তৈন শের আলী না তৈন সুরেশ্বরী: চাকমা ইতিহাসের এক বিতর্কিত নামের অনুসন্ধান


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন / ০
তৈন শের আলী না তৈন সুরেশ্বরী: চাকমা ইতিহাসের এক বিতর্কিত নামের অনুসন্ধান

✍ মমতাজ উদ্দিন আহমদ

পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আলীকদম জনপদ একটি উল্লেখ্যযোগ্য নাম। আলীকদমের তৈনছড়ি ও মাতামুহুরী উপত্যকার ইতিহাসে একটি নাম দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়-তৈন সুরেশ্বরী। স্থানীয় চাকমা ঐতিহ্যে তাঁকে তৈন অঞ্চলের প্রাচীন প্রধান বা রাজা হিসেবে স্মরণ করা হয়। তাঁর নামের সঙ্গে তৈনছড়ির নামকরণ এবং মাতামুহুরী নদীর তীরবর্তী জনবসতির ইতিহাসও যুক্ত।

প্রয়াত যামিনী রঞ্জন চাকমা তাঁর চাকমা দর্পণ পুস্তিকায় নামটি লিখেছেন ‘তৈন সুরেশ্বরী’। প্রয়াত চাকমা রাজা ভুবন মোহন রায় তাঁর চাকমা রাজ পরিবারের ইতিহাস গ্রন্থে লিখেছেন ‘তিন সুরেশ্বরী’। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষক আতিকুর রহমান মনে করেন, নামটির প্রকৃত রূপ ‘তৈন শের আলী’। তাঁর যুক্তি, ‘তৈন শের আলী’ নামটি কালক্রমে বিকৃত হয়ে ‘তৈন সুরেশ্বরী’ বা ‘তিন সুরেশ্বরী’ হয়েছে।

তিনটি পাঠের মধ্যে কোনটি ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য? ‘সুরেশ্বরী’ কি কোনো ব্যক্তির প্রকৃত নাম, নাকি উচ্চারণের পরিবর্তনে তৈরি একটি রূপ? আবার ‘শের আলী’ নামটি কি সত্যিই কোনো প্রাচীন চাকমা প্রধানের পরিচয় বহন করে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে নামটির লিখিত উৎস, মৌখিক প্রচলন, পারিবারিক পরিচয় এবং সংশ্লিষ্ট ভূগোল-সবকিছু একসঙ্গে বিবেচনা করতে হবে।

যামিনী রঞ্জন চাকমা ও ভুবন মোহন রায়ের পাঠ:

নামটির লিখিত পরিচয়ের ক্ষেত্রে প্রথমে দুটি সূত্রের কথা আসে। যামিনী রঞ্জন চাকমার চাকমা দর্পণ পুস্তিকায় সংশ্লিষ্ট প্রধানের নাম ‘তৈন সুরেশ্বরী’ হিসেবে উল্লেখিত হয়েছে বলে আতিকুর রহমান জানিয়েছেন। অন্যদিকে চাকমা রাজা ভুবন মোহন রায়ের চাকমা রাজ পরিবারের ইতিহাস গ্রন্থে নামটি ‘তিন সুরেশ্বরী’ রূপে পাওয়া যায়।

দুটি পাঠের মধ্যে পার্থক্য সামান্য মনে হলেও তাৎপর্যপূর্ণ। ‘তৈন’ ও ‘তিন’ দুটি উচ্চারণের পার্থক্য স্থাননামের সঙ্গে ব্যক্তিনামের সম্পর্ক নির্ধারণে প্রভাব ফেলতে পারে। আবার ‘সুরেশ্বরী’ শব্দটি অপরিবর্তিত থাকায় বোঝা যায়, অন্তত এই দুই লেখকের কাছে নামটির শেষাংশ একইভাবে প্রচলিত ছিল। পার্বত্য গবেষক আতিকুর রহমানের নিবন্ধে তাঁদের গ্রন্থের নাম উল্লেখ করেছেন।

তাই আপাতত বলা যায়, ‘তৈন সুরেশ্বরী’ ও ‘তিন সুরেশ্বরী’ দুটি পাঠই চাকমা ঐতিহ্যের লিখিত সূত্রে সংরক্ষিত। কোনটি পুরোনো বা কোনটি মূল উচ্চারণ, তা নির্ধারণের জন্য মূল গ্রন্থের পাঠ মিলিয়ে দেখা জরুরি।

আতিকুর রহমানের প্রস্তাব: তৈন শের আলী

আতিকুর রহমান এই নামের একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, ‘তৈন সুরেশ্বরী’ নামটি আসলে ‘তৈন শের আলী’ থেকে বিকৃত হয়েছে।

তিনি কয়েকটি যুক্তি তুলে ধরেছেন।

প্রথমত, তাঁর মতে, ‘সুরেশ্বরী’ স্ত্রীবাচক নাম। অথচ আলোচ্য ব্যক্তি ছিলেন একজন পুরুষ প্রধান বা দলপতি। একজন পুরুষ শাসকের ক্ষেত্রে এমন নাম অস্বাভাবিক বলে তিনি মনে করেন।

দ্বিতীয়ত, ওই ব্যক্তি তৈনখাল বা তৈনছড়ি অঞ্চলের চাকমাদের প্রধান ছিলেন বলে লোকঐতিহ্যে প্রচলিত। তাঁর কথিত আবাসস্থলও আলীর পাহাড় নামে পরিচিত। ফলে ‘তৈন’ ও ‘শের আলী’ এই দুই অংশ মিলে ‘তৈন শের আলী’ নামটি ভৌগোলিক ও সামাজিক পরিচয়ের সঙ্গে মানানসই হতে পারে বলে আতিকুর রহমানের ধারণা।

তৃতীয়ত, একই অঞ্চলের আরেক সামন্ত চন্দন খানের ‘তৈন খান’ উপাধি ধারণের উদাহরণ তিনি উল্লেখ করেছেন। তাঁর মতে, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিবেশে খান-উপাধির ব্যবহার থাকলে তৈন অঞ্চলের কোনো চাকমা প্রধানের নামের সঙ্গে ‘শের আলী’ যুক্ত থাকাও অসম্ভব নয়।

সন্তানদের নাম: জানু, রাজেম বি ও সাজেম বি

আতিকুর রহমানের যুক্তির আরেকটি অংশ সংশ্লিষ্ট প্রধানের সন্তানদের নামকে ঘিরে।

তাঁর নিবন্ধে বলা হয়েছে, তৈন বা তৈন সুরেশ্বরী নামে পরিচিত ওই চাকমা প্রধানের সন্তান ছিলেন তিনজন-জানু, রাজেম বি ও সাজেম বি।

আতিকুর রহমান ‘বি’ অংশটিকে ‘বিবি’ শব্দের সংক্ষিপ্ত বা পরিবর্তিত রূপ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, রাজেম বি ও সাজেম বি নামের সঙ্গে ‘বি’ যুক্ত হওয়া মুসলিম নারীদের নাম বা সম্বোধনের ঐতিহ্যের ইঙ্গিত বহন করে। একই ধারায় তিনি ‘জানু’ নামটিকে মুসলিম নাম ‘জাহান’ বা ‘জান’-এর পরিবর্তিত রূপ কিংবা ডাকনাম বলে অনুমান করেছেন।

এই নামগুলোর ভিত্তিতে তাঁর ধারণা, সংশ্লিষ্ট প্রধানের নিজের নামও মুসলিম ঐতিহ্যঘনিষ্ঠ ‘তৈন শের আলী’ হতে পারে।

এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। নামের মধ্যে মুসলিম সাংস্কৃতিক প্রভাবের চিহ্ন থাকলে তা কি ব্যক্তির ধর্মীয় পরিচয়ও নির্ধারণ করে? এর উত্তর সরাসরি হ্যাঁ নয়। নাম, উপাধি ও সম্বোধন সামাজিক যোগাযোগের মধ্য দিয়ে এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে প্রবেশ করতে পারে।

‘বি’ যে অবশ্যই ‘বিবি’ শব্দের অপভ্রংশ, কিংবা ‘জানু’ যে ‘জাহান’ বা ‘জান’ থেকে এসেছে এমন সিদ্ধান্তের পক্ষে আতিকুর রহমানের নিবন্ধে ভাষাতাত্ত্বিক তুলনা বা অন্য কোনো প্রামাণ্য উদাহরণ দেওয়া হয়নি।

লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।

মোবাইল: 01556-560126 / 01645-950296

তারিখ: ২৫.১১.২০২৬