আলীকদমে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম চ্যালেঞ্জিং ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ১২:২১ অপরাহ্ন /
আলীকদমে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম চ্যালেঞ্জিং ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর উদ্যোগে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম চ্যালেঞ্জিং দৌড় প্রতিযোগিতা ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন – এডিশন থ্রি’। আজ শুক্রবার ভোরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দৌড় শুরু হয়। এই ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক শতাধিক দৌড়বিদ অংশ নেন।

এবারের এই চ্যালেঞ্জিং দৌড় অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত আলীকদম–পোয়ামুহুরী সড়ক ধরে কুরুকপাতা পর্যন্ত। আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এ রুটটি দৌড়বিদদের জন্য বাড়তি অ্যাডভেঞ্চার এবং কঠিন চ্যালেঞ্জ তৈরি করে। এর আগে ২০২৩ সালে দেশের সর্বোচ্চ মোটরেবল সড়ক আলীকদম-ডিম পাহাড়-থানচি সড়কে এবং গত বছর বান্দরবান-চিম্বুক সড়কের বাঁকে বাঁকে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল।

২৫ কিলোমিটার ও ৫২ কিলোমিটার—এই দুই ক্যাটাগরির আল্ট্রা ম্যারাথনে তরুণ থেকে শুরু করে সত্তরোর্ধ বিভিন্ন বয়সের ৪৩৫ জন দৌড়বিদ অংশ নেন। নিয়মিত ম্যারাথনের চেয়েও দীর্ঘ দূরত্ব অতিক্রম করায় ইভেন্টটি বিশেষভাবে গুরুত্ব বহন করে।

৫২ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. সাজ্জাদ হোসাইন।

নারী বিভাগে প্রথম হয়েছেন সিফাত ফাহমিদা ইতি এবং জ্যেষ্ঠ বিভাগে চ্যাম্পিয়ন মো. আমিনুর রহমান। ২৫ কিলোমিটার ক্যাটাগরিতে পুরুষ বিভাগে প্রথম আবদুল্লাহ আল নোমান, নারী বিভাগে সৈয়দা ফাতেমি ওয়ারদা এবং জ্যেষ্ঠ বিভাগে মো. আবদূর রব। শেষ সীমারেখা অতিক্রমের আনন্দে দৌড়বিদদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও তৃপ্তি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

বন্যপ্রাণী সংরক্ষণ ও দাতব্য উদ্যোগ: “For Wildlife, For Earth” (বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য) প্রতিপাদ্যে আয়োজিত এই দৌড়ের মূল লক্ষ্য ছিল পাহাড়ি বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণী, বিশেষ করে রাজধনেশ পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা।

এটি ছিল একটি সম্পূর্ণ দাতব্য উদ্যোগ। ইভেন্ট থেকে অর্জিত উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে আলীকদম ও লামা অঞ্চলের পাহাড়ি শিশুদের শিক্ষা সহায়তায়।

ভার্টিক্যাল ড্রিমার্স-এর সাধারণ সম্পাদক মোঃ আবু নঈম লাভলু জানিয়েছেন, এটি তাদের তৃতীয়বারের মতো আয়োজন। আলীকদম-পোয়ামুহুরী সড়কের কুরুকপাতা অবধি দেশের নানা প্রান্ত থেকে আসা দৌড়বিদরা দৌড়ান। ইভেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিল লিবারেল ফ্যাশন অ্যান্ড প্যাকেজিং, কালার ড্রপ, ট্রাভেল প্রো এবং কিচেন এক্সপার্ট। সার্বিক সহায়তায় ছিল আলীকদম সেনানিবাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, উপজেলা প্রশাসন এবং আলীকদম থানা।