নিয়ে গবেষণা করতে উৎসাহিত করেছে। এই প্রশ্নটি শুধু ধর্মীয় নয়, এটি এক গভীর দার্শনিক চ্যালেঞ্জও বটে। আকাশের দিকে তাকাও, নিজের ভেতরের দিকে তাকাও, ইতিহাসের দিকে তাকাও—প্রতিটি স্তরে ছড়িয়ে আছে এক সুসংগঠিত অর্থ। আধুনিক বিজ্ঞান যখন সেই অর্থের সূক্ষ্ম নিয়মগুলো উন্মোচন করে, তখন তা কুরআনের আহ্বানকে নীরবে শক্তিশালী করে—চিন্তা করো, অনুসন্ধান করো, কিন্তু অহংকারে হারিয়ে যেও না। ইসলামে জ্ঞান অর্জন ইবাদত হিসেবে গণ্য এবং বাস্তবতার জ্ঞান কেবল ওহী নয়, বরং যুক্তি ও পর্যবেক্ষণ নির্ভর জ্ঞান।

অবশেষে মানুষ বুঝতে শুরু করে—জ্ঞান কেবল তথ্যের সমষ্টি নয়, এটি এক যাত্রা। এই যাত্রায় বিজ্ঞান দেয় চোখ, দর্শন দেয় প্রশ্ন, আর কুরআন দেয় দিকনির্দেশনা। তিনটি মিলে তখন সৃষ্টি হয় এক পরিপূর্ণ উপলব্ধি—যেখানে মহাবিশ্ব আর কেবল বস্তুগত বাস্তবতা নয়, বরং এক জীবন্ত নিদর্শন। আর মানুষ এখানে শুধু পর্যবেক্ষক নয়, বরং সেই অর্থ অনুধাবনের দায়িত্বপ্রাপ্ত এক সচেতন সত্তা।

আমাদের সীমাবদ্ধ শরীরের ভেতরে রয়েছে একটি অসীম আত্মার বাস। এ সত্যটি মানুষ বারবার আবিষ্কার করেছে, কখনো বিজ্ঞানের আলোয়, কখনো দর্শনের গভীরে, আবার কখনো ওহীর নীরব আহ্বানে। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম বিস্ময়কর মস্তিষ্ক স্টিফেন হকিং তাঁর বিখ্যাত গ্রন্থ ‘এ ব্রিফ হিস্টোরি অব টাইম’-এ দেখিয়েছেন, মানুষের শারীরিক সীমাবদ্ধতা জ্ঞানের পরিসরকে আটকে রাখতে পারে না। শরীর হয়তো হুইলচেয়ারে আবদ্ধ, কিন্তু চিন্তা ছুটে বেড়ায় নক্ষত্রপুঞ্জেরও ওপারে।

বিজ্ঞানের ভাষায় মহাবিশ্বের সূচনা ব্যাখ্যা করা হয় ‘বিং ব্যাং’ থিওরী দিয়ে। এক বিন্দু থেকে সময়, স্থান ও শক্তির বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু কুরআনের দৃষ্টিতে এই সূচনা যেন এক ঐশী নির্দেশের প্রতিধ্বনি—“কুন”—আর তা হয়ে গেল। আল-কুরআনের ভাষায় এই সংক্ষিপ্ত বাক্যটি হলো ‘কুন ফায়াকুন’। আরবী ভাষায় ‘কুন’ শব্দের অর্থ ‘হও’।

কুরআন বলছে, আসমান ও জমিন একসাথে মিশে ছিল, তারপর আল্লাহ তা পৃথক করে দিয়েছেন; (সূরা আম্বিয়া: ৩০)। যা আধুনিক বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রসারণশীল মহাবিশ্ব নিয়ে কুরআন বলছে, “আমি মহাবিশ্বকে প্রসারিত করছি” (সূরা যারিয়াত: ৪৭)। যা ২০শ শতাব্দীতে আবিষ্কৃত বৈজ্ঞানিক সত্য। প্রাণের উৎস ও পানি নিয়ে কুরআন উল্লেখ করেছে যে, ‘সমস্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে’ (সূরা আম্বিয়া: ৩০)। যা বিজ্ঞানের এই ধারণাকে সমর্থন করে যে প্রাণের মূল উপাদান পানি। কুরআন মানুষকে অন্ধভক্তি নয়, বরং যুক্তি ও বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে মহান স্রষ্টাকে চেনার ও জানার পথ দেখায়।

বিজ্ঞানের পাশাপাশি দর্শন এখানে এক সেতুর মতো কাজ করে। এটি প্রশ্ন তোলে—মানুষ কি কেবল জৈবিক অস্তিত্ব, নাকি সে এক চেতন সত্তা, যার ভেতরে সত্য অনুসন্ধানের এক অবিনাশী শক্তি আছে? ইতিহাসের দার্শনিকরা বলেছেন, মানুষের আসল শক্তি তার দেহে নয়, তার চেতনায়; তার মাংসে নয়, তার মানসে। আর কুরআন সেই চেতনাকে জাগিয়ে তোলে প্রশ্নের মাধ্যমে—“তোমরা কি চিন্তা করো না?”

এইভাবে বিজ্ঞান, দর্শন এবং কুরআন একত্রে আমাদের সামনে এক অনন্য বাস্তবতা উন্মোচন করে। মানুষ সীমাবদ্ধ, তবু সে অসীমের অনুসন্ধানী। তার শরীর মাটির, কিন্তু তার প্রশ্ন আকাশছোঁয়া। তার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তার জ্ঞানতৃষ্ণা অনন্ত।

অতএব, সত্যিকারের মুক্তি শরীরের সীমা ভাঙায় নয়, বরং চিন্তার বিস্তারে; আর সেই চিন্তা যখন স্রষ্টার দিকে মুখ ফেরায়, তখনই সীমাবদ্ধ মানুষ অসীমের সান্নিধ্য অনুভব করতে শুরু করে। বর্তমান বিশ্বের আধুনিক যোগাযোগ প্রযুক্তির মানুষের সেই চিন্তার প্রসারের ফল।

আল-কুরআনের সাত আসমানের ধারণা মানবচিন্তার এক অনন্ত বিস্ময়ের দুয়ার খুলে দেয়। পবিত্র কুরআনে বারবার উল্লেখিত ‘সামাওয়াত’ শব্দটি মহাকাশের চিন্তার জন্য গভীর অর্থ বহন করে। কুরআনে বর্ণিত ‘সপ্ত আকাশ’ এক গভীর, সুসংগঠিত মহাজাগতিক বিন্যাসের ইঙ্গিত। আধুনিক জ্যোতির্বিজ্ঞান যখন গ্যালাক্সি, ডার্ক ম্যাটার ও কসমিক বিস্তারের রহস্য উন্মোচনে ব্যস্ত, তখন মনে হয়—এই বিশাল দৃশ্যমান মহাবিশ্ব যেন কেবল ‘সামা আদ-দুনিয়া’, প্রথম স্তরেরই প্রতিফলন।

বিজ্ঞানীদের‘মাল্টিভার্স’ ধারণা যখন একাধিক মহাবিশ্বের সম্ভাবনার কথা তোলে, তখন তা কুরআনের সাত আসমানের বহুমাত্রিক বাস্তবতার সঙ্গে ভাবগত সাদৃশ্য সৃষ্টি করে। এখানে বিজ্ঞান ও ওহী পরস্পরের বিরোধী নয়। বরং একে অপরের পরিপূরক—একটি দৃশ্যমান সত্যের ব্যাখ্যা দেয়। অন্যটি তার অন্তর্নিহিত উদ্দেশ্য ও তাৎপর্য উন্মোচন করে। এই সমন্বয় মানুষকে শুধু জ্ঞানীই করে না। বরং বিনম্র করে তোলে—কারণ সে উপলব্ধি করে, সৃষ্টির প্রতিটি স্তরের আড়ালে রয়েছে এক অসীম জ্ঞান ও ক্ষমতার অধিকারী স্রষ্টার নিখুঁত পরিকল্পনা।

