১৭৯৮ সালে ফ্রান্সিস বুকাননের চোখে চকরিয়া, মাতামুহুরী ও মানিকপুর


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন / ০
১৭৯৮ সালে ফ্রান্সিস বুকাননের চোখে চকরিয়া, মাতামুহুরী ও মানিকপুর

✍ মমতাজ উদ্দিন আহমদ


একটি জনপদের অতীত জানতে কখনো কখনো একটি ভ্রমণবৃত্তান্তই হয়ে ওঠে ইতিহাসের মূল্যবান দলিল। সেখানে থাকে নদীর গতিপথ, পাহাড়ের অবস্থান, জনবসতির বিস্তার। আরও থাকে মানুষের জীবিকা এবং বিভিন্ন জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের বিবরণ। আঠারো শতকের শেষভাগে দক্ষিণ-পূর্ব বাংলার এমনই একটি বিবরণ রেখে গেছেন স্কটিশ চিকিৎসক ও জরিপকারী ফ্রান্সিস বুকানন।

১৭৯৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য বোর্ডের নির্দেশে তিনি চট্টগ্রাম ও ত্রিপুরা অঞ্চলে ভ্রমণ করেন। তাঁর উদ্দেশ্য ছিল মসলা চাষের উপযোগী স্থান অনুসন্ধান করা। কিন্তু সেই অনুসন্ধানের বিবরণে উঠে এসেছে তৎকালীন চকরিয়া, মাতামুহুরী নদী, মানিকপুর এবং নদীর উজানের পাহাড়ি জনপদের এক গুরুত্বপূর্ণ চিত্র।

বুকাননের এই বিবরণ শুধু ভ্রমণকাহিনি নয়। এটি আঠারো শতকের শেষভাগে মাতামুহুরী অববাহিকার ভূপ্রকৃতি, কৃষি, নৌযোগাযোগ এবং জনজাতির জীবন সম্পর্কে একটি প্রত্যক্ষ ঐতিহাসিক উৎস। তাঁর পর্যবেক্ষণে চকরিয়া ছিল নদী ও পাহাড়ের সংযোগস্থলের একটি জনপদ। মাতামুহুরী ছিল পাহাড়ি এলাকার সঙ্গে সমতলের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। আর মানিকপুর ছিল নদীর জোয়ারপ্রবাহের শেষ সীমা এবং উজানের দিকে যাত্রার একটি পরিচিত স্থান।

বুকাননের দক্ষিণ চট্টগ্রাম যাত্রা:

১৭৯৮ সালের ২৪ মার্চ বুকানন চুনতি অতিক্রম করে দক্ষিণমুখী যাত্রা করেন। পথে তিনি পাহাড়ি উপত্যকা, ঝরনা ও ছোট নদীর বর্ণনা দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণে হারবাং অঞ্চলের উপত্যকা ছিল সরু, কিন্তু উর্বর। সেখানে ঝরনার পানি জমিকে সজীব রাখত। তিনি উল্লেখ করেন, উপত্যকার ওপরের অংশে তখনও নতুন জমি চাষের আওতায় আনা হচ্ছিল। তাঁর ধারণা ছিল, মসলা চাষের জন্য স্থানটি উপযোগী হতে পারে।

এরপর তিনি বরতুল্লা (সম্ভবত এখনকার বরইতলী) উপত্যকায় পৌঁছান। বুকাননের বর্ণনায়, ওই উপত্যকায় প্রায় চল্লিশ-পঞ্চাশ বছর ধরে চাষাবাদ চলছিল। ভালো মৌসুমে সেখানে বছরে দুইবার ধান উৎপন্ন হতো। বৃষ্টিপাত কম হলে ফলন নেমে আসত এক ফসলে। নদীর জোয়ারের পানি উপত্যকার কাছাকাছি পৌঁছাত এবং সমুদ্র থেকে নৌকা এক জোয়ারে ভেতরে আসতে পারত।

এই বিবরণ থেকে বোঝা যায়, আঠারো শতকের শেষভাগে দক্ষিণ চট্টগ্রামের নদীসংলগ্ন উপত্যকাগুলোতে কৃষি সম্প্রসারণ চলছিল। কোথাও পুরোনো বসতি ও চাষাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, কোথাও নতুন জমি আবাদ হচ্ছিল। পাহাড়, নদী ও কৃষিজমির এই পারস্পরিক সম্পর্কই ছিল তৎকালীন জনবসতির একটি প্রধান বৈশিষ্ট্য।

মাতামুহুরী নদীর তীরে বুকানন:

১৭৯৮ সালের ২৫ মার্চ সূর্যোদয়ের আগেই বুকানন যাত্রা শুরু করেন। বরতুল্লা উপত্যকার দক্ষিণ পাশের বনভূমি অতিক্রম করে তিনি টোটোকখালি নামের একটি সরু উপত্যকার মাথায় পৌঁছান। তাঁর বিবরণ অনুযায়ী, প্রায় তিন বছর আগে মি. স্পার্কস নামের এক ব্যক্তি সেখানে চাষাবাদ শুরু করেছিলেন। এরপর আরও কিছু বন ও নিচু পাহাড় অতিক্রম করে তিনি একটি সুন্দর নদীর কাছে পৌঁছান। নদীটির নাম তিনি লিখেছেন ‘Mamooree’ অথবা ‘Moree’।

সম্পাদকীয় পাদটীকায় Willem van Schendel জানিয়েছেন, এই নদীই বর্তমান মাতামুহুরী; নামটি Matamuhuri, Matamuri কিংবা Mamuri হিসেবেও লেখা হয়েছে।

বুকানন নদীটির অবস্থান ও প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই স্থানে নদীটি দক্ষিণ দিকে বাঁক নিয়েছিল। এর আগে কিছুটা পশ্চিমমুখী হয়ে নিচু পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি নদীর প্রস্থ আনুমানিক একশ গজ বলে উল্লেখ করেছেন। পানি ছিল কিছুটা ঘোলা।

নদীর তীর ধরে প্রায় তিন মাইল এগিয়ে তিনি দুই ধরনের ভূপ্রকৃতি দেখেন। কোথাও নদীর একেবারে কাছে নিচু পাহাড়। কোথাও আবার বিস্তৃত সমতল কৃষিজমি। বুকাননের চোখে এসব জমি মসলা চাষের জন্য বেশ উপযোগী মনে হয়েছিল। কোনো কোনো জমি নদীর দিকে ঢালু হয়ে নেমে গেছে। এসব মাঠের পাশ দিয়ে তিনি নদীতে ভেসে আসতে দেখেন প্রচুর বাঁশের ভেলা। ভেলাগুলোতে ছাউনির ঘাস বোঝাই ছিল। ঘাসগুলো আসছিল পাহাড়ি জুমিয়া অধ্যুষিত অঞ্চল থেকে।

তাঁর এই ছোট্ট পর্যবেক্ষণটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এতে বোঝা যায়, ১৭৯৮ সালেও মাতামুহুরী নদী কেবল পানি প্রবাহের পথ ছিল না। পাহাড়ি জনপদ থেকে সমতলে বনজ ও কৃষিজ উপকরণ পরিবহনের একটি কার্যকর মাধ্যমও ছিল। বাঁশের ভেলায় ঘাস বহনের ঘটনা নদীভিত্তিক স্থানীয় অর্থনীতি ও পরিবহনব্যবস্থার পরিচয় দেয়।

চকরিয়ার প্রধান কেন্দ্র ডুডাস্টি খানের হাট:

মাতামুহুরী নদীর তীর ধরে প্রায় তিন মাইল অগ্রসর হওয়ার পর বুকানন নদী পার হয়ে ‘Doodusty Khans haut’ (ডুডাস্টি খানের হাট) নামের একটি স্থানে পৌঁছান। সেখানে তিনি একটি আমবাগানে তাঁবু স্থাপন করেন। তাঁর বিবরণে জায়গাটিকে বলা হয়েছে: ‘the Chief place in Chuckerya’; অর্থাৎ চকরিয়ার প্রধান স্থান বা কেন্দ্র।

গ্রন্থটির সম্পাদকীয় পাদটীকায় ভ্যান সেন্ডাল বলেন, ‘Doodusty Khans haut’ নামটি ‘Dowdusty Khans haut’ হিসেবেও পাওয়া যায় এবং স্থানটি বর্তমান চকরিয়া উপজেলা সদর। বর্তমানে এই নামের অস্তিত্ব পাওয়া না গেলেও এই তথ্য চকরিয়ার স্থাননাম ও জনপদের ইতিহাস অনুসন্ধানে বিশেষ গুরুত্ব বহন করে।

বুকাননের সময় চকরিয়া নামটি ‘Chuckerya’ বানানে লেখা হয়েছে। আর বর্তমান চকরিয়া সদরের সঙ্গে সম্পর্কিত স্থানটির নাম তিনি লিখেছেন ‘Doodusty Khans haut’। নামের এই ভিন্নতা আমাদের মনে করিয়ে দেয়, ঔপনিবেশিক আমলের ভ্রমণকারীরা স্থানীয় উচ্চারণ শুনে অনেক সময় নিজস্ব বানানে স্থাননাম লিখতেন। ফলে পুরোনো নামের সঙ্গে বর্তমান নামের সম্পর্ক নির্ধারণে শুধু বানানের মিল যথেষ্ট নয়। ভৌগোলিক অবস্থান ও সম্পাদকীয় টীকাও বিবেচনায় নিতে হয়।

বুকানন ওই স্থানে পৌঁছে মাতামুহুরী নদীর পানির প্রকৃতিতে পরিবর্তন লক্ষ করেন। তাঁর ভাষায়, সেখানে নদীর পানি ছিল মিঠা, সুন্দর স্বচ্ছ এবং বালুময় তলদেশের ওপর দিয়ে মৃদু ও অগভীর স্রোতে প্রবাহিত। নদীর কিছুটা উজানে এসে ঘোলা পানির পরিবর্তে স্বচ্ছ পানির এই বৈশিষ্ট্য তাঁর চোখে পড়েছিল।

তিনি নদীর তীরবর্তী ভূমিকে কৃষিকাজের জন্য সম্ভাবনাময় বলেও বিবেচনা করেন। তাঁর অনুসন্ধানের মূল উদ্দেশ্য ছিল মসলা চাষের উপযোগী জমি খুঁজে বের করা। তাই নদীর তীরের সমতল জমি, মাটির প্রকৃতি, পানি ও পরিবহনব্যবস্থা তাঁর পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরাকানি জনগোষ্ঠীর বসতি ও সামাজিক বাস্তবতা:

চকরিয়ার ওই স্থানে অবস্থানকালে বুকানন আরাকান থেকে আসা তিনজন মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় আরাকানি জনগোষ্ঠীর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বসতি স্থাপন করেছিলেন। তাঁরা স্থানীয় বাঙালিদের হাতে নিপীড়নের অভিযোগ করেছিলেন।

এই বক্তব্য তৎকালীন সামাজিক সম্পর্কের একটি দিক তুলে ধরে। তবে এটিকে বুকাননের সঙ্গে কথা বলা তিনজন ব্যক্তির অভিযোগ হিসেবেই বিবেচনা করা উচিত। বৃহত্তর জনগোষ্ঠীর সামগ্রিক অবস্থা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে হলে অন্য সমসাময়িক দলিল ও স্থানীয় ইতিহাসের সহায়তা প্রয়োজন।

বুকাননের বিবরণে আরাকানি জনগোষ্ঠীর উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ চট্টগ্রাম ও আরাকান সীমান্তবর্তী অঞ্চলের ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং বাস্তুচ্যুতির সঙ্গে জনবসতির পরিবর্তন গভীরভাবে সম্পর্কিত। তাঁর ভ্রমণের সময় চকরিয়া ও আশপাশের এলাকায় আরাকানি মানুষের বসতি ছিল এ তথ্য সেই ইতিহাসের একটি প্রাথমিক দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

জুমিয়া জনগোষ্ঠীর গ্রাম ও স্থানীয় শাসনব্যবস্থা:

চকরিয়ায় অবস্থানকালে বুকাননের কাছে এক ব্যক্তিকে আনা হয়, যাঁকে তিনি বাংলাভাষীদের দেওয়া ‘Joomea’ জনগোষ্ঠীর সদস্য হিসেবে পরিচয় করিয়েছেন। ওই ব্যক্তি বুকাননকে জানান, তাঁর জনগোষ্ঠীর অনেক ছোট ছোট গ্রাম চকরিয়ার পূর্বদিকে পাহাড়ের মধ্যে ছড়িয়ে আছে। গ্রামগুলো মাতামুহুরী নদী এবং এর বিভিন্ন শাখার তীরে অবস্থিত।

বুকাননের তথ্যদাতা আরও জানান, প্রতিটি গ্রাম একজন ‘Rua-sa’ (রুয়াজা)-এর অধীনে পরিচালিত হয় এবং তাঁরা ‘Kaung-la-pru’-এর অধীনস্থ। সম্পাদকীয় টীকায় ‘Rua-sa’ শব্দটির সঙ্গে বার্মিজ ‘Ywa-tha’ শব্দের সম্পর্ক দেখানো হয়েছে। এর অর্থ গ্রামপ্রধান বা স্থানীয় প্রধান। পার্বত্য চট্টগ্রামের নৃবৈজ্ঞানিক সাহিত্যে এই পদটি অনেক সময় ‘রোয়াজা’ রূপে লেখা হয়েছে।

এই তথ্য থেকে আঠারো শতকের শেষভাগে মাতামুহুরী অববাহিকার পাহাড়ি জনপদে স্থানীয় নেতৃত্বভিত্তিক একটি প্রশাসনিক কাঠামোর অস্তিত্বের পরিচয় পাওয়া যায়। গ্রামগুলো বিচ্ছিন্ন হলেও তারা সম্পূর্ণ স্বতন্ত্র ছিল না; একটি বৃহত্তর কর্তৃত্বের অধীনে পরিচালিত হতো।

তবে বুকাননের তথ্যদাতার বক্তব্যে ‘Kaung-la-pru’ যে কর্তৃত্বের পরিচয় বহন করে, তার সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় ও ভৌগোলিক বিস্তার নির্ধারণের জন্য আরও ঐতিহাসিক অনুসন্ধান প্রয়োজন।

ম্রো জনগোষ্ঠী সম্পর্কে বুকাননের পর্যবেক্ষণ:

বুকাননের বিবরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো পাহাড়ি জুমিয়া জনগোষ্ঠীর পাশাপাশি ‘Mo-roo’ নামে আরেকটি জনগোষ্ঠীর উপস্থিতি। তাঁর তথ্যদাতা জানান, জুমিয়াদের সঙ্গে মিশ্রভাবে বসবাস করত এমন এক জনগোষ্ঠী, যাদের ভাষা বার্মিজ ভাষা থেকে সম্পূর্ণ আলাদা।

বুকানন তাদের শারীরিক পরিচয়ের একটি বৈশিষ্ট্যও উল্লেখ করেছেন। তাঁর বর্ণনায়, তারা কপালের ওপর চুল গিঁট দিয়ে বাঁধত। বাঙালিদের মধ্যে তিনি এই জনগোষ্ঠীকে ‘Moroong’ নামে পরিচিত হতে শুনেছিলেন। তাঁর সঙ্গে কথা বলা আরাকানি ব্যক্তিরা তাদের ‘Mroo’ বলে উল্লেখ করেন এবং জানান, আরাকানেও একটি নদীর তীরে তাদের অনেকের বসতি রয়েছে।

এই বিবরণে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত, বুকানন ‘Mroo’ ও ‘Moroong’ দুটি নামই নথিভুক্ত করেছেন। দ্বিতীয়ত, তিনি তাদের ভাষাকে জুমিয়াদের ভাষা থেকে আলাদা বলে উল্লেখ করেছেন। তৃতীয়ত, মাতামুহুরী অববাহিকার পাহাড়ি জনপদে তাদের বসতির কথা জানিয়েছেন। ফলে ১৭৯৮ সালের এই বিবরণ ম্রো জনগোষ্ঠীর ঐতিহাসিক পরিচয় ও বিস্তৃতি অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস।

বুকানন আরও লিখেছেন, জুমিয়া ও ম্রো এই দুই জনগোষ্ঠীর মানুষের প্রাণচাঞ্চল্য বাঙালিদের তুলনায় তাঁর চোখে বিশেষভাবে ধরা পড়েছিল। তবে একই সঙ্গে তিনি তাঁদের মধ্যে ভয়ের প্রবণতাও লক্ষ করেন। কেন তাঁদের মধ্যে এত ভয় ছিল, তা তিনি বুঝতে পারেননি। এর পেছনের সামাজিক বা রাজনৈতিক কারণও তিনি ভ্রমণ বৃত্তান্তে নিশ্চিত ব্যাখ্যা দেননি।

মানিকপুর ছিলো জোয়ারের শেষ সীমা:

চকরিয়ায় বুকানন এক বাঙালি ব্যক্তির কাছ থেকে পূর্বদিকের পাহাড়ি অঞ্চল সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। ওই ব্যক্তি নিয়মিত মাতামুহুরী নদী দিয়ে জুমিয়া ও ম্রো জনগোষ্ঠীর সঙ্গে ব্যবসা করতে যেতেন। ফলে নদীপথ ও উজানের জনবসতি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ছিল।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মাতামুহুরী নদীতে জোয়ারের পানি চকরিয়ার মানিকপুর পর্যন্ত স্থান অতিক্রম করে আর বেশি দূর উঠত না। জোয়ারের সর্বোচ্চ সীমা ছিল মানিকপুর। এর পরেও কয়েক দিনের পথ পর্যন্ত ছোট নৌকা টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল। তখন যাত্রীরা নদীর চ্যানেলের ভেতর দিয়ে হেঁটে চলতেন।

এই বিবরণ মানিকপুরের ঐতিহাসিক অবস্থান বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঠারো শতকের শেষভাগে মানিকপুর ছিল মাতামুহুরী নদীপথের একটি উল্লেখযোগ্য সীমারেখা। সমুদ্রের জোয়ারের প্রভাব সেখানে পর্যন্ত পৌঁছাত। তার পরের উজানের পথ ছিল নৌকা টেনে নেওয়ার উপযোগী সরু বা অগভীর জলপথ।

গ্রন্থটির সম্পাদকীয় পাদটীকায় মানিকপুরকে বর্তমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মানিকপুর হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে বুকাননের বিবরণে উল্লিখিত মানিকপুরের সঙ্গে বর্তমান মানিকপুরের ভৌগোলিক সম্পর্কের একটি নির্দিষ্ট সূত্র পাওয়া যায়।

মানিকপুরের এই অবস্থান শুধু নদীর নাব্যতার পরিচয় দেয় না। এটি পাহাড়ি জনপদ ও সমতলের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবেও বিবেচিত হতে পারে। বুকাননের তথ্যদাতা নিজেই নিয়মিত এই নদীপথে যাতায়াত করতেন এবং জুমিয়া ও ম্রো জনগোষ্ঠীর সঙ্গে বাণিজ্য করতেন। অর্থাৎ নদীটি স্থানীয় মানুষের পণ্য পরিবহন, বাজারসংযোগ ও পারস্পরিক যোগাযোগের মাধ্যম ছিল।

সীতাপাহাড় ও আশপাশের পাহাড়ি ভূপ্রকৃতি:

মানিকপুরের পরের ভূপ্রকৃতি সম্পর্কেও বুকানন তথ্য সংগ্রহ করেছিলেন। তাঁর বাঙালি তথ্যদাতার বর্ণনায়, দুই পাশের পাহাড় থেকে ছোট ছোট খাল ও ছড়া মাতামুহুরী নদীতে এসে মিশেছে। সেসব পাহাড়ের একটি নাম ‘Seita-pahar’ বা সীতাপাহাড়।

বুকানন লিখেছেন, স্থানীয় হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, সীতাপাহাড় ছিল রামচন্দ্রের স্ত্রী দেবী সীতার প্রিয় আবাসস্থল। পাহাড়ের এই নামের সঙ্গে স্থানীয় ধর্মবিশ্বাস ও লোককথার সম্পর্ক ছিল বলে তাঁর বিবরণ থেকে বোঝা যায়।

সীতাপাহাড়ের পর আরও উঁচু একটি পাহাড়শ্রেণির নাম তিনি লিখেছেন ‘Muin’ অথবা ‘Moony-moora’। এই নামগুলো চাকমা ভষার সাথে সম্পৃক্ত। চাকমারা পাহাড়কে ‘মোরা’ এবং গভীর পর্বতকে মইন বলে। বুকাননের ভ্রমণের সময় মাতামুহুরীর উজান অঞ্চল ছিল পাহাড়ি ছড়া, ছোট নদী ও উপত্যকায় বিভক্ত একটি বিস্তৃত ভূপ্রকৃতি। এসব জলধারা পাহাড়ি গ্রামগুলোকে মাতামুহুরীর মূল প্রবাহের সঙ্গে যুক্ত করেছিল।

নদী, জনপদ ও বাণিজ্যের পারস্পরিক সম্পর্ক:

বুকাননের ভ্রমণবিবরণে মাতামুহুরী নদীকে কেন্দ্র করে একটি বিস্তৃত অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের পরিচয় পাওয়া যায়। পাহাড়ি অঞ্চল থেকে বাঁশের ভেলায় ছাউনির ঘাস পরিবহন করা হতো। বাঙালি ব্যবসায়ীরা নদীপথে উজানে গিয়ে জুমিয়া ও ম্রো জনগোষ্ঠীর সঙ্গে বাণিজ্য করতেন। নদীর জোয়ারের সীমা ছিল মানিকপুর পর্যন্ত। তার ওপরে নৌকা টেনে নিয়ে যেতে হতো।

এসব তথ্য একত্রে বিবেচনা করলে বোঝা যায়, মাতামুহুরী নদী ছিল পাহাড় ও সমতলের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক করিডর। নদীর তীরবর্তী চকরিয়া ছিল সেই যোগাযোগের একটি কেন্দ্র। আর মানিকপুর ছিল উজানের দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান।

এই নদীকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা স্থানীয় অর্থনীতির পাশাপাশি জনগোষ্ঠীগুলোর পারস্পরিক সম্পর্কও গড়ে তুলেছিল। বাণিজ্য, পণ্য পরিবহন এবং যাতায়াতের মাধ্যমে সমতলের বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে নিয়মিত যোগাযোগের সুযোগ তৈরি হয়েছিল।

ঐতিহাসিক বিবরণের মূল্য ও সীমাবদ্ধতা:

১৭৯৮ সালের বুকাননের বিবরণ চকরিয়া, মাতামুহুরী ও মানিকপুরের ইতিহাস অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। এতে তৎকালীন নদীর প্রস্থ, পানির প্রকৃতি, নদীপথের ব্যবহার, কৃষিজমির অবস্থা, পাহাড়ি গ্রামের অবস্থান এবং স্থানীয় নেতৃত্বের কাঠামো সম্পর্কে তথ্য রয়েছে। বিশেষ করে জুমিয়া ও ম্রো জনগোষ্ঠীর বসতি সম্পর্কে তাঁর বিবরণ দক্ষিণ চট্টগ্রামের জনজাতির ইতিহাসের জন্য তাৎপর্যপূর্ণ।

তবে বুকাননের ভ্রমণ বৃত্তান্ত নিয়ে মাতামুহুরীকে পুরো চেনার জন্য যথেষ্ট নয়। বুকানন তাঁর ভ্রমণের সময় যা নিজে দেখেছেন, তা সরাসরি বর্ণনা করেছেন। কিন্তু পাহাড়ি জনপদের দূরবর্তী অবস্থান, জোয়ারের সীমা কিংবা স্থানীয় শাসনব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য তিনি স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছেন। এসব তথ্যকে তাঁর প্রত্যক্ষ পর্যবেক্ষণের সমান মর্যাদা দেওয়া যাবে না।

