
আলীকদম ৩ জুলাই ২০২৫: আলীকদম উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আলীকদম কলেজের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের সংশোধিত লে-আউট গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্মাণকারী প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. এরশাদ, কাজের ঠিকাদার এলিচ রায়হান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো এবং আলীকদম প্রেসক্লাবের সভাপতি ও কলেজের উদ্যোক্তা সদস্য মমতাজ উদ্দিন আহমদ।
জানা গেছে, ২০২৩ সালের ১০ জুলাইয়ের আগে পর্যন্ত আলীকদম উপজেলা ছিল দেশের একমাত্র কলেজবিহীন উপজেলা। সেই বছরের ১০ জুলাই তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে আলীকদম কলেজ প্রতিষ্ঠাকল্পে প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং এরপর থেকেই কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ২ জুন তৎকালীন পার্বত্যমন্ত্রীর নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেয়। ২০২৫-২০২৬ অর্থবছরে ৫ তলা ফাউন্ডেশনের একাডেমিক ভবন নির্মাণে গ্রাউন্ড ফ্লোরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। সম্প্রতি কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত গ্রাউন্ড ফ্লোরের মধ্যে থাকছে ২টি শ্রেণিকক্ষ, অধ্যক্ষের কক্ষ, শিক্ষক ও অফিস রুম, ৭টি বাথরুম, ১টি লিফট এবং ১টি সিঁড়ি। পূর্বের ফ্লোর প্ল্যানের কিছুটা রদবদল করে নতুন এই লে-আউট দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. এরশাদ জানান, সর্বোচ্চ আন্তরিকতা ও গুণগত মান বজায় রেখে আলীকদম কলেজের একাডেমিক ভবনের কাজটি সম্পাদন করা হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কাজে আমাদের নির্মাণ কাজ তদারকির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার থাকে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ কাজ সম্পন্ন করতে পারলে মানসিক পরিতৃপ্তি পাওয়া যায়।
কলেজের উদ্যোক্তা সদস্য মমতাজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ইতোমধ্যে আলীকদম কলেজের অনুকূলে ৮.৫৪ একর জমি দানপত্র ও ক্রয়সূত্রে দলিলপত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠাকালীন ইউএনও জাবের মোঃ সোয়াইব অবদানের পর আলীকদম কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়নের ক্ষেত্রে বর্তমান ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে। উপজেলা প্রশাসন ছাড়াও জেলা প্রশাসনের আর্থিক অনুদান ও সহযোগিতা পাচ্ছে আলীকদম কলেজ।
তিনি বলেন, আলীকদম কলেজের উন্নয়ন কাজের মধ্যে অত্যাধুনিক সুবিধাসম্বলিত ৫ তলা ফাউন্ডেশনের একাডেমিক ভবণের নির্মাণ কাজ শুরু হয়েছে। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে কলেজের জমিতে সীমানা প্রাচীর ও আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন রেখে কলেজ গেট নির্মাণ কাজ চলছে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, চলতি অর্থবছরের মধ্যেই একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোর, সীমানা প্রাচীর ও কলেজ গেট নির্মাণ শেষ হবে। এছাড়া, চলতি শিক্ষাবর্ষেই আলীকদম কলেজের পাঠদান অনুমতি পাওয়া যাবে এবং নিজস্ব ক্যাম্পাসেই কলেজের পাঠদান কার্যক্রম শুরু হবে।
আপনার মতামত লিখুন :