
এপিসি ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।
বিজিবি সদর দপ্তর ও ৫৭ বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে টহল ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারাদেশে বিজিবি সদস্যরা পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি ৩৭ হাজারেরও বেশি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আছেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে দ্বীপ ও দুর্গম এলাকা ব্যতীত ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে।
আলীকদম ও লামার চিত্র: বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতায় বান্দরবান সেক্টরের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক আলীকদম ও লামা উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৩০০-বান্দরবান সংসদীয় আসনের অন্তর্গত এই দুই উপজেলার ৬২টি দুর্গম ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৫টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত ইউনিট: নির্বাচনী নিরাপত্তায় এবার যুক্ত করা হয়েছে বিজিবির বিশেষায়িত কেএন-৯ (K-9) ডগ স্কোয়াড। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়: র্যাপিড অ্যাকশন টিম (RAT), হেলিকপ্টার সেবা ও কুইক রেসপন্স ফোর্স (QRF) সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রতিটি বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুশীলনের মাধ্যমে পেশাগতভাবে আরও দক্ষ করে তোলা হয়েছে।
৫৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী আশা প্রকাশ করেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকায় যাতে কোনো ধরণের চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য বিজিবি গোয়েন্দা নজরদারিও কয়েকগুণ বৃদ্ধি করেছে।
আপনার মতামত লিখুন :