সালাহ উদ্দিনকে নিয়ে মন্তব্য : আলীকদমে বিএনপির বিক্ষোভ


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন /
সালাহ উদ্দিনকে নিয়ে মন্তব্য : আলীকদমে বিএনপির বিক্ষোভ

এপিসি ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘কটূক্তিমূলক’ বক্তব্যের প্রতিবাদে আজ রবিবার (২০ জুলাই) আলীকদমে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে আলীকদম বাজারে পথসভা করেন তারা। রবিবার সকাল ১০টায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

উল্লেখ্য, গত শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে এনসিপি আয়োজিত সমাবেশে মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশে পাটোয়ারী বলেছেন, ‘আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।’ এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে ইঙ্গিত করেন। তিনি আরও অভিযোগ করেন, ‘ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে—কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে।’

তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে আলীকদম উযপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে আলীকদম বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনি. যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হোসন ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।

বিএনপির নেতাকর্মীরা বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু চকরিয়া- কক্সবাজারের নেতা নই তিনি সারাদেশের একজন অবিসংবাদিত নেতা। তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা মানে আমাদের বুকে আঘাত করা। সে জন্য আজ আমরা বিক্ষোভ মিছিলের মধ্যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করলাম। বিতর্কিত মন্তব্যর জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তারা বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু বিএনপির নেতা নয়, দেশের সম্পদ। তাই সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কোন দল বা ব্যক্তি অপপ্রচার করলে রাজপথে কঠোর জবাব দিতে রাজি আমরা।