
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম, ৩০ জুলাই: বান্দরবানের আলীকদম উপজেলায় ১৩ বছর বয়সী এক তংচঙ্গা কিশোরীকে ধর্ষণের ফলে সে সাত মাসের অন্তঃস্বত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার (৩০ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মা প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালুকচন্দ্র কারবারি পাড়ার এক নারী (৩৯) তার ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে গতকাল থানায় এসে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অভিযুক্ত সুজন তংচংগ্যা (১৭), যার পিতার নাম নিলু তংচংগ্যা এবং বাড়ি উপজেলার জলন্তমনি পাড়ায়। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী সাগরিকা তংচংগ্যা (১৩) এবং অভিযুক্ত সুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
থানায় দায়েরকৃত অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার সময় ভুক্তভোগীর ভাগ্নে তিলক জয়ের বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত সুজন তংচংগ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও, অভিযুক্ত ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বেশ কয়েক মাস পর ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তার মা বিষয়টি জানতে পারেন। মেয়েটি জানায়, সে বর্তমানে সাত মাসের অন্তঃস্বত্ত্বা। এরপর বাদী সামাজিক লোকজনের মাধ্যমে অভিযুক্ত ও তার পিতা-মাতাকে বিষয়টি জানিয়ে বিয়ের প্রস্তাব দিলেও তারা কোনো কর্ণপাত করেননি এবং স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। অবশেষে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা না হওয়ায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৭, তারিখ: ৩০/০৭/২০২৫ খ্রিঃ) রুজু করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন আলীকদম থানার এসআই মো. আব্দুস সালাম।
এদিকে, ধর্ষণের ঘটনায় গর্ভবতী হওয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়ার পর আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব আমজাদ হোসেনের নেতৃত্বে এসআই মো. আব্দুস সালাম, এএসআই রনেশ ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উল্লেখিত মামলার এজাহারনামীয় সুজন তংচংগ্যা (১৭)-কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, গ্রেফতারকৃত শিশু সুজন তংচংগ্যা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :