
আলীকদম বাজার টাউন হলটি কীভাবে বেদখল হয়েছে, সে বিষয়ে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত জানতে চেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বৃহস্পতিবার (১৫ মে) তিনি এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবের কাছে টাউন হল ভাড়া চুক্তির নথি চেয়েছেন। ইউএনও জানিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
জানা যায়, আলীকদম বাজার টাউন হলটি দীর্ঘ ১৫ বছর ধরে ‘নাছির স্টোর’ নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক বেদখল হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, একটি বিতর্কিত ভাড়ার চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এটি ব্যবহার করছে, যা আইনসম্মত নয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সাংবাদিকদের জানান, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং এর সত্যতা যাচাইয়ের জন্য কাজ করছি। ইউনিয়ন পরিষদ থেকে নথিপত্র পাওয়ার পর আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।”
স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে তাদের ঐতিহ্যবাহী টাউন হলটি দখলমুক্ত হবে এবং পুনরায় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :