
আলীকদম (বান্দরবান), ৩১ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের অন্যান্য উপকূলীয় এলাকার মতো আলীকদম উপজেলায়ও বৈরী আবহাওয়া বিরাজ করছে।
বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও দমকা হাওয়া দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, আজ (শনিবার) আলীকদম উপজেলায় আকস্মিক দুর্যোগে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন জানিয়েছেন, কুরুকপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেনরত পাড়ায় বাড়ির উঠানের গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (পিতা- রিংয়ং ম্রো, মাতা- নংপাও ম্রো) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ফসল ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। বর্তমানে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং বিদ্যুৎ বিভাগ দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।

উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার এবং দুর্যোগকালীন নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। উপজেলার কোথাও জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন হলে জানাতে অনুরোধ করেছেন ইউএনও মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
আপনার মতামত লিখুন :