আলীকদমে যৌথ অভিযানে ৪ ডাম্পার ও স্ক্যাভেটর জব্দ, ৫ লাখ টাকা জরিমানা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন /
আলীকদমে যৌথ অভিযানে ৪ ডাম্পার ও স্ক্যাভেটর জব্দ, ৫ লাখ টাকা জরিমানা


স্ক্যাভেটর মালিক ও চালকের বিরুদ্ধেও মামলা

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের যৌথ অভিযানে চারটি ডাম্পার গাড়ি ও একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে। এই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দিবাগত রাতে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়তলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


রাত আনুমানিক ১২টা থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এই যৌথ অভিযান চলে। আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীম (৩১ বীর) এর নেতৃত্বাধীন বিশেষ টহল দলের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এতে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারায় অবৈধভাবে মাটি কাটার দায়ে স্ক্যাভেটর মালিক ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ৫ লাখ টাকা অর্থদণ্ড ও মাটি ভর্তি তিনটি ডাম্পার গাড়ি (চট্টমেট্রো-য়-৩৮১, চট্টমেট্রো-অ-৩৬৯, চট্টমেট্রো-য়-৬১৭৭) এবং একটি স্ক্যাভেটর (রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার-ন-০০৯৭) জব্দ করা হয়। স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজন ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত প্রতিটি গাড়ির মালিককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, স্ক্যাভেটর মালিক আব্দুর রহমান (৩৫), পানবাজার, আলীকদম, এবং স্ক্যাভেটর চালক আরাফাত হোসেন (১৭), পূর্ব কলাওজান, লোহাগড়া, চট্টগ্রাম।


অভিযান শেষে অভিযুক্ত ব্যক্তি এবং জব্দকৃত ডাম্পার ও স্ক্যাভেটর আলীকদম থানা পুলিশের সহায়তায় থানা হেফাজতে নেওয়া হয়। প্রশাসন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে।


আলীকদম জোনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।