লামা-আলীকদমে পর্যটক সুরক্ষায় ‘টুরিস্ট সাপোর্ট অ্যাপস’ তৈরির প্রস্তাব


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন /
লামা-আলীকদমে পর্যটক সুরক্ষায় ‘টুরিস্ট সাপোর্ট অ্যাপস’ তৈরির প্রস্তাব

আলীকদম, ১২ জুন ২০২৫: বান্দরবানের লামা এবং আলীকদম উপজেলায় পর্যটন ব্যবস্থাপনাকে আরও সুসংহত ও নিরাপদ করতে একটি ‘টুরিস্ট সাপোর্ট অ্যাপস’ তৈরির প্রস্তাব করা হয়েছে। গ্রীন ইনোভেশন ভলান্টিয়ার্স এর আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু) এই প্রস্তাবনা দিয়েছেন, যা সাম্প্রতিক সময়ে পর্যটক মৃত্যুর ঘটনা এবং তথ্য ব্যবস্থাপনার দুর্বলতার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।

মো. মহিউদ্দিন বন্ধু জানান, এই ‘টুরিস্ট সাপোর্ট অ্যাপস’ চালু হলে লামা এবং আলীকদম উপজেলার পর্যটন ব্যবস্থাপনায় গতি আসবে। এর মাধ্যমে আলীকদম সেনা জোন, বিজিবি, উপজেলা প্রশাসন ও থানা মিলে একটি সমন্বিত পর্যটন ব্যবস্থাপনা গড়ে উঠবে। প্রস্তাবিত এই অ্যাপসের মূল বৈশিষ্ট্য হবে পর্যটকদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন। মহিউদ্দিনের মতে, এই অ্যাপসে নিবন্ধন ছাড়া কোনো পর্যটক লামা এবং আলীকদম উপজেলার পর্যটন কেন্দ্রে আসতে পারবেন না।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে অফলাইনে পর্যটকদের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রিতে অনেক সময় ব্যয় হয়, যা পর্যটকদের ভোগান্তি বাড়ায়। এছাড়া, অনেক পর্যটক সঠিকভাবে প্রশাসনকে তাদের তথ্য দিয়ে যান না। এই সমস্যাগুলো সমাধানের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম অপরিহার্য। অ্যাপস তৈরির অর্থায়ন প্রসঙ্গে মহিউদ্দিন জানান, উপজেলা প্রশাসন চাইলে পর্যটন বিকাশে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বরাদ্দ থেকে একটি প্রকল্প নিয়ে এই অ্যাপসের অর্থায়ন করতে পারে। পাশাপাশি সেনা প্রশাসনও এই উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন করতে পারে।

এদিকে, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ এই প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “আলীকদমের উন্নয়নকে টেকসই করতে পর্যটন শিল্পের বিকল্প নেই। পর্যটন শিল্পকে সমুন্নত করা গেলে আরও বেশি পর্যটক এই এলাকায় আসবে।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজ বৃহস্পতিবার তার অফিসিয়াল ফেসবুক পোস্টে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “একজন মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। পর্যটকরা কোথায় যাবেন, প্রতি ১২ জনের জন্য গাইড নিশ্চিত করা হয়েছে কিনা সে জন্য উপজেলা প্রশাসনের তথ্য সহায়তা বুথে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।”

ইউএনও আরও সতর্ক করে বলেন, “কিছু অসাধু লোক রেজিস্ট্রেশন এবং গাইডসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই পর্যটকদের বিপজ্জনক টুরিস্ট স্পটে নিয়ে যান। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি অমূল্য জীবন রক্ষা ও নিরাপদ পর্যটন নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সবার পরামর্শ কমেন্টবক্সে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

সাম্প্রতিক সময়ে আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনা ঘটছে, যা এই প্রস্তাবনা এবং ইউএনও’র বার্তার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। একটি সমন্বিত অ্যাপস পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই অ্যাপস পর্যটন খাতকে আরও সুসংগঠিত ও নিরাপদ করে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এ ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, অ্যাপস তৈরী করে সমন্বিত পর্যটন ব্যবস্থাপনার প্রস্তাবটি সময়োপযোগী। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও এলাকার লোকজানের চাইলে জেলা পরিষদ সহযোগিতা করতে পারেন।