
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে কৃষকের জালে ধরা পড়া একটি ৭ ফুট লম্বা অজগর সাপ মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।
উপজেলার নয়াপাড়া এলাকার কৃষক মো. শামিমের বাড়ির পাশের একটি পুকুরে অজগরটি মাছ খেতে এসে জালে আটকা পড়ে। পরে খবর পেয়ে আলীকদম বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করে।
এ বিষয়ে আলীকদম বন বিভাগের বিট কর্মকর্তা রনি পারভেজ জানান, উদ্ধার হওয়া অজগর সাপটি প্রায় ৭ ফুট লম্বা এবং এটি একটি বিরল প্রজাতির। তিনি বলেন, “এই সাপগুলো এখন বিলুপ্তির পথে। এটি পুকুর থেকে মাছ খাওয়ার জন্য এসে জালে আটকা পড়ে। পরে এটি উদ্ধার করে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।”
বন বিভাগের এই উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।
আপনার মতামত লিখুন :