
রাজার আক্ষেপ ও মন্ত্রীর দর্শন:
রাজা একদা শুনলেন—ইতিহাস না পড়লে জ্ঞান বৃদ্ধি হয় না। জ্ঞানবৃদ্ধির অভিলাষে রাজ্যের পণ্ডিতাভিমানীদের দিয়ে লিখানো হলো—সহস্র পৃষ্ঠার শত শত খণ্ডের ইতিহাস। কিন্তু এই ইতিহাসখন্ডসমূহে চাপা পড়েছিল জীবনের সরলতম সত্যটি। কালের নিয়মে যখন রাজার চোখে নেমে এলো মৃত্যুর ঘোর, তখন সেই সুবিশাল ইতিহাসখণ্ড হলো নিরর্থক বোঝা। রাজা বললেন ইতিহাস ছোট করো। প্রত্যেক খন্ডের এক হাজার পৃষ্ঠার ইতিহাসকে একশ’ পৃষ্ঠায় নামিয়ে আনা হলো। পরিমার্জিত ইতিহাসখন্ডগুলি রাজার সামনে উপস্থাপন করা হলো।
ইতিহাসের পুরো জ্ঞান আহরণ করতে না পারার কারণে শয্যাশায়ী রাজার চোখে পানি। বললেন, “মৃত্যুমুখে এই ইতিহাস কেমনে পড়ি! আমার আর জ্ঞানও বৃদ্ধি হলো না!” রাজার এই অশ্রুসিক্ত আক্ষেপ দেখে রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্ত্রী মনে হলো—জীবনের শ্রেষ্ঠ সত্য কখনো পুঁথির ভারে মেলে না। তখন, মন্ত্রী রাজার কানে মুখ নিয়ে আস্তে আস্তে বললেন, আমি তাবৎ পৃথিবীর ইতিহাসের সারাংশ জানি। রাজার ঔৎসুক দৃষ্টিতে তাকালেন। বললেন, সেটা বলো! প্রাজ্ঞ মন্ত্রী যে সারসংক্ষেপটি বলে দিলেন—”মানুষ জন্মিয়াছে, দুঃখ পাইয়াছে এবং মরিয়াছে”।
রাজার কাছে মন্ত্রীর কথা শুনে মনে হলো এতো কেবল ইতিহাসের নয়, বরং মানব অস্তিত্বের এক অনিবার্য ও শাশ্বত উপাখ্যান। এই নির্মম সত্যই আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। জীবন ও বাস্তবতায় মানুষের এই কষ্টবোধের ইতিবাচকতা কোথায়, এবং এই বেদনা কীভাবে হয়ে ওঠে আমাদের বেঁচে থাকার এক অদম্য প্রেরণা। বিশ্বের তাবৎ ইতিহাসের যত সারসংক্ষেপ, তার মধ্যে এটিই হয়তো সবচেয়ে নিষ্ঠুর এবং একই সঙ্গে সবচেয়ে গভীর সত্য। এটি মানব অস্তিত্বের এক অনিবার্য ত্রিভুজ। কিন্তু এই নির্মম সারমর্মটিই কি জীবনের শেষ কথা? নাকি এই দুঃখবোধের ভেতর দিয়েই জন্ম নেয় বেঁচে থাকার এক অদম্য প্রেরণা?
দুঃখ: জীবনের কষ্টিপাথর ও চেতনার জাগরণ:
যদি জীবনকে এক বিশাল নদী কল্পনা করি, তবে সুখ হলো তার শান্ত প্রবাহ, আর দুঃখ হলো সেই উত্তাল ঢেউ যা নদীর গভীরতাকে মূর্ত করে তোলে। দুঃখবোধকে আমরা প্রায়শই শত্রু মনে করি, কিন্তু এটিই আমাদের চেতনার সবচেয়ে বড় জাগরণ ঘটাতে সক্ষম।
দুঃখ আসে বলেই আমরা সুখকে চিনতে শিখি। ব্যর্থতার গ্লানি না থাকলে সফলতার আনন্দ মূল্যহীন হয়ে যেত। আমাদের আত্মিক ও মানসিক বৃদ্ধি ঘটে কেবল সহজ পথে নয়, বরং সেই বন্ধুর পথে, যেখানে প্রতিটি পদক্ষেপে থাকে হতাশা আর চ্যালেঞ্জের কাঁটা। এই বেদনা হলো সেই কষ্টিপাথর, যেখানে জীবনকে যাচাই করে খাঁটি স্বর্ণের মতো নির্ভেজাল করে তোলা হয়।
দুঃখ আমাদের শেখায়—সহমর্মিতা ও মানবিকতা। যে মানুষটি নিজে কষ্ট পায়নি, সে অন্যের বেদনা অনুভব করতে পারে না। যখন আমরা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হই, তখন আমরা আবিষ্কার করি অন্যের প্রতি সংবেদনশীলতা। অন্যের প্রতি হাত বাড়ানোর যে নিবিড় প্রেরণা, তা মূলত নিজের কষ্টবোধ থেকেই উৎসারিত। রবীন্দ্রনাথের ভাষায়, “আঘাত না লাগিলে কী আর বাজে?”—তেমনি দুঃখের আঘাত না লাগলে জীবনের গভীর সুরটি কখনো বাজেই না।
বেদনার ভেলায় প্রেরণার সন্ধান ও রূপান্তরের শক্তি:
বাস্তব জীবনে মানুষের বেঁচে থাকার প্রেরণা জন্ম নেয় এই দুঃখের গভীরে। যে বীজ যত বেশি কঠিন মাটির নিচে চাপা পড়ে, তার অঙ্কুরোদ্গমের শক্তি ততটাই তীব্র হয়।
দুঃখ কখনোই স্থবিরতা নয়। এটি হলো এক রূপান্তরের প্রক্রিয়া। ব্যর্থতার পরে উঠে দাঁড়ানোর জেদ, প্রিয়জনকে হারানোর পরে জীবনের অর্থ নতুন করে খুঁজে নেওয়া—এগুলোই মানুষের অদম্য জীবনীশক্তির প্রকাশ। আমরা বাঁচি কারণ আমরা জানি, এই যন্ত্রণাময় অধ্যায়টি স্থায়ী নয়; এর পর অবশ্যই নতুন ভোরের আগমন ঘটবে।
এই সংগ্রাম মানুষকে গভীর মানবিক বন্ধনে আবদ্ধ করে। যখন একজন মানুষ তার কষ্ট প্রকাশ করে, তখন অন্য মানুষ তার ভেতরের সহমর্মিতা দিয়ে তাকে গ্রহণ করে। এই সংযোগই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, আমরা এক গভীর বন্ধনে আবদ্ধ। এই বন্ধনই কঠিনতম সময়ে আমাদের এগিয়ে চলার মূল চাবিকাঠি। জীবন যে কেবল ‘জন্ম ও মৃত্যু’র মাঝখানের একটি ফাঁকা সময় নয়, তা প্রমাণ করে আমাদের স্বপ্ন, সৃষ্টি ও ভালোবাসা। একজন মানুষ যখন কষ্টের পরেও একটি সুন্দর কবিতা লেখে, বা কারও মুখে হাসি ফোটায়, তখন সে যেন রাজার সেই ইতিহাসের সারমর্মকে চ্যালেঞ্জ জানায়। সে প্রমাণ করে—”মানুষ জন্মিয়াছে, দুঃখ পাইয়াছে, কিন্তু ভালোবাসা ও সৃষ্টিশীলতার মাধ্যমে সে জীবনকে জয়ও করিয়াছে।”
নস্টালজিয়ার কাব্য ও স্মৃতির শোধন
রাজার মন্ত্রীর বাক্যটি যতই নির্মম হোক, তার গভীরে রয়েছে এক নস্টালজিক কাব্য। আমরা আমাদের শৈশবের স্মৃতিচারণ করি—সেই ‘স্বপনের মতো ছেলেবেলা’, যেখানে হৃদয় ছিল কবিতা মাখানো এবং প্রকৃতি ছিল কবিতাময়। সেই পূরণিমা রাতে নদীতীরে বসে তারকারাশি গোনা—এইসব স্মৃতি আজ এত মধুর কেন? কারণ আমরা জানি, সেই দিনগুলো চলে গেছে; দুঃখের বাস্তবতা সেই স্মৃতিকে আরও বেশি মূল্যবান করে তুলেছে।
দুঃখ হলো স্মৃতির শোধনকারী। এটি জীবনের অপ্রয়োজনীয় জটিলতা, বিদ্বেষ, অহংকার—সব ঝেড়ে ফেলে দেয়। টিকে থাকে কেবল ভালোবাসার সুবাস এবং নির্ভেজাল মুহূর্তগুলোর স্মৃতি। কষ্ট পাওয়ার অভিজ্ঞতা আমাদের সেই হারানো ‘পূর্ণিমা রাত’-কে পুনরায় মনের পর্দায় ফিরিয়ে এনে বেঁচে থাকার রসদ যোগায়। আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই কেবল সেই সুন্দর মুহূর্তগুলো পুনরুদ্ধারের আশায়, যা দুঃখের ভেলায় চেপে আমরা হারাতে বসেছিলাম।
সংগ্রামের দুঃখবোধে লুকিয়ে থাকা সৃষ্টির সুখ:
দুঃখবোধের এই অনুভব জীবনের এক অনিবার্য সত্য। আলীকদম কলেজ প্রতিষ্ঠার মহৎ যাত্রায় আমরা ক’জন যে দুঃখের মুখোমুখি হয়েছি, তা কোনো ব্যর্থতার গ্লানি নয়, বরং সৃষ্টির বেদনা। যখন দু’চারজন অকালকুষ্মাণ্ড হয়রানি করেছে, মিথ্যা মামলায় আমাদের আদালতের কাঠগড়য় দাঁড় করিয়েছে, তখন সেই অভিজ্ঞতা নিঃসন্দেহে যন্ত্রণাদায়ক। এই দুঃখ যেন একটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি, যেখানে আঘাতপ্রাপ্ত হলেও ভেতরে জন্ম নেয় এক দুর্নিবার শক্তি। কারণ, মহৎ কর্মের পথে বাধা আসেই—এটি প্রকৃতিরই নিয়ম।
তবে এই দুঃখের মাঝে লুকিয়ে আছে এক গভীর সুখের রেশ—যা মহৎ সৃষ্টির আনন্দ। কুপমণ্ডুক গোষ্ঠীর গুজব বা অপপ্রচার কখনোই সেই অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না, যা শিক্ষা ও আলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আমরা থেমে যায়নি, যাবোও না—কারণ দুঃখের এই ভেলাটি গন্তব্যের বন্দরে ভিড়েছে। এই সংগ্রামী দুঃখবোধ প্রমাণ করে, আলীকদম কলেজ কেবল স্থাপনা নয়; এটি স্থানীয় প্রশাসন ও শিক্ষানুরাগী মহলের অদম্য ইচ্ছাশক্তি, ত্যাগ ও বিজয়ের এক উজ্জ্বল প্রতীক।
পৃথিবী কবির কারাগার এবং কল্পনার মুক্তি:
কবির এই সুন্দর পৃথিবীকেও ‘কারাগার’ ঘোষণা করেন। “এমন পৃথিবী এও কারাগার / কবির মনের কাছে! / সীমায় আটক আছে!” প্রকৃতি শোভার আকর হলেও, মানুষ নিজেকে সীমার জালে আবদ্ধ দেখে। সীমায় আটক থাকার বেদনা থেকেই জন্ম নেয় সৃষ্টির প্রেরণা। কবি তাই মনের মধ্যে ‘বিজন কানন’ গড়েছেন। এই বন হলো তাঁর কল্পনার আশ্রয়, তাঁর শিল্পের জগৎ। দুঃখ হলো সেই বীজ, যা থেকে কল্পনা এবং সৃজনশীলতার গাছটি বেড়ে ওঠে। প্রতিটি সৃষ্টি মূলত জীবনের দুঃখের কারাগারে বসে স্বাধীনতার স্বপ্ন দেখার ফল। দুঃখ যত প্রবল হয়, সৃষ্টি ততটাই মহৎ হয়।
ভালোবাসার কাছে চূড়ান্ত আত্মসমর্পণ:
জীবনের শেষ পর্যায়ে এসে কবি দুঃখের সারমর্মকে জয় করেন প্রেমের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। তিনি উপলব্ধি করেন, জগৎ তাকে কারাগার দিলেও, দুটি হৃদয়ের মিলনে এক খণ্ড মুক্তি সম্ভব। “আমার এ মন সঁপিয়া তোমারে / লইব তোমার মন।” এখানে প্রেম কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়; এটি হলো জীবনীশক্তির চূড়ান্ত অঙ্গীকার। ভালোবাসা আমাদের শেখায় যে, যদিও পৃথিবী কবির নয়, তবু ভালোবাসা এবং কবিতার কোলে আশ্রয় নিয়ে সুখের স্বপন দেখিয়া দেখিয়া জীবনকে একটি সার্থক সমাপ্তি দেওয়া সম্ভব। দুঃখ হলো সেই তিক্ততা, যার বিপরীতে প্রেমের মিষ্টতা আরও উজ্জ্বল হয়ে ওঠে।
রাজার মন্ত্রীর সেই বাক্যটি সত্য। কিন্তু এই সংক্ষিপ্ত ইতিহাসে যে অংশটি বাদ পড়েছিল, তা হলো—মানুষ জন্মিয়াছে, দুঃখ পাইয়াছে বটে, কিন্তু লড়াই করিয়াছে, ভালোবাসিয়াছে, এবং সৃজনশীলতার মাধ্যমে জীবনের অর্থ তৈরি করিয়াছে। আমাদের কষ্টবোধ কোনো দুর্বলতা নয়; এটি আমাদের অজেয় প্রেরণা, যা বারবার স্বপ্ন দেখতে, ভালোবাসা দিতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে কবিতা দিয়ে রাঙিয়ে তুলতে উৎসাহিত করে। দুঃখের ভেলায় চেপেই আমরা জীবনের অপর পাড়ে থাকা সুখের নিশা অবসান করতে সক্ষম হই।
লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পা. জেলা।
তারিখ: ১৫ নভেম্বর ২০২৫।
আপনার মতামত লিখুন :