আলীকদম জোনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ৪:৩১ পূর্বাহ্ন /
আলীকদম জোনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ

আলীকদম (বান্দরবান), ১৬ মে ২০২৫: বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ ব্রিগেড এর অধীনস্থ আলীকদম জোন গতকাল বৃহস্পতিবার লামা ও আলীকদমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কল্যাণমূলক সংস্থার প্রধানদের মাঝে ২ লক্ষ ৮৫ হাজার টাকা নগদ অনুদান বিতরণ করেছে।

আলীকদম জোন (৩১ বীর) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গতকাল বেলা সাড়ে ১১টায় আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে এই অনুদান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

জোনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরিব ও দুঃস্থ পরিবার এবং উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের খাবার খরচ এবং চিকিৎসা সহায়তার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল এই অনুদান বিতরণ করা হয়। এছাড়াও, অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে কয়েকজন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ, পিএসসি। অন্যান্যদের মধ্যে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, “জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি আলীকদম জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

আলীকদম জোনের এই উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়।