
ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনে সংগীতের স্থান শুধু আনন্দ-বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের কিছু সংগীতের সঙ্গে যুক্ত রয়েছে সামাজিক আচার, ধর্মীয় বিশ্বাস, প্রকৃতি-চেতনা এবং জীবন-মৃত্যু সম্পর্কে নিজস্ব উপলব্ধি। এসব সংগীতের মধ্যে তু লং (Tu Long) বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি সাধারণ গান নয়; বরং নির্দিষ্ট আচার-অনুষ্ঠানে ব্যবহৃত এক ধরনের সুরবদ্ধ সংগীতধারা। এর সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ বাদ্যযন্ত্র, প্রশিক্ষিত সংগীতজ্ঞ, নির্দিষ্ট পরিবেশনরীতি এবং একটি স্বতন্ত্র মৌখিক পরম্পরা।
ম্রোদের এই সংগীতধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সুইস নৃবিজ্ঞানী লরেঞ্জ জি. লফলারের গবেষণায়। ১৯৫০-এর দশকে দক্ষিণ পার্বত্য চট্টগ্রামে মাঠগবেষণার সময় তিনি ম্রোদের ভাষা, লোকাচার ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। ১৯৭৫ সালে হারমান বার্গার সম্পাদিত Mündliche Überlieferungen in Südasien: Fünf Beiträge গ্রন্থে তাঁর Mru Tu Long শীর্ষক প্রবন্ধটি প্রকাশিত হয়। প্রবন্ধটিতে তিনি তু বাদ্যযন্ত্র, তু লংয়ের বাণী, পরিবেশনের নিয়ম এবং এর ভাষাগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন।
তু বাদ্যযন্ত্র ও তু লংয়ের পরিচয়
তু (Tu) এক ধরনের লাউ-নির্মিত বায়ুবাদ্য। ম্রোদের পরিচিত প্লুং (Plung) বাদ্যযন্ত্রের সঙ্গে এর গঠনগত পার্থক্য রয়েছে। প্লুংয়ে একটি লাউয়ের সঙ্গে একাধিক বাঁশের নল যুক্ত থাকে। কিন্তু তু বাদ্যযন্ত্রে লাউয়ের মধ্য দিয়ে একটি মাত্র বাঁশের নল প্রবেশ করানো হয়। এই নলের সঙ্গে যুক্ত থাকে কম্পনশীল রিড, যার মাধ্যমে ফুঁ দিলে নির্দিষ্ট সুর সৃষ্টি হয়।
লফলারের বিবরণে দেখা যায়, আনক ম্রোদের মধ্যে তু বাদ্যযন্ত্রের ব্যবহার প্রধানত অন্ত্যেষ্টিক্রিয়া এবং বিশেষ কিছু গবাদিপশু বলির অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। এসব অনুষ্ঠানে সাধারণত তিনটি তু একসঙ্গে ব্যবহার করা হতো। তিনটি বাদ্যযন্ত্রের সুরের উচ্চতা এক রকম ছিল না। প্রত্যেকটি আলাদা সুরে বাঁধা থাকত। কোনো কোনো বলির অনুষ্ঠানে তু বাদ্যযন্ত্র আচারসামগ্রীর অংশ হিসেবে রাখা হলেও সেটি বাজানো হতো না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাতে কম্পনশীল রিডও থাকত না।
তু লং পরিবেশনের জন্য তিনজন পুরুষের প্রয়োজন হতো। তাঁদের মধ্যে একজন ছিলেন তু চারা (Tu Chara)। তিনি ছিলেন প্রধান সংগীতজ্ঞ। তু লংয়ের বাণী ও সুরের ধারাবাহিকতা সম্পর্কে তাঁর বিশেষ জ্ঞান থাকত। অন্য দুজন বাদ্যযন্ত্র বাজিয়ে তাঁকে সহযোগিতা করতেন। লফলার জানান, তু লংয়ের পদগুলো নির্দিষ্ট সুরের বিন্যাসে পরিবেশিত হতো। এর সুর ও ছন্দের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল, যা সাধারণ কথ্য ভাষার উচ্চারণ থেকে আলাদা।
ম্রো ভাষায় লং (Long) শব্দের একটি অর্থ বাঁশের দণ্ড বা নল। অন্য অর্থ পদ বা বাণী। তু বাদ্যযন্ত্রের সঙ্গে পরিবেশিত সুরবদ্ধ বাণীকে তাই তু লং বলা হয়। একইভাবে ঢোলের সঙ্গে পরিবেশিত পদকে বলা হয় তোম্মা লং (Tõmma Long)। তবে তু লংয়ের সঙ্গে ব্যবহৃত ছোট ধাতব গং বা পাতের নিজস্ব কোনো লং নেই। অন্ত্যেষ্টিক্রিয়া ও বলির অনুষ্ঠানে তিনটি ছোট গং ব্যবহার করা হতো। এগুলো বাজানোর ক্ষেত্রে দুটি ছন্দের উল্লেখ করেছেন লফলার—ওয়ের চাম (Wer Cham), অর্থাৎ শিথিল আঘাতের ছন্দ; এবং নের খোং (Ner Khong), অর্থাৎ দৃঢ় আঘাতের ছন্দ। শিশুদেরও এসব গং বাজাতে দেখা যেত।
তু লংয়ের বাণী ও সংগীতের মৌখিক পরম্পরা
লফলার স্থানীয় সূত্রে জানতে পেরেছিলেন, তু লংয়ের প্রায় ষাটটি পৃথক পদ বা বাণী প্রচলিত ছিল। তবে সাধারণ ম্রো পুরুষেরা এসব পদের ভাষা ও অর্থ জানতেন না। তু চারাদের মধ্যেও বাণী প্রকাশের বিষয়ে একধরনের অনীহা ছিল। ফলে এই সংগীতের পূর্ণাঙ্গ পাঠ সংগ্রহ করা সহজ ছিল না।
লফলার মিতা তাং নামের একজন তু চারার কাছ থেকে তু লংয়ের বাণী সংগ্রহ করেন। মিতা তাং ছিলেন দক্ষিণ পার্বত্য চট্টগ্রামের লামা থানার ৩১১ নম্বর হরিঞ্জিরি মৌজার বাসিন্দা। লফলার তাঁর কাছ থেকে পদগুলো লিখে নেন এবং গান আকারে টেপে ধারণ করেন। তবে লিখিত পাঠ ও গাওয়া পাঠের মধ্যে কিছু পার্থক্য ছিল। গাওয়ার সময় কয়েকটি পদ বাদ পড়ে যায়, আবার কোনো কোনো পদ পুনরাবৃত্ত হয়। তা সত্ত্বেও শব্দের স্বরভঙ্গি বা টোনের বৈশিষ্ট্য মোটামুটি অক্ষুণ্ণ ছিল বলে লফলার মনে করেন।
তিনি তু লংয়ের সরাসরি পরিবেশনা মাত্র দুবার প্রত্যক্ষ করেছিলেন। একবার গবাদিপশু বলির অনুষ্ঠানে এবং অন্যবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ায়। কিন্তু কোনোবারই পরিবেশনার পূর্ণাঙ্গ রেকর্ড করার সুযোগ পাননি। বিশেষত অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাঁর কাছে টেপ রেকর্ডার ছিল না। ফলে তাঁর সংগৃহীত পাঠ মূলত একজন তু চারার কাছ থেকে পাওয়া বাণী ও সুরের নমুনা। এটিকে পূর্ণাঙ্গ পরিবেশনার প্রতিলিপি বলা যাবে না।
তু লংয়ের পদগুলো নির্দিষ্ট আচার-অনুষ্ঠানে নির্দিষ্ট সংখ্যায় পরিবেশনের বিধান ছিল। লফলারের ভাষ্য অনুযায়ী, এসব পদ শুধু উচ্চারণ করা হতো না; বিশেষ সুরের বিন্যাসে একধরনের মন্ত্রোচ্চারণের মতো পরিবেশিত হতো। যাদের উদ্দেশে এই আচার সম্পন্ন করা হয়, তাদের পক্ষে বাণীর অর্থ বোঝা প্রত্যাশিত—এমন একটি ধারণার কথাও তিনি উল্লেখ করেছেন। তু চারার দায়িত্ব ছিল সেই অর্থ ও সুরের সম্পর্ক সম্পর্কে অবহিত থাকা। এখানে ভাষা, সুর ও আচার একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
তু লংয়ের এই মৌখিক পরম্পরা ম্রোদের সাংস্কৃতিক জীবনে বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতার একটি ক্ষেত্র তৈরি করেছিল। এর বাণী, সুর ও পরিবেশনরীতি সাধারণ সংগীতচর্চার মতো সবার জানা ছিল না। বিশেষজ্ঞ তু চারাদের মধ্য দিয়ে এই জ্ঞান সংরক্ষিত ও প্রজন্মান্তরে প্রবাহিত হতো। লফলারের গবেষণা সেই সীমিত মৌখিক জগতের একটি মূল্যবান লিখিত দলিল।

আপনার মতামত লিখুন :