
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:
আসন্ন সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভা মেয়র মো: জাবেদ রেজা-কে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিত আলীকদমে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপি, এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার পাহাড়ি-বাঙালি মানুষজন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এই পদযাত্রা উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ শেষে আলীকদম বাজারে বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
আলীকদম প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। কর্মসূচিতে আলীকদম উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার পাহাড়ি-বাঙালি তৃণমূলের মানুষ ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নেতাকর্মীদের ক্ষোভ ও ঐক্যবদ্ধের বার্তা: পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে পড়া জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চল। এই জনপদের আনাচে-কানাচে ঘুরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও রাজপথ এবং নেতাকর্মীদের ছেড়ে যাননি।
জুলফিকার আলী ভুট্টো দাবি করেন, “দল ও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জাবেদ রেজা’কে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা আজ পাহাড়ি-বাঙালি সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি।”
বিভাজন সৃষ্টিকারী নেতৃত্ব প্রত্যাখ্যানের ঘোষণা: আলীকদম বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তার বক্তব্যে দলীয় হাইকমান্ডের প্রতি সরাসরি বার্তা দেন। তিনি বলেন, “এই জনপদে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারী কোনো নেতাকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, পার্বত্য জেলায় ধনী-গরীব এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একজন নেতাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপি হাইকমান্ডের কাছে প্রার্থী পরিবর্তন করে তরুণ প্রজন্মের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা’কে ধানের শীষ প্রতীকে মনোনয়নের দাবিতে আলীকদম উপজেলায় শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা আজ রাজপথ দখল করেছে। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হামিদ, মোহাম্মদ ইউনুচ ও আবুল কালাম প্রমুখ।
নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, দলীয় হাইকমান্ড তাদের এই শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত দাবির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন।
আপনার মতামত লিখুন :