
মাদক ও অপরাধ নির্মূলে সবাইকে নিয়ে কাজ করতে চান বলে উল্লেখ করেছেন নব যোগদানকৃত বান্দরবানের আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে থানায় অফিসার ইনচার্জ তাঁর অফিস কক্ষে আলীকদমে কর্মরত প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন।
এসময় আলীকদম থানার তদন্ত ওসি মোজাফফর হোসেন, এস আই রিদুয়ানুল ইসলাম, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক সম্পাদক জয়দেব রাজসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আলীকদম থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, পুলিশ জনগণের বন্ধু, বন্ধু হয়ে কাজ করবে। সাধারণ মানুষের সেবক হিসেবে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সবাইকে নিয়ে কাজ করব।
‘মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা হলেও আলীকদমকে মাদক পাচারের রাস্তা হিসেবে ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে নবাগত ওসি বলেন, মাদকদ্রব্যের সাথে জড়িতরা কে কার ভাই, আত্মীয় বা মিত্র তা দেখা হবে না। দেখা হবে অপরাধী হিসেবে। অপরাধীকে কোন ছাড় দেওয়া হবে না।
তিনি সকলের সহযোগিতায় এই উপজেলাকে মাদকদ্রব্য মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :