আলীকদমে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি উখিয়া থেকে গ্রেফতার


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন /
আলীকদমে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি উখিয়া থেকে গ্রেফতার

আলীকদম, বান্দরবান, ২৯ জুলাই ২০২৫: বান্দরবানের আলীকদমে ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি জালাল আহামদকে (৬৩) কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই (সোমবার) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় চৈক্ষ্যং ইউনিয়নের ফুটেরঝিরি এলাকার বাসিন্দা জালাল আহামদ (পিতা: ওমর কাদের) নামের এক ব্যক্তি তার নিজ বসতঘরে ৬ বছরের এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এই জঘন্য ঘটনার পর গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) শিশুটির মা বাদী হয়ে আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি লিখিত এজাহার দায়ের করেন (মামলা নং-৬, তারিখ-২৪/০৭/২০২৫ইং)।

মামলা রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) মো: হারুন রশীদ অভিযুক্তকে গ্রেফতারে তৎপর হন। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন, এসআই (নি:) মো: হারুন রশীদ, এএসআই (নি:) রনেশ বড়ুয়া, এএসআই (নি:) রাজীব দে’র সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম মামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শনসহ আইনানুগ কার্যক্রমে নিয়োজিত হয়।

অভিযুক্ত আসামি জালাল আহামদ মামলা রুজুর পরপরই তার ব্যক্তিগত মোবাইল ফোন বাড়িতে রেখে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে চৌকস পুলিশ টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে জানতে পারে যে, পলাতক আসামি কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকায় অবস্থান করছেন।

এরই ধারাবাহিকতায় আলীকদম থানার পুলিশ টিম গত ২৮ ও ২৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অবশেষে উখিয়া থানাধীন কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি জালাল আহামদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।