
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম
বান্দরবানের আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক জামাল উদ্দিনের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির ১৯৯২ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের হাতে গড়ে তোলার কারিগর হিসেবে দায়িত্ব পালন করে আসা এই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয় এই বিদায় অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদমের সাবেক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা বিএনপির সদস্য মাশুক আহমদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী ভূট্টো, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাশুক এলাহী, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেলা রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন এবং আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে জামাল উদ্দিন স্যারের কর্মজীবনের স্মৃতিচারণ করেন তাঁর সহকর্মী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তারা বলেন, “তিনি শুধু শিক্ষক ছিলেন না—তিনি ছিলেন আলীকদমের এক বাতিঘর, যিনি পাহাড়ি জনপদে নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
বিদায়ী শিক্ষক জামাল উদ্দিন আবেগময় কণ্ঠে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা মানুষ হও, সত্যিকারের মানুষ। এই বিদ্যালয় আমার প্রাণ, এখানকার প্রতিটি দেয়ালে আমার স্মৃতি বাঁধা।”
অনুষ্ঠানে জামাল উদ্দিন স্যারকে ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও স্মারক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এটি ছিলো শুধু একজন শিক্ষককে বিদায় জানানো নয়—একটি যুগ, একটি ইতিহাসকে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানানোর মুহূর্ত।
আপনার মতামত লিখুন :