
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলীকদম উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়। আলীকদম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আলীকদম রেস্ট হাউজে অনুষ্ঠিত এই স্মরণসভায় নজরুলের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ছাফা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে নজরুলের জীবনের নানা দিক তুলে ধরেন। মমতাজ উদ্দিন আহমদ বলেন, নজরুল শুধু একজন কবি ছিলেন না, বরং দ্রোহ, প্রেম ও মানবতার এক প্রতীক। তিনি বলেন, নজরুলের জীবন শুরু হয়েছিল চরম দারিদ্র্যের মধ্য দিয়ে, কিন্তু অভাব তাঁর ভেতরের অদম্য সত্তাকে দমাতে পারেনি। ১৯১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি সৈনিক হিসেবে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। সেখান থেকেই তাঁর মধ্যে দ্রোহের স্ফূরণ ঘটে।

মমতাজ উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে আরও বলেন, নজরুলের কবিতা ও গান পরাধীনতার শৃঙ্খল ভাঙার মন্ত্র ছিল। ‘বিদ্রোহী’ কবিতাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক অগ্নিগোলক হয়ে উঠেছিল। তিনি ‘কারার ঐ লৌহকপাট’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানের উদাহরণ দিয়ে বলেন, এই গানগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনাগুলোতে মুক্তিকামী মানুষ ও ছাত্র-জনতাকে প্রবলভাবে অনুপ্রাণিত করেছে।
নজরুলের সামাজিক ও রাজনৈতিক দর্শনের ওপর আলোকপাত করে তিনি বলেন, নজরুল সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে ছিলেন। তার ‘নারী’ কবিতায় তিনি নারীদের প্রাপ্য সম্মান ও অধিকারের কথা তুলে ধরেছেন। মমতাজ উদ্দিন বলেন, আলীকদম কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় নজরুলের এই দর্শন আরও বেশি প্রাসঙ্গিক।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, আলীকদম প্রেসক্লাব সেক্রেটারি এসএম জিয়াউদ্দিন জুয়েলসহ কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতৃবৃন্দ। বক্তারা নজরুলের আদর্শকে ধারণ করে একটি ন্যায় ও সমতার সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
স্মরণসভার সভাপতি নুরুল ছাফা বাবু তার বক্তব্যে বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা এবং শোষণের বিরুদ্ধে আপসহীন মনোভাব সকল মুক্তিকামী মানুষের জন্য এক শক্তিশালী হাতিয়ার। তিনি আশা প্রকাশ করেন যে, নজরুলের অমর সৃষ্টি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে এবং একটি শোষণমুক্ত দেশ গড়তে অনুপ্রাণিত করবে।
আপনার মতামত লিখুন :