নেতা : মানবিক উৎকর্ষ, নৈতিক কর্তৃত্ব ও ক্ষমতার শুদ্ধ রূপ


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন /
নেতা : মানবিক উৎকর্ষ, নৈতিক কর্তৃত্ব ও ক্ষমতার শুদ্ধ রূপ

।। মমতাজ উদ্দিন আহমদ ।।


নেতা কেবল একটি প্রশাসনিক বা রাজনৈতিক পদ নয়; নেতা হলেন মানবিক গুণাবলির এক জীবন্ত সংহতি। সমকালীন অন্যান্য মানুষের তুলনায় তাঁর শ্রেষ্ঠতা আসে ক্ষমতার প্রদর্শনে নয়, আসে চরিত্রের উচ্চতায়। কুরআনের ভাষায়, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে এবং মানুষের মাঝে বিচার করলে ন্যায়বিচার করতে” (সূরা নিসা: ৫৮)। এই ন্যায় ও আমানতের ভার বহন করাই প্রকৃত নেতৃত্বের প্রথম শর্ত।

নেতা হন অতি উত্তম দাতা—শুধু সম্পদের নয়, সময়ের, মনোযোগের, সহানুভূতির। তিনি পরোপকারী, কারণ তিনি জানেন—মানুষকে ভালোবাসা ছাড়া নেতৃত্ব টেকে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সৃষ্টির প্রতি যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” তাই নেতার হৃদয় ব্যক্তিগত সংকীর্ণতা নয়, বরং সামষ্টিক আশা–আকাঙ্খার প্রতীক হয়ে ওঠে।

নেতার প্রতিদ্বন্দ্বী থাকে, কিন্তু তিনি কাউকে শত্রু মনে করেন না। দর্শনের ভাষায়, তিনি অ্যান্টাগোনিজম নয়, এথিক্যাল সুপিরিয়রিটি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন তাঁর কর্তব্য, কিন্তু সেই দমন প্রতিহিংসা নয়—তা নৈতিক ভারসাম্যের প্রয়াস। নিজেকে উত্তম বিচারক ভাবা এখানে আত্মম্ভরিতা নয়, বরং ন্যায়বিচারের দায়িত্ব সম্পর্কে সচেতনতা।

ন্যায়বিচারের স্বার্থে নেতা অপরাধীকে শাস্তি দেন, কিন্তু কাউকে অত্যাচার করেন না। ফুকোর ভাষায়, এখানেই ক্ষমতার পার্থক্য—ক্ষমতা যখন শাসন করে, তখন তা দমনমূলক; আর ক্ষমতা যখন নৈতিক নিয়ন্ত্রণে থাকে, তখন তা শৃঙ্খলা সৃষ্টি করে। প্রকৃত নেতা শাস্তিকে ক্ষমতার প্রদর্শন বানান না; বরং ন্যায়কে প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে ব্যবহার করেন। তাই তিনি মানুষকে শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করার ওছিলা খুঁজে বেড়ান—কারণ ক্ষমা দুর্বলতার নয়, নৈতিক শক্তির প্রমাণ।

নেতা অহঙ্কার করেন না, মিথ্যেও বলেন না। কুরআন স্পষ্ট ভাষায় বলে, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না।” অতিকথন, অতিভোজন ও মাত্রাতিরিক্ত নিদ্রা নেতার বৈশিষ্ট্য নয়—কারণ আত্মসংযমই নেতৃত্বের মৌলিক শৃঙ্খলা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের Golden Mean এখানেই প্রাসঙ্গিক—চরমতা নয়, মধ্যপন্থাই নৈতিক উৎকর্ষের পথ।

ভোগবিলাস, আলস্য, সাজসজ্জার বাড়াবাড়ি, অপব্যয় ও বেহিসেবি চালচলন নেতা পরিহার করে চলেন। বোর্দিয়োর ভাষায়, নেতা নিজের সাংস্কৃতিক পুঁজি তৈরি করেন সরলতা ও সংযমের মাধ্যমে, প্রদর্শনীর মাধ্যমে নয়। তাঁর জীবনযাপন নিজেই হয়ে ওঠে এক নীরব পাঠ্যপুস্তক, যা অনুসারীরা অনুকরণ করে শেখে।

সত্য, সুন্দর ও সাধারণত্ব দিয়ে নেতা নিজের জন্য এক স্বতন্ত্র স্টাইল নির্মাণ করেন। এই স্টাইল কোনো ফ্যাশন নয়; এটি এক ধরনের নৈতিক সৌন্দর্য—যা যুগে যুগে তাঁর অনুসারীরা বহন করে চলে পরিচয়ের সত্তা হিসেবে। এখানেই নেতা ব্যক্তি থেকে আদর্শে রূপান্তরিত হন।

নেতা রাগান্বিত হন না, কাউকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন না, অপমান করেন না, বদদোয়া দেন না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে, বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।” নেতার এই আত্মনিয়ন্ত্রণ তাঁর নৈতিক কর্তৃত্বকে আরও দৃঢ় করে।

নেতার প্রফুল্লতা প্রকাশ্য—তা গোপন নয়, কৃত্রিম নয়। তাঁর হাঁটা–চলা, দৃষ্টি, কথাবার্তা ও অঙ্গভঙ্গিতে থাকে এক ধরনের ছন্দময় সুর। ফুকোর ভাষায়, এটি charismatic discourse—যেখানে ক্ষমতা জোর করে আরোপিত নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে স্বীকৃত। ফলে নেতা না চাইলেও মানুষ তাঁকে ঘিরে রাখে—নেতৃত্বের অমিয় সুধারস লাভের আশায়।

উপসংহার: প্রকৃত নেতা ক্ষমতার ভোক্তা নন, ক্ষমতার আমানতদার। তাঁর শক্তি আসে মানবিকতা থেকে, তাঁর কর্তৃত্ব আসে নৈতিকতা থেকে, আর তাঁর স্থায়িত্ব আসে সত্য ও সংযম থেকে। ইতিহাসে যাঁরা টিকে থাকেন, তাঁরা উচ্চকণ্ঠে নয়—নীরব চরিত্রে, দয়ার আচরণে এবং ন্যায়ের অবিচলতায় টিকে থাকেন।