লাব্বাইকের সুর


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন /
লাব্বাইকের সুর

।। মমতাজ উদ্দিন আহমদ।।

হজ তো একটি স্তম্ভ, শক্তি যার ধরে,

ফরজ হয়েছে তারে, ইসলাম যা বলে।

কাবা শরীফের মায়া, টানে ভক্তের মন,

সরস হৃদয় ছুটে, মানে না বারণ।

‘লাব্বাইক’ ধ্বনি জাগে আকাশেরও গায়,

পাগল প্রেমিক ছুটে, বিরল তৃষ্ণা জুড়ায়।

ইহরামের ত্যাগে আরাম নাহি চায়,

তাওয়াফের ঘোরে মন, প্রেমেরি সেথায়।

সাঈর ব্যাকুলতা, রহমতেরই আশে,

আরাফাতে কাঁদে প্রাণ, নয়নে জল ভাসে।

মিনায় যখন পাথর ছোড়ে মুমিনেরা ধায়,

শয়তানের প্ররোচনা দূরে চলে যায়।

কুরবানীর ত্যাগে প্রিয় বস্তু উৎসর্গিত হয়,

তাকওয়া এলে জীবনে নতুন আলো রয়।

ধৈর্য আর সহানুভূতির জাগরণ তখন,

বদলে দেয় মানুষের ভেতরের ভুবন।

হজ শুধু ইবাদত নয়, ঐক্যেরও ছবি,

বিশ্বের মুসলিম এক, নাহি ভেদাভেদি।

ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধে একই তো ডোরে,

এসো অনুধাবন করি, প্রেম জাগাই ওরে।

নিয়ত তো ফরজ, শুধু ভ্রমণ কোরো না,

গোসল সুন্নত আগে, জানিও ঠিকানা।

মহিলাদের ইহরাম তাদের পোশাকেই,

মুখ আর কবজি খোলো, দ্বিধা রেখো না কভুতেই।

তালবিয়া পাঠ সুন্নত, এ কথা স্মরণে রেখো,

অন্তরে বিশ্বাস ভরে, প্রভুর দিকে দেখো।

কুদুম তাওয়াফ মক্কায় প্রথম কাজ,

সাঈ রোকন মুখ্য, এ কথাতে নেই লাজ।

আরাফাতে স্থিতি, প্রধান যে রোকন,

মুযদালিফায় রাত, সুন্নতেরি লক্ষণ।

মিনায় কঙ্কর মারা ওয়াজিব বিধান,

কুরবানীও তাই, মানে মুসলমান।

মাথা মুণ্ডানো কিম্বা কেশ ছেঁটে লওয়া,

তাওয়াফে যিয়ারত ফরজেরি দেওয়া।

বিদায়ী তাওয়াফ মক্কা ছাড়ার আগে,

ওয়াজিব এ বিধান, মানো অনুরাগে।

আল্লাহর প্রেম, ঈমানের শেকড় জানি ভাই,

দুনিয়ার সকল ভালোবাসা তার কাছে ছাই।

আনুগত্যের পথে চালায় এ প্রেমেরি টান,

রাসূলের অনুসরণেই মিলে পরিত্রাণ।

আদেশ মানিলে বাড়ে অন্তরের ভক্তি,

নিষেধ পালনে হয় কামনা বিলুপ্তি।

কষ্টেও ধরিতে হয় সবরেরই হাল,

নেয়ামতে ভরে ওঠে কৃতজ্ঞ বিশাল।

তখনই তো আল্লাহর প্রেম জাগে প্রাণে,

আলো ঝলমল করে মুমিনের ধ্যানে।

16/05/2025