
আলীকদম (বান্দরবান), ০৩ জুন ২০২৫: গত ১৬ মে আলীকদম উপজেলার ১নং ইউনিয়নের পানবাজার কলারঝিরি জবিরাম কারবারি পাড়া (ত্রিপুরা পাড়া) এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের দুই সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা ও একটি গাভী প্রদান করা হয়েছে।
আজ ০৩ জুন ২০২৫ তারিখ বেলা ১২টায় আলীকদম উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলীকদম ম্রো স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি সেথং ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।
অনুষ্ঠানে নিহত পরিবারের হাতে নগদ বিশ হাজার টাকা ও একটি গাভী তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “সড়ক দুর্ঘটনায় দুটি তাজা প্রাণের অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও সাধ্যমত সহযোগিতা করবে।”
কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, “এই কঠিন সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই সামান্য সহায়তা তাদের কিছুটা হলেও উপকারে আসবে বলে আশা রাখি।”
আলীকদম ম্রো স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি সেথং ম্রো উপজেলা প্রশাসনকে এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সহায়তা পাওয়া পরিবারটি এই অপ্রত্যাশিত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :