আলীকদমে মুর্তি ভাংচুর : ১০ ম্রোসহ ১ মার্মার বিরুদ্ধে মামলা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন /
আলীকদমে মুর্তি ভাংচুর : ১০ ম্রোসহ ১ মার্মার বিরুদ্ধে মামলা

আলীকদম (বান্দরবান), ২৩ মে: বান্দরবানের আলীকদম উপজেলার ০২নং চৈক্ষ্যং ইউপিস্থ মারাইংতং জাদী মহা বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয়ের পবিত্রতা নষ্টের অভিযোগে এ মামলাটি করেন স্থানীয় হেডম্যান অং হ্লা চিং।

গত ২২ মে রাতে আলীকদম থানায় রুজু হওয়া মামলা নং- ৪। মামলার এজাহারে বলা হয়, গত ২১ মে আনুমানিক বিকাল ৩টা ৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। মামলায় চংপাত ম্রো (হেডম্যান, ২৮৫নং সাঙ্গু মৌজা), উথোয়াই মার্মা জয়, মিয়ং ম্রো, রেংচং ম্রো, লুকুত ম্রো, ঞাবুট ম্রো, তাতুই ম্রো, সাকতাই ম্রো, ওয়েডিং ম্রো, সাকনাই ম্রো, মাংওয়াই ম্রো এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হুকুমদাতার নির্দেশে বেআইনীভাবে জনতাবদ্ধ হয়ে অভিযুক্তরা বিহারে অনধিকার প্রবেশ করে এবং ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে পবিত্র বস্তু ধ্বংস, নষ্ট বা অপবিত্র করে এবং ক্ষতিসাধনসহ ভয়ভীতি প্রদর্শন করে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।