
এপিসি ডেস্ক: গত ২২ জুন ২০২৫ তারিখে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্যং চিনার বাজার হতে গাড়িতে উঠে মাদরাসায় যাওয়ার প্রাক্কালে মোহাম্মদ আরফাত (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। আরফাত চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি পাড়ার নাছির উদ্দিন ও আয়েশা বেগমের পুত্র। এ ঘটনায় আরফাতের বাবা নাছির উদ্দিন আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার ডায়েরি নং- ৬৭, তারিখ: ০২/০৭/২০২৫ খ্রি.।
থানায় রুজু হওয়া ডাইরী সূত্রে জানা গেছে, আরফাত আলীকদম উপজেলার চিনারী বাজার থেকে চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালী এশফাকুল মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। সে ওই মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। তবে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি অব্যাহত আছে। পরিবারের লোকজন কোনো সহৃদয়বান ব্যক্তিদের ছাত্রটির খোঁজ পেলে জানানোর অনুরোধ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আলীকদম থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো: মিনহাজুল ইসলাম জানান, নিখোঁজ মাদরাসা ছাত্রের বিষয়ে থানায় ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, যে গাড়িতে করে ছাত্রটি চকরিয়ার উদ্দেশে গিয়েছিল, সেই গাড়ির ড্রাইভার বা স্টাফের পরিচয় পাওয়া গেলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারত। পুলিশ এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :