আলীকদমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সেমিনার ও প্রদর্শনী শুরু


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন /
আলীকদমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সেমিনার ও প্রদর্শনী শুরু

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।

২৩ মে (শনিবার) সকাল ১০টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতায় ছিল আলীকদম উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. মোঃ রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল হামিদ।

সেমিনারে বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির সঠিক ব্যবহার, আধুনিক বিজ্ঞানভিত্তিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে লাগসই প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করেন। বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করা এবং স্থানীয় তরুণ উদ্ভাবকদের নতুন নতুন আবিষ্কারে উৎসাহিত করতেই এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সেমিনারের পাশাপাশি হলরুমে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও লাগসই প্রযুক্তির প্রদর্শনী করা হয়, যা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল ও আগ্রহের সৃষ্টি করে। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীটি আগামীকালও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

উদ্বোধনী দিনের এই সেমিনার ও প্রদর্শনীতে স্থানীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।