আলীকদমে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন /
আলীকদমে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান):

মঙ্গলবার ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রিক শৃঙ্খলা বজায় রাখতে আলীকদমে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে জনসমাগম হলে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হতে পারে—এমন আশঙ্কায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার-২১ এপ্রিল থেকে পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞাসমূহ:

পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজ এলাকার মধ্যে নিম্নোক্ত বিষয়গুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে:

১. সকল ধরনের সভা-সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার।

২. পরীক্ষা কেন্দ্র এলাকার সীমানার মধ্যে ফটোকপি মেশিন বাধ্যতামূলকভাবে বন্ধ রাখা।

৩. সকল ধরনের শব্দ উৎপাদনকারী যন্ত্র বা মাইক ব্যবহার।

পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কে স্বাভাবিক নিয়মে চলাচলকারী যানবাহন, কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ এলাকা লাল পতাকার মাধ্যমে চিহ্নিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।