
আলীকদম (বান্দরবান), ২৮ মে ২০২৫: বান্দরবানের আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তামাক চাষের কুফল নিয়ে আলোচনা করা হয় এবং কৃষকদের মসলা চাষে উৎসাহিত করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানার সভাপতিত্বে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা জামায়াতের সভাপতি মাশুক এলাহী, আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংসানু মার্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রফুজ বড়ুয়া ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহদ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তামাক চাষ কমিয়ে এনে রবিশস্যসহ মসলা জাতীয় চাষাবাদে এগিয়ে আসার জন্য কৃষকদের আহ্বান জানান। তাঁরা বলেন, তামাক শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, বরং এটি জমির উর্বরতাও হ্রাস করে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর বিপরীতে মসলা জাতীয় ফসল চাষাবাদ একদিকে যেমন লাভজনক হতে পারে, তেমনি তা পরিবেশবান্ধবও বটে।
এছাড়াও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শিক্ষক এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় মসলার উন্নত জাত ও তার চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মসলার উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি বিশেষজ্ঞরা।
উপজেলা কৃষি অফিসার সোহেল রানা জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মসলার উন্নত জাত সরবরাহ এবং আধুনিক চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর ফলে উপজেলার মসলা উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন তাঁর বক্তব্যে কৃষি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি স্থানীয় কৃষক-কৃষাণীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :