আলীকদম ইউএনও’র বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন /
আলীকদম ইউএনও’র বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রশাসনের সেবায় অনন্য অবদান রেখে গেলেন মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল (২৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে। বিদায়ী ইউএনওকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ। কর্মজীবনের মাত্র আট মাসেই আলীকদমবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া এই কর্মকর্তাকে বিদায় জানাতে মিলিত হন উপজেলাবাসীর প্রতিনিধিরা।

বিদায়ী ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আলীকদমে দায়িত্ব পালনকালে একাধিক উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে নবপ্রতিষ্ঠিত আলীকদম কলেজের বাস্তবায়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। কলেজের লে-আউট চূড়ান্তকরণ, সীমানা প্রাচীর পরিদর্শন ও প্রাথমিক অবকাঠামো নির্মাণকাজ শুরু হয় তাঁর সরাসরি তত্ত্বাবধানে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মাশুক আহমদ, বিএনপি নেতা জুলফিকার আলী ভূট্টো, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন।

সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আরও বক্তব্য দেন আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, নাছির উদ্দিন চেয়ারম্যান, কফিল উদ্দিন চেয়ারম্যান, জয়নাল আবেদীন চেয়ারম্যান, ক্রাতপুং চেয়ারম্যান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয়দেব রানা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও আয়েশা খাতুন প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বিদায়ী বক্তব্যে বলেন, “আলীকদম ছিল আমার হৃদয়ের কাছে। এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমাকে সমৃদ্ধ করেছে। আমি চেষ্টা করেছি নিষ্ঠা ও মানবিকতা নিয়ে কাজ করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারি।”

অনুষ্ঠানের শুরুতে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। শেষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

এ ধরনের বিদায় অনুষ্ঠান শুধু একজন কর্মকর্তার বিদায় নয়, বরং তাঁর কর্ম, সাহচর্য ও মানুষের প্রতি ভালোবাসার মূল্যায়ন—এমনটাই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।