
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী তার নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন। শনিবার (১৫ নভেম্বর) সকালে লামা-আলীকদম উপজেলা সদরসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। এর আগে লামা উপজেলার আজিজনগর ও ফাইতং এলাকায় তিনি পথসভায় অংশগ্রহণ করেন।
শনিবার বিকেলে আলীকদম বাজারে অনুষ্ঠিত পথসভায় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী ভোটারদের উদ্দেশে বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে, তবে আমি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ জনগণের অধিকার প্রতিষ্টা ঘটাতে কাজ করব।”
তিনি আরও বলেন, অতীতে আলীকদম উপজেলার উন্নয়নে আমার অনেক অবদান রয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে।

নেতাকর্মীদের উপস্থিতি ও প্রত্যাশা: পথসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিটুন, জাহাঙ্গীর আলম সহ জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, জেলা মহিলা দলের সভানেত্রী নীলতাজ বেগম, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লীনা, কৃষক দলের সাধারণ সম্পাদক মনির ভুইয়া এবং শ্রমিক দলের আবু তাহের সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, প্রথম পথসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপি প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া তৈরি করেছে। তারা আশা ব্যক্ত করেন, আগামী নির্বাচনে বিপুল ভোটে সাচিংপ্রুকে জয়যুক্ত করে বান্দরবানের এই আসনটি তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবেন।
পথসভাশেষে সাচিংপ্রু জেরী লামা-আলীকদমের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সাথে তিনি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :