‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি’ প্রতিপাদ্যে আলীকদমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন /
‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি’ প্রতিপাদ্যে আলীকদমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ার আহ্বান বক্তাদের

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতির ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বান্দরবানের আলীকদম উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে র‌্যালী, উপজেলা পরিষদ হলরূমে আলোচনা সভা এবং প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আলীকদম উপজেলা এনিমেটর মার্চেল্লো ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, যদি সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হয়, তবে প্রথমেই শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধীদের জন্য সুযোগ বিস্তৃত করতে হবে। সেই সঙ্গে কর্মসংস্থানের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তি ও অবকাঠামোকে অবশ্যই প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজে প্রতিবন্ধীদের প্রতি সম্মান, সহমর্মিতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা অপরিহার্য।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তানভীর হাসান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, কারিতাসের এগ্রো-ইকোলোজি পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি এবং নবনির্মীত আলীকদম কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।

দিবসটি পালনের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও টিউশন ফি তুলে দেওয়া হয়।