তাঁর ব্যবহৃত স্থাননাম ও জাতিগত পরিচয়ের বানানও সমকালীন ইংরেজি শ্রুতিলিখনের প্রতিফলন। বর্তমান নামের সঙ্গে সেগুলোর সম্পর্ক নির্ধারণে সম্পাদকীয় পাদটীকা, পুরোনো মানচিত্র, ভূমি জরিপ, স্থানীয় মৌখিক ইতিহাস জানাও প্রয়োজন।

বুকাননের ভ্রমণ বিবরণীতে কৃষি, মাটি, পানি ও যোগাযোগব্যবস্থা বিশেষ গুরুত্ব পেয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস, সামাজিক জীবন ও সাংস্কৃতিক চর্চা সম্পর্কে তাঁর তথ্য সীমিত। তাই তাঁর লেখাকে সে সময়ের সমাজের পূর্ণাঙ্গ চিত্র হিসেবে নয়, বরং একজন বহিরাগত পর্যবেক্ষকের নির্বাচিত বিবরণ হিসেবে পাঠ করা উচিত।

শেষকথা:

১৭৯৮ সালের ২৫ মার্চ ফ্রান্সিস বুকাননের মাতামুহুরী ভ্রমণকালে চকরিয়া ছিল নদী ও পাহাড়ের সংযোগস্থলের একটি গুরুত্বপূর্ণ জনপদ। নদীর তীরে ছিল কৃষিজমি, আমবাগান ও বসতি। পাহাড়ি অঞ্চল থেকে বাঁশের ভেলায় পণ্য আসত। মাতামুহুরীর উজানে ছড়িয়ে ছিল জুমিয়া ও ম্রো জনগোষ্ঠীর ছোট ছোট গ্রাম। স্থানীয় নেতৃত্বের অধীনে সেসব গ্রাম পরিচালিত হতো।

বুকাননের বিবরণে আমরা আড়াই শতাব্দী আগের চকরিয়াকে দেখি একটি নদীনির্ভর জনপদ হিসেবে। সেখানে সমতল ও পাহাড়ের মধ্যে ছিল বাণিজ্যিক যোগাযোগ। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছিল পরিচয় ও ভাষার পার্থক্য, আবার জীবিকা ও যাতায়াতের সূত্রে পারস্পরিক সম্পর্কও ছিল।

আজকের চকরিয়া অনেক বদলে গেছে। আমার চোখে ২৭/২৮ বছর আগে দেখা চকরিয়ার সাথে বর্তমানে চকরিয়া উন্নয়ন-চিত্র আকাশ-পাতাল ফারাক। বিগত কয়েক যুগে চকরিয়া অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। মাতামুহুরী নদীর গতিপথ, জনবসতি, যোগাযোগব্যবস্থা ও অর্থনীতিতে এসেছে নানা পরিবর্তন। কিন্তু ১৭৯৮ সালের এই ভ্রমণবৃত্তান্ত আমাদের সামনে এমন এক সময়ের দরজা খুলে দিয়েছে। গবেষক-চিন্তকদের জন্য আড়াইশ বছর আগের চকরিয়া নিয়ে লেখার ও ভাবার উপকরণ দিয়ে গেছেন বুকানন। যখন মাতামুহুরী ছিল পাহাড়ি জনপদ ও সমতলের জীবনপ্রবাহকে যুক্ত করার অন্যতম প্রধান পথ। সেই অর্থে বুকাননের বিবরণ চকরিয়ার ইতিহাসে শুধু একটি পুরোনো ভ্রমণস্মৃতি নয়; এটি জনপদ, নদী ও মানুষের অতীত সম্পর্ক বোঝার এক মূল্যবান দলিল।


তথ্যসূত্র:

১. Buchanan, Francis. “An Account of a Journey undertaken by Order of the Board of Trade through the Provinces of Chittagong and Tiperah, in order to look out for the places most proper for the cultivation of Spices” (1798).

২. Schendel, Willem van (ed.). Francis Buchanan in Southeast Bengal (1798): His Journey to Chittagong, the Chittagong Hill Tracts, Noakhali, and Comilla. Dhaka: University Press Limited, 1992.


লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।

মোবাইল: 01556-560126 / 01645-950296

তারিখ: 01/11/2026 খিষ্টাব্দ।