হকিংয়ের গবেষণার অন্যতম বিষয় ছিল ব্ল্যাক হোল, যেখানে সময় ও স্থান অকেজো হয়ে যায়। ইসলামের ইতিহাসে ‘মেরাজ’-এর রাতে সময়ের সেই অলৌকিক প্রসারণ বা ‘টাইম ডিলেশন’ এক জ্বলন্ত প্রমাণ। সিদরাতুল মুনতাহা বা সৃষ্টির শেষ সীমানা হলো সেই রহস্যময় বিন্দু। যা আধুনিক বিজ্ঞানের ‘ইভেন্ট হরাইজন’-এর মতো। যার ওপাশে আমাদের পার্থিব নিয়ম চলে না। এই আধ্যাত্মিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের গন্তব্য কেবল এই ক্ষুদ্র পৃথিবী নয়, বরং তা মহাজাগতিক এক বিশালত্বের দিকে ধাবিত।

আধুনিক বিজ্ঞান আমাদের দেখায় নক্ষত্রের জন্ম, গ্যালাক্সির বিস্তার, এবং মহাবিশ্বের সূচনার রহস্য। বিগ ব্যাং তত্ত্বের আলোকে আমরা শুধু ঘটনার প্রক্রিয়া জানতে পারি—তার অন্তর্নিহিত উদ্দেশ্য নয়। ঠিক এখানেই কুরআন মানুষের চিন্তাকে গভীরতর স্তরে নিয়ে যায়। কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আকাশের নক্ষত্ররাজি নিছক জড় বস্তু নয়, বরং স্রষ্টার নিদর্শন। কুরআন মানুষকে ভাবতে, উপলব্ধি করতে এবং সত্যের দিকে ধাবিত হতে আহ্বান জানায়। ফলে বিজ্ঞান যখন বলে “কীভাবে” বিশ্ব চলছে, আর ওহী ও দর্শন বলে “কেন” তা চলছে—এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে পূর্ণাঙ্গ জ্ঞান। এই সমন্বিত উপলব্ধি মানুষকে তথ্যের অধিকারী করে না, বরং তাকে অর্থবহ অস্তিত্বের সন্ধান দেয়। যেখানে জ্ঞান হয়ে ওঠে ইবাদত, আর চিন্তা হয়ে ওঠে স্রষ্টার দিকে প্রত্যাবর্তনের পথ।

বিজ্ঞানী স্টিফেন হকিং যেভাবে মানুষের কৌতূহলকে তার সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে চিহ্নিত করেছেন, তেমনি আল-কুরআন এই কৌতূহলকে দিকনির্দেশনা দেয় সৃষ্টির নিদর্শন অন্বেষণের মাধ্যমে। মহাবিশ্বের বিস্তৃতি, নক্ষত্রের শৃঙ্খলা, কিংবা ‘সাত আসমান’-এর রহস্য—এসব কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় নয়। এগুলো মানুষের হৃদয়ে বিনয়, বিস্ময় এবং কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। বিজ্ঞান আমাদের শেখায় ‘কীভাবে’—আর কুরআন আমাদের দেখায় ‘কেন’; এই দুইয়ের মিলনেই জ্ঞানের পূর্ণতা। তাই মুমিনের দৃষ্টি যখন আকাশের দিকে ওঠে, তখন তা কেবল পর্যবেক্ষণেই থেমে থাকে না। বরং তা এক গভীর উপলব্ধিতে পৌঁছে—যেখানে প্রতিটি সৃষ্টি এক মহান স্রষ্টার নিখুঁত কারুকার্যের সাক্ষ্য বহন করে, আর মানুষের হৃদয় কৃতজ্ঞতায় নত হয়ে যায়।

লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।

তারিখ: 26.02.2026