
ভূমিকা: ধ্বংসস্তূপের ভেতর দর্শনের জন্ম:
সেন্ট অগাস্টিনের কালজয়ী গ্রন্থ ‘দ্যা সিটি অব গড’ (The City of God) সমাজ ও মানুষের চিরন্তন নৈতিক সংকটের একটি তুলনামূলক বিশ্লেষণের কালজয়ী গ্রন্থ। ৪১০ খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতনের প্রেক্ষাপটে রচিত এই গ্রন্থে অগাস্টিন ‘পার্থিব শহর’ ও ‘ঈশ্বরের শহর’—এই দুই রূপক নগরীর যে ধারণা দিয়েছেন, তা শুধু ধর্মতত্ত্ব নয়, বরং ইতিহাসের গতিধারা ও মানবচরিত্রের এক নিগূঢ় মনস্তাত্ত্বিক দলিল। আধুনিক মানুষের ‘আত্মবিস্মৃতি’ এবং ‘আয়না ও চেহারার দাগ’-এর জীবনমুখী রূপকের সাথে এ গ্রন্থটির সারসংক্ষেপ আলোচনা করলে দেখা যায়, বাহ্যিক জগতের অস্থিরতা ও ধূসরতা আসলে মানুষের অভ্যন্তরীণ নৈতিক অবক্ষয়েরই প্রতিচ্ছবি। নিজের ‘চেহারার দাগ’ বা অন্তরাত্মার খামতিগুলো শনাক্ত করার মাধ্যমেই কেবল একটি অবিনাশী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব।
ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে, যখন একটি শহরের পতন কিংবা একটি মস্ত ক্ষমতাধর সরকারের পতনকে মানুষের আত্মবিশ্বাস, নৈতিক বোধ ও সভ্যতার অহংকারেরও পতন হিসেবে ব্যাখ্যা করা যায়। যেমন- ৪১০ খ্রিস্টাব্দে রোম নগরীর লুণ্ঠন কিংবা আমাদের দেশের ’২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে গদীনসীন সরকারের পলায়ন তেমনই এক সন্ধিক্ষণ। যে রোমকে শতাব্দীর পর শতাব্দী “শাশ্বত শহর” বলা হতো, তার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একজন চিন্তাবিদ মানবসভ্যতার সামনে তুলে ধরলেন সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ—আত্মা ও ন্যায়ের এক অবিনাশী নগরীর ধারণা। এই দৃষ্টিকোণের দার্শনিক স্থপতি ছিলেন হিপ্পোর অগাস্টিন। তাঁর কালজয়ী গ্রন্থ দ্যা সিটি অব গড় সেই সময়কার ধর্মতত্ত্ব ব্যাখ্যার পাশাপাশি ইতিহাস–মনস্তত্ত্ব–রাজনীতির এক জটিল সমন্বয় সাজিয়েছেন।
এই গ্রন্থে তিনি যে দুই নগরীর রূপক নির্মাণ করেন—‘পার্থিব শহর’ ও ‘ঈশ্বরের শহর’—তা আদতে মানুষের দুই ভিন্ন মানসিক ও নৈতিক অবস্থানের প্রতিচ্ছবি। ফলে এই আলোচনা শুধু ধর্মীয় বিশ্বাসের ভেতর সীমাবদ্ধ থাকে না; বরং তা সাহিত্য, দর্শন ও রাজনৈতিক–সামাজিক বোধের এক বহুমাত্রিক আলাপ হয়ে ওঠে।
ভঙ্গুর পৃথিবী ও এক শাশ্বত সংকটের শুরু:
৪১০ খ্রিস্টাব্দে প্রাচীন সভ্যতার দম্ভ চূর্ণ করেছিল জার্মানিক উপজাতি ভিসিগথ (Visigoths)–এর আক্রমণে যখন অপরাজেয় রোম নগরী লুণ্ঠিত হলো, তখন মানুষের হাজার বছরের বিশ্বাস আর নিরাপত্তার আকাশ ভেঙে পড়েছিল। চারদিকে হাহাকার—যেই রোমকে মনে করা হতো ‘শাশ্বত শহর’ (Eternal City), সেই শহর আজ ধূলিসাৎ। মানুষের গড়া শ্রেষ্ঠ স্থাপত্য, সামরিক শক্তি আর ক্ষমতার অহংকার যখন চূর্ণবিচূর্ণ, ঠিক সেই চরম অস্থিরতা ও অন্ধকারের মাঝেই কলম ধরলেন হিপ্পোর যাজক সেন্ট অগাস্টিন। তিনি বিশ্বকে শোনালেন এক নতুন দর্শনের কথা—দ্যা সিটি অব গড় বা ঈশ্বরের শহর। তিনি শেখালেন, মানুষের গড়া নগরী নশ্বর হতে পারে, কিন্তু আত্মার সত্য দিয়ে গড়া নগরী কোনোদিন পরাস্ত হয় না।
এই ঘটনাটি শুধু সামরিক পরাজয় ছিলো না। এটি ছিল মানসিক ও সাংস্কৃতিক বিপর্যয়েরও সূচনা। শতাব্দীর পর শতাব্দী ধরে রোম ছিল সভ্যতার প্রতীক, আইন–শৃঙ্খলার মাপকাঠি এবং রাজনৈতিক আধিপত্যের কেন্দ্র। ফলে রোমের পতন মানে ছিল মানুষের মনের ভেতর নির্মিত ‘অজেয়তার মিথ’ ভেঙে যাওয়া। সাধারণ মানুষ ভাবতে শুরু করল—যদি রোমই টিকে না থাকে, তবে পৃথিবীতে স্থায়ী বলে কিছু আছে কি? এই প্রশ্নই ইতিহাসকে ধর্মীয় চিন্তা ও দর্শনের দিকে ঠেলে দেয়।
অগাস্টিন এই ভাঙনের মধ্যেই উপলব্ধি করলেন, সমস্যার মূল কেবল বাহ্যিক নয়; এটি মানুষের অন্তরেরও সংকট। তিনি দেখালেন, সাম্রাজ্য যখন নিজেকে চিরস্থায়ী ভাবতে শুরু করে, তখনই তার পতনের বীজ বপিত হয়। ভোগ, ক্ষমতার লালসা ও নৈতিক শিথিলতা ধীরে ধীরে রাষ্ট্রের ভিতকে দুর্বল করে দেয়। তাই রোমের পতন শুধুমাত্র শত্রুর ধ্বংসযজ্ঞ নয়; বরং একটি দীর্ঘ নৈতিক অবক্ষয়ের দৃশ্যমান পরিণতি।
এই প্রেক্ষাপটে তাঁর দর্শন হয়ে ওঠে এক ধরনের নৈতিক পুনর্জাগরণের আহ্বান। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিলেন—সভ্যতার প্রকৃত শক্তি প্রাচীর, সেনাবাহিনী বা প্রাসাদে নয়; বরং মানুষের অন্তর্গত ন্যায়বোধ, সত্যনিষ্ঠা ও আত্মশুদ্ধির আকাঙ্ক্ষায়। বাহ্যিক শহর ধ্বংস হতে পারে, কিন্তু যে শহর বিশ্বাস, ন্যায় ও আত্মিক সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, তাকে কোনো বাহিনী লুণ্ঠন করতে পারে না। ইতিহাসের এই সন্ধিক্ষণ তাই কেবল এক নগরীর পতনের গল্প নয়; এটি মানবচেতনার ভেতরে এক শাশ্বত প্রশ্নের জন্ম—আমরা আসলে কোন শহরের নাগরিক, ইট-পাথরের, নাকি আত্মার?
বাহ্যিক বিপর্যয় বনাম অন্তরের বিশ্বাস:
রোমের পতনের পর সে সময় মানুষের মনে প্রশ্ন জেগেছিল—“দেবতারা কি বিমুখ হয়েছেন?” এটি কেবল ধর্মীয় আশঙ্কা নয়; বরং তা ছিল মানুষের ভেতরের নৈতিক আতঙ্কের এক প্রাঞ্জল প্রকাশ। ইতিহাস যেন একটি আয়না, যা দেখায়, বাহ্যিক শহর ধ্বংস হলেও মানুষের অন্তরকেও যে পরীক্ষা দিতে হয়। অগাস্টিন দেখিয়েছেন, ইতিহাস কোনো অলৌকিক খেলা নয়; এটি মানব চরিত্র, অহংকার এবং নৈতিক প্রবণতার ধারাবাহিক প্রতিফলন। আমাদের দেশে ’২৪ এর ৫ আগস্ট পূর্ববর্তী সরকারও অহংকারী ও নৈতিক মানদন্ডে ভেঙ্গে পড়েছিল।
সেন্ট অগাস্টিনের ধারণা, জাগতিক সাম্রাজ্য নশ্বর। তাদের ভিত্তি শক্তি, প্রতিযোগিতা ও আত্মমুগ্ধতার ওপর। প্রতিটি প্রাচীর, প্রতিটি ইট—সর্বোচ্চ ক্ষমতার চিহ্ন হলেও অবশেষে ধ্বংস হয়। কিন্তু যা নগর আত্মার সত্য, ন্যায় ও ত্যাগের ওপর গড়ে ওঠে, তা অনন্তকাল ধরে টিকে থাকে।
সাহিত্যিকভাবে বিবেচনা করলে, রোমের পতন যেন গ্রিক নাটকের নায়কের অনিবার্য দুর্দশার পুনর্লিখন। অতি অহংকার ও আত্মমুগ্ধতা যেমন নাটকের ট্র্যাজেডির মূল ঘাতক, তেমনি রোমের ইতিহাসও তা প্রতিফলিত করে। আমরা বাংলাদেশের গদীনসীন সরকারের জনরোষে পলায়নকে এই নিক্তিতে পরিমাপ করে দেখতে পারি। দর্শনের ভাষায় এটি ‘নশ্বরতা বনাম চিরন্তনতা’র দ্বন্দ্ব; রাজনীতির আলোকে বলা যায়—‘ক্ষমতা বনাম ন্যায়’র সংঘাত।
এখানেই সমকালীন পাঠের শিক্ষা লুকিয়ে আছে। যেমনভাবে বাহ্যিক শক্তির পতন মানব মনকে প্রশ্ন করতে বাধ্য করে, তেমনি আজকের সমাজও বাহ্যিক অস্থিরতার মধ্যে নিজের নৈতিক ভিত্তি পরীক্ষা করছে। অর্থাৎ, প্রতিটি ধ্বংসই এক নতুন আত্ম-আবিস্কারের আহ্বান।
আত্মপ্রেম বনাম আধ্যাত্মিক শুদ্ধতা:
অগাস্টিনের দুই শহর রূপক হলেও আসলে এটি দুই মানসিক জগত। ‘পার্থিব শহর’ আত্মপ্রেম, ভোগ ও আধিপত্যের প্রতীক; ‘ঈশ্বরের শহর’ ত্যাগ, সত্য ও ন্যায়বোধের প্রতীক। এই বিভাজন কোনো ভৌগোলিক সীমানা নয়; এটি মানুষের হৃদয়ের ভেতরের রেখা। একই সমাজে, একই সংসারে, এমনকি একই ব্যক্তির মধ্যেও এই দুই শহরের নাগরিক বাস করে।
এখানেই সাহিত্যিক রূপক এসে যুক্ত হয়—“আয়না ও চেহারার দাগ।” মানুষ সারাজীবন বাহ্যিক আয়না মুছে, কিন্তু নিজের মুখের দাগ দেখে না। উর্দু কাব্যের মহীরুহ মির্জা গালিব–এর দর্শনে যে আত্মভ্রান্তির কথা উঠে আসে, তা অগাস্টিনের ভাবনার এক সমকালীন প্রতিধ্বনি। দর্শন এখানে মনস্তত্ত্বের সঙ্গে মিশে যায়; ধর্ম এখানে নৈতিক জীবনের ভাষায় রূপ নেয়; সাহিত্য এখানে আত্মসমালোচনার আয়না হয়ে ওঠে।
রাষ্ট্র ও আত্মার সম্পর্কে রাজনৈতিক–সামাজিক প্রাসঙ্গিকতা:
অগাস্টিনের দর্শনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো—রাষ্ট্রচিন্তার সঙ্গে নৈতিকতার অটুট সংযোগ। তিনি দেখান, কোনো রাষ্ট্র কেবল প্রশাসনিক কাঠামো নয়; এটি তার নাগরিকদের নৈতিক মানসিকতার প্রতিফলন। যদি নাগরিকের অন্তর কলুষিত হয়, তবে আইন, সংবিধান এবং প্রতিষ্ঠানও স্থায়ী ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয় না। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে “নৈতিক পুঁজি” বা moral capital–এর ধারণার সঙ্গে তুলনা করা যায়।
আজকের বিশ্বে রাজনৈতিক মেরুকরণ, ভোগবাদ ও নৈতিক অবক্ষয় দৃশ্যমান। এই প্রেক্ষাপটে অগাস্টিনের রূপক আমাদের নতুন তাৎপর্য দেয়। বাহ্যিক সংস্কার—যেমন সংবিধান, নির্বাচন, নীতিমালা—যথেষ্ট নয়; এগুলো শুধু আয়নার মতো, চেহারার নয়। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায় কেবল তখনই সম্ভব, যখন ব্যক্তির অন্তর সততা, সহমর্মিতা এবং আত্মসমালোচনার ক্ষমতায় সমৃদ্ধ।
বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটে এই দর্শন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। রাজনৈতিক–সামাজিক সংস্কার এবং বাহ্যিক ক্ষমতার প্রয়োগের সঙ্গে সঙ্গে জনগণ ও নেতাদের অন্তর্নিহিত নৈতিক দায়িত্বকেও পুনর্জাগৃত করতে হবে। রাষ্ট্রের কাঠামো যতই শক্তিশালী হোক না কেন, অন্তরের নৈতিকতার ভিত্তি ছাড়া তা স্থিতিশীল ও গ্রহণযোগ্য হতে পারবে না। তাই সত্যিকারের গণতন্ত্র এবং ন্যায়ের প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে রাষ্ট্রকে নাগরিকের অন্তরের প্রতিফলন হিসেবে দেখতে হবে, আর সেই অন্তরকে শুদ্ধ ও দায়িত্বশীল করে তোলাই মূল চ্যালেঞ্জ।
আত্মবিস্মৃতি থেকে আত্মশুদ্ধি ও সাহিত্যিক-দার্শনিক সংলাপ:
সাহিত্য আমাদের অনুভবকে জাগায়, দর্শন আমাদের চিন্তাকে শানিত করে, আর ধর্ম আমাদের বিবেককে জাগ্রত করে। অগাস্টিনের গ্রন্থ এই তিন ধারার মিলনস্থল। তাঁর ভাষা কেবল তাত্ত্বিক নয়; এতে রয়েছে কাব্যিক প্রতীক, নৈতিক আবেদন ও রাজনৈতিক দূরদৃষ্টি। ফলে ‘দ্যা সিটি অব গড’ একাধারে ধর্মতত্ত্বের দলিল, ইতিহাসের ভাষ্য এবং মানবচরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।
আত্মবিস্মৃতি এখানে মূল সংকট; আত্মশুদ্ধি তার প্রতিকার। ব্যক্তি যখন নিজের ভেতরের দাগ শনাক্ত করে, তখনই সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়। এই ভাবনা আধুনিক নৈতিক দর্শনের সঙ্গেও সঙ্গতিপূর্ণ—ব্যক্তির চরিত্রই সমাজের চরিত্র নির্ধারণ করে।
শেষকথা:
আমাদের এই পৃথিবীর ক্ষমতা ও আভিজাত্য ভঙ্গুর। কিন্তু আত্মার শক্তি অবিনাশী। ইট-পাথরের শহর ভেঙে পড়ে; সাম্রাজ্য বিলীন হয়; কিন্তু ন্যায়, সত্য ও ভালোবাসার নগরী মানুষের অন্তরে টিকে থাকে। অগাস্টিনের দর্শন আমাদের শেখায়—সভ্যতার প্রকৃত শক্তি তার প্রাসাদে নয়, তার নৈতিক ভিত্তিতে। পৃথিবী ভঙ্গুর, কিন্তু আত্মা অবিনাশী—এই উপলব্ধিই সাহিত্যকে গভীর করে, দর্শনকে জীবন্ত করে এবং রাজনীতিকে মানবিক করে তোলে।
শেষ পর্যন্ত প্রশ্নটি বাহ্যিক নয়, অন্তরের—আয়নার নয়, চেহারার। যখন মানুষ নিজের দাগ দেখতে শেখে, তখনই সে সেই অবিনাশী শহরের নাগরিক হয়ে ওঠে, যে শহর কোনো সামরিক আক্রমণে ধ্বংস হয় না, কোনো ইতিহাসের ধুলোয় মুছে যায় না; বরং মানবচেতনার গভীরে এক শাশ্বত আলোর মতো জ্বলে থাকে।
লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।
তারিখ: ২১/০২/২০২৬ খ্রি.।
আপনার মতামত লিখুন :