আলীকদম এসএসসিতে মিশ্র ফল: ক্যান্টনমেন্ট পাবলিক শীর্ষে, বালিকা বিদ্যালয়ে উদ্বেগ


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন /
আলীকদম এসএসসিতে মিশ্র ফল: ক্যান্টনমেন্ট পাবলিক শীর্ষে, বালিকা বিদ্যালয়ে উদ্বেগ

আলীকদম, ১০ জুলাই ২০২৫: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বান্দরবানের আলীকদম উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিশ্র চিত্র দেখা গেছে। বেশিরভাগ বিদ্যালয়ে পাশের হার আশানুরূপ নয়। তবে, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শতভাগ সাফল্য অর্জন করেছে।

উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ফলাফলে দেখা যায়, আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ে ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে। চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫১ জন অংশগ্রহণকারীর মধ্যে পাস করেছে মাত্র ২১ জন, যা উদ্বেগজনক। আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন পাস করেছে।

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে এবং এদের মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল হতাশাজনক; ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৫ জন পাস করতে পেরেছে, যা পাশের হার ৪৪ শতাংশের কম। আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ে ৫৩ জনের মধ্যে ৩২ জন পাস করেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, উপজেলায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেল করার হার তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় ও চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফলাফল শিক্ষাবিদ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয় অভিভাবকরা জানান, এই ফলাফলের কারণ হিসেবে কিছু প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি, শ্রেণিকক্ষে মনোযোগের অভাব এবং নিয়মিত পাঠদানের সমস্যাকে দায়ী করছেন। তবে, ভালো ফলাফল করা আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সফলতা তাদের সুসংগঠিত শিক্ষাপদ্ধতি, প্রশাসনিক নজরদারি এবং নিয়মিত পাঠদানের সুফল বলেও অভিমত বিশেষজ্ঞদের।

শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় জনগণ উপজেলার শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য জোর দাবি জানিয়েছেন।