আলীকদমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ন /
আলীকদমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলীকদম প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমালা অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

পরে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল রানা, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভোরে শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পুরো উপজেলায় শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করে।